গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন ৯১ থেকে ১০১ শতাংশ বাড়ানোর যে সিদ্ধান্ত হয়েছে, তার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। তবে এ জন্য চলতি অর্থবছরে সরকারকে যে অতিরিক্ত প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে, সেটি কোথা থেকে আসবে, সেই প্রশ্ন রয়েই যায়। সরকারি-বেসরকারি যে শ্রেণির চাকরিজীবীই হোন না কেন, তাঁদের কাছ থেকে যথাযথ সেবা পেতে হলে তাঁদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা জরুরি।
প্রশ্ন হলো, বর্ধিত বেতনের বিনিময়ে জনগণ বর্ধিত সেবা পাবে কি না? জনপ্রশাসনের সক্ষমতা বাড়বে কি না? ঘুষ–দুর্নীতির প্রকোপ কমবে কি না? একটি দক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য যেমন কর্মীদের বেতন-ভাতা বাড়ানো প্রয়োজন, তেমনি প্রয়োজন যোগ্য ও মেধার লালন। যোগ্য পদে অযোগ্য লোক বসালে কেবল যোগ্য ব্যক্তিরাই হতোদ্যম হন না, প্রশাসনিক দক্ষতাও মারাত্মকভাবে কমে যায়।
২১ লাখ চাকরিজীবীর বেতন বাড়লদ্বিতীয়ত, সরকারের এই বাড়তি ব্যয় নির্বাহ হবে কোথা থেকে? ব্যাংকিং খাত থেকে সরকার কি ঋণের বোঝা বাড়িয়ে চলবে? না সেবা বা সামাজিক খাতের বরাদ্দ কাটছাঁট করবে? প্রথমটিতে অর্থনীতি ঝুঁকিতে পড়বে, দ্বিতীয়টিতে জনগণ বঞ্চিত হবে। অতএব, সরকারের উচিত হবে অনুৎপাদনশীল খাতে ব্যয় যথাসম্ভব কমিয়ে আনা। অন্যদিকে আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে মাথাভারী প্রশাসনের প্রয়োজন আছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। কম লোকবল দিয়ে দক্ষ প্রশাসন পরিচালনার উপায়ই সরকারকে বের করতে হবে।
তৃতীয়ত, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর পর বেসরকারি খাতের সমন্বয়ের প্রশ্নটিও সামনে আসবে। বিশেষ করে তৈরি পোশাকসহ বেসরকারি শিল্প খাতের শ্রমিকদের যে পরিমাণ বেতন-ভাতা দেওয়া হয়, তা তাঁদের শ্রম ও প্রয়োজনের তুলনায় অনেক কম।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর আগেই সরকার বিদ্যুৎ, গ্যাস ও পানির দামও বাড়িয়ে দিয়েছে এবং বাজারে এর প্রভাব পড়াটাও স্বাভাবিক। নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার পরও সেটি যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেদিকেই সরকারকে নজর দিতে হবে। শক্ত হাতে টেনে ধরতে হবে মূল্যস্ফীতির লাগামটি।