কয়েক দিন আগে এক সকালে আমি বিভাগীয় অফিস কক্ষে বসে একটি গবেষণার কাজ করছিলাম। এমন সময় আমার এক প্রিয় ছাত্র কক্ষে ঢুকে মন খুব খারাপ করে বলল, ‘স্যার, আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জন্য দরখাস্ত করেছিলাম। কিন্তু আমার সিজিপিএ-৩ দশমিক ৫-এর সামান্য নিচে আছে বিধায় আমার ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা নেই বলে সোজা জানিয়ে দিয়েছে।’ শুনে আমার মনটাও খুব খারাপ হলো। কারণ, এই ছেলেটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সদ্য এমএস পাস করেছে। তার সিজিপিএ-৩ দশমিক ৬৫, কিন্তু নম্বরের দিক থেকে সে-ই মেধাতালিকার সর্বোচ্চ অবস্থান দখল করেছে। অর্থাৎ আগের পদ্ধতিতে তার অবস্থান হতো প্রথম শ্রেণীতে প্রথম। বিশেষভাবে উল্লেখযোগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে বিএস সম্মান পরীক্ষায় ৩ দশমিক ৫-এর সামান্য কম সিজিপিএ নিয়ে পাস করেছে এবং সেখানেও তার অবস্থান মেধাতালিকার সর্বাগ্রে ছিল, অর্থাৎ প্রথম শ্রেণীতে প্রথম। আমি যতটুকু জানি, পদার্থবিজ্ঞান ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগে লেটার গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর থেকে অদ্যাবধি কোনো ছাত্র সিজিপিএ-৪ ( ৪-এর মধ্যে) পায়নি। ৩ দশমিক ৫-এর ওপরে দু-একজন হয়তো পেয়েছে। যা হোক, বিএস ও এমএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েও ছাত্রটি সিজিপিএ অনাচারে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেল না, ব্যাপারটি আজও আমার দুঃসহ মনঃপীড়ার কারণ হয়ে রয়েছে।অনেকেই হয়তো এখন ভেবে বসবেন যে ভালো ছাত্র তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বা পদার্থবিজ্ঞান বিভাগে পড়ে না অথবা এসব বিভাগে লেখাপড়ার মান মোটেও ভালো নয়। পদার্থবিজ্ঞান বিভাগের কথা জানি না, তবে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগে দেশের মধ্যে সর্বোৎকৃষ্ট মানের পাঠদান ও গবেষণা হয়। উচ্চতর পদার্থবিজ্ঞানে যাঁদের সামান্য জ্ঞান আছে, তাঁরা যদি তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের সিলেবাস দেখেন, তবে আমার কথার যথার্থতা নিশ্চিত অনুধাবন করবেন। শুধু তা-ই নয়, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ থেকে বিগত চার বছরে যারা পাস করেছে, এদের প্রায় ৯০ শতাংশ টিএ (টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ) বা আরএ (রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ) নিয়ে আজ আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং বর্তমানে যারা পাস করছে, তারাও পর্যায়ক্রমে চলে যাচ্ছে। অন্য কোনো বিভাগ থেকে এ হারে ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় আর্থিক সুবিধাসহ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে বলে আমার জানা নেই। এখন আমার প্রশ্ন, যারা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে এবং সেখানে আমেরিকার ছাত্রছাত্রীদের পড়াচ্ছে, তাদের কি বাংলাদেশে অবস্থিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইলিমেন্টারি ফিজিক্স পড়ানোর জন্য সাক্ষাৎকার দেওয়ার যোগ্যতা নেই? কোনোভাবেই এটা বিশ্বাস করা যায় না, অন্যদিকে গ্রহণযোগ্যও নয়।একটি প্রশ্ন রাখছি। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মূল্যায়ন কি একই মাপকাঠিতে হয়ে থাকে? প্রাপ্ত সিজিপিএ কি ছাত্রটির প্রকৃত জ্ঞানের গুণগত মান নিশ্চিত করে? আমি নির্দ্বিধায় বলব, না, করে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে শিক্ষক নির্বাচনী সভায় উপস্থিত থাকার অভিজ্ঞতা আমার হয়েছে। এরই আলোকে বলব, অনেক বিশ্ববিদ্যালয় থেকে বিএস ও এমএস উভয় পরীক্ষায় ৪-এর মধ্যে ৪ সিজিপিএ পাওয়া অনেক ছাত্রছাত্রী (দু-একজন ছাড়া) পদার্থবিজ্ঞানের খুব মৌলিক সূত্র, যেমন কুলম্বের সূত্র বা শ্রোয়েডিংগারের সমীকরণটি পর্যন্ত সঠিকভাবে লিখতে পারে না, কেউ কেউ লিখতে পারলেও এর সঙ্গে জড়িত ফিজিক্স একদমই জানে না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ সিজিপিএ না পাওয়া অর্থাৎ যাদের সিজিপিএ-৩ ও ৪-এর মধ্যে রয়েছে, এদের প্রায় সবাই অবলীলাক্রমে এসব উত্তর দিতে পারছে। তাহলে শিক্ষক হিসেবে কে নিয়োগ পাওয়ার যোগ্য। যিনি বিষয় সম্বন্ধে ভালো জানেন ও বোঝেন তিনি, নাকি যিনি অপেক্ষাকৃত কম বোঝেন ও জানেন, তিনি? এ প্রসঙ্গে একটি ঘটনা বলি। গত বছর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএস পরীক্ষায় সিজিপিএ-৪ (চারের মধ্যে) নিয়ে পাস করা একজন ছাত্র তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগল। তার বাবা প্রায় প্রতিদিন আমাকে ফোন করে অনুরোধ করতে লাগলেন এবং মাঝেমধ্যে এসে দেখাও করতেন। মৌখিক পরীক্ষায় ভালো না করলেও বাবার অনুরোধ ও ছাত্রের আগ্রহ দেখে ভর্তি কমিটি তাকে ভর্তির অনুমতি দিল। অতঃপর ক্লাস শুরু হলো এবং দু-তিন দিন ক্লাস হওয়ার পর ওই ছাত্রকে আর দেখা গেল না। পরে জানতে পারলাম, এখানের পড়া সে কিছুই নাকি বুঝতে পারছে না, তাই আগের বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। উল্লেখ্য, ওই সেশনে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে তারই শুধু সিজিপিএ-৪ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলের চিত্র তুলে ধরা যায়। এক পরিসংখ্যানে দেখা গেছে, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫-এর মধ্যে ৫ পাওয়া ছাত্রছাত্রীর অধিকাংশই ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। অর্থাৎ পাস করার জন্য ন্যূনতম নম্বর অর্জন করতে ব্যর্থ হয়েছে। এখন ভেবে দেখুন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন সিলেবাস বা প্রশ্নপত্রে সম্পন্ন হওয়া সত্ত্বেও সিজিপিএ-৫ গুণগত মান নিশ্চিত করছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিলেবাস বিভিন্ন, শিক্ষাদান পদ্ধতি ও মূল্যায়ন স্কেল আলাদা হওয়ার পর কি প্রাপ্ত সিজিপিএ তুলনা করার কোনো সুযোগ থাকে? তবু যদি করা হয়, তবে যোগ্য লোকের পরিবর্তে অপেক্ষাকৃত অযোগ্য লোক নিয়োগ হওয়ার আশঙ্কাই বেশি থাকবে। যা শিক্ষাক্ষেত্রে কোনোভাবে কাম্য নয়। এখানে একটা কথা না বললেই নয়, স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ৪-এর মধ্যে ৪ সিজিপিএ পাওয়ার যোগ্য কারা? যারা অ্যাকাডেমিক্যালি খুব ভালো তারা, নাকি অন্য কেউ। বাস্তবে এরা কেউ নয়, শুধু যারা ব্যতিক্রমীভাবে ভালো, তারাই যোগ্য। এ কারণেই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগে কেউ ৪ সিজিপিএ অধ্যাবধি পায়নি। শুনেছি, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ৩০ থেকে ৪০ শতাংশ এবং স্নাতকোত্তর পর্যায়ে ৫০ শতাংশের অধিক হারে ৪ সিজিপিএ পাচ্ছে। আর এই সস্তা ৪ সিজিপিএ দৌরাত্ম্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্য ছাত্রছাত্রীদের অযাচিতভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা অগ্রহণযোগ্য। বিশেষভাবে উল্লেখ্য, জ্ঞান-বিজ্ঞানে উন্নত খোদ আমেরিকায় হার্ভার্ড, এমআইটি, কেলটেক, স্ট্যানফোর্ড ইত্যাদি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার গুণগত মান অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অধিক হওয়ায় এসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তুলনামূলক কম সিজিপিএ পেয়েও চাকরিতে অন্যদের চেয়ে অগ্রাধিকার পেয়ে থাকে। আমেরিকায় এটা আজ সর্বজনস্বীকৃত। বাংলাদেশের প্রেক্ষাপটে, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানও আমেরিকার হার্ভার্ড, এমআইটি, কেলটেক, স্ট্যানফোর্ড ইত্যাদি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মতো, আমার বিশ্বাস, এখানের ছাত্রছাত্রীরা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারে।এখন প্রশ্ন হলো, আমাদের শিক্ষাব্যবস্থায় সিজিপিএর মান যেখানে সব সময় গুণগত মান নিশ্চিত করে না, সেখানে যোগ্যতম শিক্ষক-কর্মকর্তা নিয়োগের উপায় কী? এ ব্যাপারে আমার অভিমত, কোনো প্রতিষ্ঠানে কোনো বিষয়ে, বিশেষ করে পদার্থবিজ্ঞানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আবেদনকারী থাকে, তবে একটি আদর্শ প্রশ্নের মাধ্যমে লিখিত পরীক্ষা নেওয়া উচিত এবং পরে ভালো একজন বিশেষজ্ঞ ব্যক্তি দ্বারা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক বা কর্মকর্তা নির্বাচন করা যেতে পারে। শুধু সিজিপিএর মানের পার্থক্যের মাধ্যমে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে ওয়াকিবহাল নন, তাঁরা হয়তো সিজিপিএ মানের মাধ্যমে যোগ্যতা যাচাই করবেন, এটাই স্বাভাবিক। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকেরা, যাঁরা বিভিন্ন ফোরামে কথা বলার সুযোগ পান, এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন। বিভিন্ন ফোরামে এটাকে আলোচনায় নিয়ে এসে সরকার ও অন্যান্য নিয়োগকারী কর্তৃপক্ষকে আমাদের শিক্ষার মান ও গ্রেডিং সম্পর্কে অবহিত করে যোগ্যতম ব্যক্তি নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হবে, এটাই প্রত্যাশা। ড. গোলাম মোহাম্মদ ভূঞা: অধ্যাপক, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।