বছরের শুরুতে বেসরকারি শিক্ষক ধর্মঘটে বেশ কয়েক দিন মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরুর আগে আন্দোলনকারীরা ধর্মঘট স্থগিত করেছেন। পরীক্ষার আগে কর্মসূচি প্রত্যাহার করা ইতিবাচক। তবে ধর্মঘট করে শিক্ষার ক্ষতি করা কাম্য নয়। এবারের শিক্ষক ধর্মঘটের মূল দাবি বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষকের চাকরি জাতীয়করণ হওয়ার পর মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষকদের এই দাবি আরও জোরদার হয়ে উঠেছে। সাধারণ শিক্ষকদের স্বপ্ন দেখানো হচ্ছে, আন্দোলন করলেই সবার চাকরি জাতীয়করণ হয়ে যাবে।কোনো রকম যুক্তিতর্ক ছাড়াই বলা যায়, বর্তমান সময়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পর্যাপ্ত নয়। এটা বাড়া উচিত। তবে আর্থসামাজিক প্রেক্ষাপটে যে বেতন তাঁরা পাচ্ছেন, তা উপেক্ষা করার মতো নয়। ১৯৮০ সালের আগে যে শিক্ষকেরা রাষ্ট্রীয় কোষাগার থেকে এক টাকাও পেতেন না, তাঁরা ধাপে ধাপে এখন শতভাগ মূল বেতন পান। আংশিক উৎসব ভাতা পাচ্ছেন, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা কিছুটা বেড়েছে। চাকরিজীবনের শেষে তাঁরা পাচ্ছেন অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্ট থেকে এককালীন অনুদান। বেসরকারি শিক্ষকেরা সরকারি চাকরির আশ্বাস বা নিশ্চয়তা পেয়ে চাকরিতে যোগ দেননি। এমনকি এমপিওভুক্ত করা হবে, এমন নিশ্চয়তা নিয়েও কেউ এই পেশায় আসেননি। কিন্তু পেশায় এসে এমপিওভুক্ত হওয়া, চাকরি জাতীয়করণ করার মতো দাবি তাঁরা করছেন। এত দিন ধরে এই প্রক্রিয়া চলতে চলতে এখন শিক্ষা বাজেটে আর সংকুলান হচ্ছে না। তার পরও একের পর এক অপরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে, নতুন নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান গড়া এবং শিক্ষক নিয়োগে গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক বিবেচনা অথবা অর্থ। রাজনীতির সঙ্গে শিক্ষার এই সম্পর্ক শিক্ষা বাজেটে চাপ সৃষ্টি, অযোগ্য শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মানে অবনতি ছাড়াও বহুমুখী সংকট তৈরি করছে। মেধাবীরা শিক্ষকতা পেশায় আসছেন না, এলেও টিকে থাকছেন না। মফস্বলে ইংরেজি ও বিজ্ঞানের শিক্ষক-সংকট রয়েই গেছে।গত প্রায় এক যুগ ধরে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি ও শিক্ষক নিয়োগ নিয়ে ক্ষমতাসীনদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও দুর্নীতি সরকারকে অসহায় অবস্থায় ফেলেছে। অপরিকল্পিত প্রতিষ্ঠান গড়ে তুলে তার অনুমোদন এবং স্বীকৃতি পাওয়ার দায়দায়িত্ব সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের। যতক্ষণ পর্যন্ত অপ্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার লাগাম টেনে ধরা না হবে, ততক্ষণ পর্যন্ত এসব সংকট চলতেই থাকবে। শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ার বিষয়ে খুব একটা আপত্তি কারও নেই। কিন্তু সম্প্রতি যে অভিযোগ উঠেছে, তা শিক্ষকদের দাবিকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক থাকার কথা বলেছেন। গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, শিক্ষকদের আন্দোলনের সঙ্গে রাজনীতির যোগসূত্র রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আন্দোলনের নামে বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখবেন, তা হবে না।’ তিনি বলেন, ‘আন্দোলনের দরকার নেই, আমরা জানি শিক্ষকদের কী প্রয়োজন।’চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক আন্দোলন যাঁরা করছেন, তাঁরা বিএনপি-জামায়াত সমর্থনপুষ্ট। যেসব শিক্ষকনেতা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের কেউ কেউ এর আগে জাতীয় সংসদে বিএনপিদলীয় মনোনয়ন চেয়েছেন। আবার শিক্ষকদের কর্মসূচিতে যাঁরা সংহতি প্রকাশ করেছেন, তাঁদের মধ্যে কয়েকজন ছিলেন বিএনপির নেতা, সাবেক মন্ত্রী। বিএনপি-জামায়াত সমর্থক বলে পরিচিত বেসরকারি শিক্ষকদের জোট যখন আন্দোলন করছে, তখন সরকার-সমর্থক বেসরকারি শিক্ষক সংগঠনও ঘরে থাকতে পারেনি। কারণ, এই জনপ্রিয় ইস্যুতে চুপ থাকলে তাদের সমর্থন কমতে পারে। এ জন্য ওই সব সংগঠনও কর্মসূচি দেয়। তবে সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত থাকায় সরকার সমর্থকদের আন্দোলন ছিল অনেকটাই নিষ্প্রভ। বলা যায়, সাংগঠনিক তাগিদে, সমর্থন ধরে রাখতে ওই সব সংগঠন আন্দোলনে নামে।এখন সবার আন্দোলন স্থগিত রয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কর্মসূচি ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এরপর বিভিন্ন কর্মসূচি শেষে ৩১ মার্চ ঢাকায় মহাসমাবেশ, ১ এপ্রিল ঢাকায় হরতাল দেওয়ার কথা। দেশে এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার সংখ্যা ৩৫ হাজার ৩৯৬টি। