চাঁদাবাজির নাম 'ঈদ খরচ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত খবর থেকে জানা যায়, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় রূপসাসহ বিভিন্ন নদীর তীরবর্তী ২২টি সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের কাজ চলছে। গত সোমবার ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে লবণচরা এলাকায় সড়ক সংস্কারের কাজ বন্ধ করে দেন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই প্রকৌশলীকে তাঁরা মারধর করেন এবং ইটসহ বিভিন্ন সরঞ্জাম নদীর পানিতে ফেলে দেন। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, ঈদ খরচের জন্য ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিটু মোল্লা কিছু টাকা চেয়েছেন। তারা তা দিতে রাজিও হয়েছে। তারপরও এভাবে সড়ক সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া হলো। তবে সাইফুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেছেন, কাজের মান ভালো হচ্ছিল না, তাই এলাকাবাসী সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছে।

আমাদের প্রশ্ন, কাজের মান যদি খারাপ হয়ে থাকে, সেটা ঠেকানোর পথ কি মালামাল পানিতে ফেলে দেওয়া? তাঁদের যদি মনে হয় নিম্নমানের কাজ হচ্ছে, তাহলে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ করতে পারতেন। তা না করে তাঁরা সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্রকৌশলীদের মারধর করেছেন, যা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত।

উন্নয়নমূলক কাজ শুরু হলে স্থানীয় প্রভাবশালী লোকজন, বিশেষ করে সরকারি দলের লোকজনের সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি যেন একটি দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। এসব দাবি না মিটিয়ে ঠিকাদারদের কাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। এই সংস্কৃতি কঠোর হাতে বন্ধ করতে না পারলে উন্নয়নকাজ ব্যাহত হতেই থাকবে। খুলনার চাঁদার অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিন। দলীয় পরিচয় যেন এ ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়।