বাংলাদেশে ৪৫টির অধিক আদিবাসীর মধ্যে পার্বত্য চট্টগ্রামে ১৩টি জাতিসত্তা বাস করে। এ জাতিগোষ্ঠীগুলোর ভাষা, সংস্কৃতি, ধর্ম ভিন্ন ভিন্ন হলেও বছরের পর বছর ধরে পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈসাবি সব জাতির মধ্যে ঐক্য অটুট রেখেছে। ত্রিপুরাদের ‘বৈসু’, মারমাদের ‘সাংগ্রাই’, খিয়াংদের ‘সাংলান’, ম্রোদের ‘সাংক্রান’, চাকদের ‘সাংগ্রাইং’ চাকমাদের ‘বিজু’, তঞ্চঙ্গ্যাদের ‘বিষু’ শব্দ থেকেই ‘বৈসাবি’ শব্দটির উৎপত্তি হয়েছে। বৈসাবির মূূল প্রতিপাদ্য হলো, অতীতের সব ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে নিজেকে নতুনভাবে মেলে ধরে সবার মধ্যে সম্প্রীতি ও ঐক্যের সেতুবন্ধ রচনা করা। বৈসাবি এমন একটি উৎসব, যেখানে ধর্মীয় আবহের গোঁড়ামি নেই, আছে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববন্ধনের এক গভীর চেতনা। যে উৎসব স্মরণাতীতকাল থেকে পাহাড়ের ১৩টি জাতিসত্তার মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন অটুট রেখেছে, সেই উৎসবের তাৎপর্য সামনে রেখে পাহাড়ের বিরাজমান পরিস্থিতিতে আবারও সবার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার সময় এসেছে। বছর ঘুরে প্রতিবছর বৈসাবি আসে। পাহাড়ের সর্বত্রই নানান আয়োজনের ভেতর দিয়ে সপ্তাহব্যাপী বৈসাবি উৎসব উদ্যাপিত হয়। অথচ পুরোনো ভেদাভেদ ভুলে সৌহার্দ্যের হাত পরস্পরের প্রতি বাড়িয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা অনেক দিন পাহাড়ে দেখা যায় না। কিন্তু অধিকার আদায়ের জন্য বর্তমান সময়ে এই সৌহার্দ্যের ঐক্য অত্যন্ত জরুরি। তাই আমরা চাই, এবারের বৈসাবি হোক পাহাড়ের দলমত-নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর ঐক্যের মেলবন্ধন। পার্বত্য চট্টগ্রামে এমন একটা সময় ছিল, যখন ফুল ভাসানোর দিনে চেঙ্গি-মাইনি-কাচালং-কর্ণফুলী-শঙ্খ-মাতামুহুরী নদী ফুলে ফুলে ভরে যেত। কিন্তু সময়ের স্রোতে পাহাড়ের সেই অতীত হারিয়ে যাচ্ছে। ষাটের দশকে নির্মিত কাপ্তাই বাঁধের ফলে পাহাড়ের খরস্রোতা নদীগুলো যেমন স্বাভাবিক গতি হারিয়েছে, তেমনি পাহাড়ের স্বাভাবিক জীবনেরও ছন্দপতন ঘটেছে। অর্ধশতক বছর আগে হারিয়ে যাওয়া ছন্দ আজও পাহাড়বাসী ফিরে পায়নি। স্বাধীনতার পর আশির দশক থেকে পাহাড়ে প্রতিনিয়ত কৃত্রিম যুদ্ধ পরিস্থিতি জিইয়ে রাখা হয়েছে। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সম্পাদিত হলেও পাহাড়ের স্বাভাবিক পরিবেশ ফিরে আসেনি। বৈসাবি উৎসব যত ঘনিয়ে আসে, পাহাড়ে উৎকণ্ঠা আর আশঙ্কার মেঘ তত ঘনীভূত হয়। কারণ, অধিকাংশ সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে বৈসাবির নিকটতম সময়ে। ১৯৯২ সালের ১০ এপ্রিলের ‘লোগাং গণহত্যা’ আজও পাহাড়বাসীর মনে ক্ষত হয়ে আছে। লোগাংয়ের ঘটনার পর বৈসাবির আনন্দ শোক আর বিক্ষোভে পরিণত হয়ে হাজার হাজার মানুষ সেদিন ঘর ছেড়ে রাস্তায় এসে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিল। ১৯৯২ সালের ২৮ এপ্রিল এ গণহত্যার প্রতিবাদে আয়োজিত লংমার্চে হাজার হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে এক নজির সৃষ্টি করেছিল। আমাদের এখনো তাড়া করে বেড়ায় ১৯৯৭ সালের ১২ এপ্রিল মাইসছড়ি বাজারে পকেটমারার ঘটনাকে পুঁজি করে উৎসবমুখর পাহাড়িদের ওপর কীভাবে হামলা করা হয়েছিল, সে ঘটনা, ২০১০ সালের ফেব্রুয়ারিতে সাজেক ও খাগড়াছড়ির ঘটনা, ২০১১ সালের ১৭ এপ্রিল রামগড়ের ঘটনা, যেগুলো উৎসবমুখর পাহাড়ে আজও ভীতি জাগিয়ে তোলে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, বিভেদ, নিপীড়ন, হামলার মধ্যেও শান্তিপ্রিয় পাহাড়িদের কাছে একটাই প্রত্যাশা থাকে—বৈসাবি উৎসবটি যেন নির্বিঘ্নভাবে কাটে।একাত্তরের মুক্তিযুদ্ধ যে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে ছিল, সেই চেতনা পাহাড়ে বাস্তবিক অর্থে কোনো সময়ই প্রতিফলিত হয়নি। প্রতিনিয়ত ধরপাকড়, নির্যাতন, হত্যা, গুম, অপহরণের মধ্য দিয়ে পাহাড়ের স্নিগ্ধ পরিবেশ বারবার জ্বলে উঠেছে, রক্তাক্ত হয়েছে পাহাড়। পাহাড়ের মানবাধিকার পরিস্থিতির দিকে ফিরে তাকালে দেখি, সাজেক, খাগড়াছড়ি, রাঙামাটির মতো ভয়াবহ সাম্প্রদায়িক হামলার ঘটনা, আক্রান্ত ধর্মীয় উপাসনালয় ও মন্দির, লাঞ্ছিত মা-বোন, ভূমিহারা স্বজন। গত বছরের আগস্ট মাসের প্রথম দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার কদমতলী গ্রামের দেড় শতাধিক লোক সাম্প্রদায়িক হামলায় আক্রান্ত হয়ে নিরাপত্তার জন্য ভারতের মাটিতে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। শুধু পাহাড়ে নয়, এক সপ্তাহের ব্যবধানে কক্সবাজারের রামু-উখিয়ায় বৌদ্ধদের ওপর যে সাম্প্রদায়িক হামলা চালানো হয়, এতে শত বছরের পুরোনো ঐতিহাসিক দলিলসহ কমপক্ষে ২৩টি বৌদ্ধমন্দির পুড়িয়ে দেওয়া হয়। যে গৌতম বুদ্ধ তাঁর জীবদ্দশায় অহিংসার বাণী প্রচার করে গেছেন, সেই অহিংসার ধারক বৌদ্ধমন্দিরগুলো ধর্মান্ধ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার হিংসার আগুনে পুড়তে দেখেছে সারা বিশ্ব। সম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে কেন্দ্র করে সারা দেশে সংখ্যালঘু জাতি ও ধর্মীয় উপাসনালয়গুলোতে পৈশাচিক ও নির্মম হামলার কথা কারও অজানা নয়। যে বৈসাবি উৎসব মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে পাহাড়ে শত বছর ধরে উদ্যাপিত হয়ে আসছে, আজ সে উৎসবই হোক পাহাড় তথা সমগ্র বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা ও সৌহার্দ্যের প্রতীক। তাই বৈসাবিতে আমাদের এই প্রত্যয় হোক—সব ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের মেলবন্ধন রচনার মধ্য দিয়ে নতুন বছরে নতুন পথচলা শুরু হোক। ইলিরা দেওয়ান: মানবাধিকারকর্মী।