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব বলছে, এসব প্রতিষ্ঠানের পাঁচ লক্ষাধিক বেসরকারি শিক্ষকের চাকরি জাতীয়করণ করা হলে বছরে প্রয়োজন ৪০ হাজার ১৯ কোটি টাকা। এই হিসাব নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনরত শিক্ষকেরা বলছেন, জাতীয়করণের জন্য কোনোভাবেই এত টাকা লাগবে না। এখন বেতন-ভাতা খাতে খরচ হচ্ছে পাঁচ হাজার ১৪৫ কোটি টাকা। তাঁদের মতে, খরচ এর দ্বিগুণ হলেও প্রায় ১০ হাজার কোটি টাকা লাগতে পারে। আন্দোলনরত শিক্ষকেরা বলছেন, আড়াই হাজার কোটি টাকা হলে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব। তাঁদের আরও দাবি হচ্ছে, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব আয় থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা নিতে পারে। তবে হিসাবের মারপ্যাঁচ যা-ই হোক, এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য মোট বাজেট ১১ হাজার ৫৯৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রশাসনের খরচ অন্তর্ভুক্ত। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে চাইলে বর্তমান শিক্ষা বাজেটে কাজ হবে না। আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, চাকরি জাতীয়করণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের আয় সরকার নিতে পারে। গত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রয়াত সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক এই প্রস্তাব দিয়েছিলেন। তখন তা মেনে নেওয়া হয়নি। গত এক যুগে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। এখন মেয়েদের শিক্ষা অবৈতনিক হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান অনেক বেড়ে যাওয়ায় প্রতিযোগিতার কারণে শিক্ষার্থীদের বেতন কমেছে। বড় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাদ দিলে নিজস্ব আয় সেই অর্থে নেই। প্রতিষ্ঠান সরকারি হয়ে গেলে আয় যা আছে, তা আরও কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশে আর নতুন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির প্রয়োজন নেই, এ কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে অনেক দিন ধরে। কিন্তু একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান গড়া হচ্ছে এবং সেগুলো নানা প্রক্রিয়ায় বিভিন্ন ধাপ পার হয়ে রাষ্ট্রের ঘাড়ে এসে পড়ছে। শিক্ষকের যোগ্যতা, ছাত্র-শিক্ষক অনুপাত এবং দূরত্ব ও জনসংখ্যা অনুপাতে শিক্ষাপ্রতিষ্ঠান গড়া হয়েছে কি না, সেগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে না বেশির ভাগ ক্ষেত্রে। তার পরও রাজনৈতিক প্রভাব বা টাকার বিনিময়ে সব ধাপ পার হয়ে যাচ্ছে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান। বেসরকারি শিক্ষকেরা এখন দেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী। সমাজে তাঁরা সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র। তাঁদের দাবির যৌক্তিকতা হয়তো-বা আছে। কিন্তু এই পেশাজীবী গোষ্ঠীর রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়ার অভিযোগটি দুঃখজনক। এ কথা ভুলে গেলে চলবে না, যে তাঁদের জন্য সব সরকারই সাধ্যমতো ভূমিকা রেখেছে। ১৯৮০ সালে জিয়াউর রহমান শিক্ষকদের প্রথম বেতন স্কেল দেওয়া শুরু করেন। তখন মূল বেতনের ৫০ শতাংশ অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া শুরু হয়। এর আগে বেসরকারি শিক্ষকদের সরকার কোনো বেতন দিত না। এরপর এইচ এম এরশাদ শিক্ষকদের বার্ষিক প্রবৃদ্ধি ও মেডিকেল ভাতা চালু করেন এবং বেতনের সরকারি অংশ বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করেন। খালেদা জিয়া (১৯৯১-৯৬) ১০ শতাংশ বাড়িয়ে ৮০ শতাংশ করেন। শেখ হাসিনা (১৯৯৬-২০০১) আরও ১০ শতাংশ বাড়িয়ে ৯০ শতাংশে উন্নীত করেন। এরপর বিএনপি-জামায়াত জোট সরকার শতভাগ বেতন দেওয়া শুরু করে। বর্তমান সরকার তাঁদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা কিছুটা বাড়িয়েছে। এ ছাড়া নারী শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, নতুন এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত, শিক্ষকদের তৃতীয় বিভাগ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন ও বন্ধ থাকা টাইমস্কেল চালু করেছে।বেসরকারি শিক্ষকদের জন্য সব সরকারই কিছু না-কিছু ভূমিকা রেখেছে। তাঁদের কোনো দল বা মতাদর্শের কাছে জিম্মি হওয়া উচিত নয়। রাজনৈতিক হাতিয়ার হিসেবে মানুষ গড়ার এই কারিগরদের দেখতে কেউ-ই প্রস্তুত নন। শরিফুজ্জামান: সাংবাদিক। [email protected]