উৎসাহ অনেকটাই ম্লান হতে দেখা গেছে উপর্যুপরি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার। চলতি বছর এসএসসি পরীক্ষার ১২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে জনমনে একধরনের আতঙ্ক দেখা দেয়। এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ও কিছুটা নড়েচড়ে বসে। তাদের উদ্যোগে গঠিত হয় জাতীয় তদারক কমিটি।
আগামী ২ এপ্রিল শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা গ্রহণের ২৫ মিনিট আগে ঠিক করা হবে কোন সেটে পরীক্ষা হবে। গত রোববার জাতীয় তদারক কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। তাঁর ভাষ্য, প্রশ্নপত্রের একাধিক সেট নিরাপত্তাবেষ্টিত মোড়কে পরীক্ষাকেন্দ্রে পাঠানো হলেও নির্ধারিত সময়ের আগে কেউ জানবেন না কোন সেটে পরীক্ষা হবে।
কিছুদিন ধরে পরীক্ষা শুরু হওয়ার আগে যেভাবে কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছিল, তাতে এটি বাস্তবসম্মত পদক্ষেপ বলে ধারণা করি। এর আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোতে দুই সেট করে প্রশ্ন পাঠানো হতো এবং পরীক্ষার দিন সকালে সেগুলো খোলা হতো। এই সুযোগে জালিয়াত চক্র পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত একশ্রেণির অসাধু শিক্ষক ও কর্মচারীর যোগসাজশে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ফাঁস করে দিত। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে মুহূর্তে তা সারা দেশে ছড়িয়ে পড়ত।
এখানে সময় কমিয়ে আনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্র খোলার আগে যদি শিক্ষার্থীদের হলে প্রবেশ নিশ্চিত করা যায়, তাহলে বাইরে থেকে ভেতরে কিংবা ভেতর থেকে বাইরে প্রশ্ন ফাঁস হওয়ার শঙ্কাও কমে যাবে। কিন্তু তারপরও এর সাফল্য অনেকটাই নির্ভর করছে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ওপর। আমাদের দেশে সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়নের মধ্যে অনেক ফারাক থাকে। আশা করি এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে সেটি হবে না।
পরীক্ষার্থীদের আধা ঘণ্টা আগে হলে প্রবেশ এবং কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো রকম ডিভাইস ব্যবহার না করার সিদ্ধান্ত আগেও ছিল। কিন্তু সংশ্লিষ্টদের গাফিলতিতে সেটি সব ক্ষেত্রে কার্যকর করা যায়নি। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে, কত সেট বিকল্প প্রশ্নপত্র তৈরি করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কত সেট প্রশ্নপত্র ছাপা হবে, কৌশলগত কারণে তাঁরা সেটি জানাতে চান না। আমরা মনে করি, যত বেশি সেট প্রশ্নপত্র তৈরি হবে, তত জালিয়াত চক্রের পক্ষে প্রশ্নপত্র ফাঁস করা দুরূহ হবে।
তবে সংশ্লিষ্টদের এ–ও মনে রাখতে হবে যে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নপত্রের সেট খোলাই জালিয়াতি রোধের একমাত্র উপায় নয়। প্রশ্নপত্র তৈরি, মুদ্রণ থেকে বিতরণ—প্রতিটি স্তরে সর্বোচ্চ সুরক্ষা থাকতে হবে। কোনো পর্যায়ে সামান্য ফাঁকফোকর থাকলে পুরো উদ্যোগটি ভেস্তে যেতে পারে। পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্ছিদ্র করতে হবে। বর্তমানে পরীক্ষাকেন্দ্রের আশপাশের ২০০ গজের মধ্যে লোকসমাগমের ওপর যে বিধিনিষেধ আছে, সেটি পুরোপুরি কার্যকর করতে হবে। এমনকি নির্দিষ্ট সীমানার বাইরেও যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী জটলা পাকাতে না পারে, সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে।
যে পরীক্ষার ওপর লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন জড়িত, সেই পরীক্ষা নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। যেকোনো মূল্যে প্রশ্নপত্রের ফাঁস রোধ করতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সর্বোপরি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই সহজবোধ্য করা গেলে এবং ক্লাসে পাঠদান নিশ্চিত হলে বেপরোয়া কোচিং-বাণিজ্য এবং প্রশ্নপত্র ফাঁস দুটোই বন্ধ হবে। শিক্ষা ও পরীক্ষা হতে হবে অনুশীলনমুখী; নম্বরমুখী নয়।