বরিশালের বহুল আলোচিত চাঁপা হত্যাকাণ্ডের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কামালের ক্ষমাপ্রার্থনার একটি আবেদন যথেষ্ট প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে সনির্বন্ধ অনুরোধ জানাই, কারাবিধি অনুযায়ী দণ্ডিত ব্যক্তির সুচিকিৎসার সব রকম ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তাঁকে বিদেশে চিকিৎসা করানোর যুক্তিতে যেন ক্ষমা না করা হয়। তা ঘটলে খুব খারাপ একটি নজির স্থাপিত হবে। এটা চাঁপা হত্যার বিচারের দাবিতে এর আগে গড়ে ওঠা দেশের নারী সমাজের আন্দোলনের প্রতি অবজ্ঞা হিসেবেও বিবেচিত হবে।
খুনির সাজা মাফে আইন মন্ত্রণালয়ের সম্মতি প্রত্যাহারের দাবিসরকারের সাধারণ নীতি হলো, উন্নত চিকিৎসার জন্য বিদেশে না যেতে জনগণকে উৎসাহিত করা। অথচ চাঁপার দণ্ডিত প্রভাবশালী ঘাতক, যাঁর চিকিৎসা দেশে সম্ভব বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন, সেখানে প্রধানত বিদেশে চিকিৎসার অজুহাতেই তাঁকে ক্ষমা করার খোঁড়া যুক্তি দাঁড় করানো হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। উপরন্তু স্বার্থের সংঘাতের একটি গুরুতর অভিযোগও উঠেছে। সেটি হলো, আইনমন্ত্রীর প্রয়াত বাবা ওই হত্যাকাণ্ডের আসামিপক্ষে মামলা পরিচালনা করেছিলেন।
বিচারপ্রক্রিয়ার কোনো গুরুতর গলদ চিহ্নিত হওয়ার মতো কোনো বিষয় উদ্ঘাটিত হওয়া ব্যতিরেকে অন্য কোনো ধরনের বিচারবহির্ভূত বিবেচনায় সর্বোচ্চ আদালতে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি ক্ষমার যোগ্য বলে গণ্য হওয়া উচিত নয়। সংবিধানের ৪৯ অনুচ্ছেদে ক্ষমা প্রদানে রাষ্ট্রপতিকে যে বিশেষ অধিকার দেওয়া হয়েছে, তা রাষ্ট্রের পক্ষে অনুশীলন করার ভার কার্যত মন্ত্রিসভার। অথচ এ ধরনের আবেদনগুলো মন্ত্রিসভাকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রীর সচিবালয়ে পাঠানোর একটি রুগ্ণ রেওয়াজ গড়ে তোলা হয়েছে। চূড়ান্ত অর্থে এর কার্যকর প্রতিকার রাষ্ট্রপতির হাতে নেই অথচ দৃশ্যত তাঁকেই এর দায় নিতে হয়। এই রেওয়াজের অবসান জরুরি।
আশা করব, রাষ্ট্রপতি মনে রাখবেন যে চাঁপার ঘাতককে ক্ষমা করা হলে তা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমলে নেওয়া বিতর্কিত ক্ষমার সিদ্ধান্তগুলোকে নতুন করে স্মরণ করিয়ে দেবে, যা কাম্য নয়।