চাঙা হচ্ছে সোনালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজিরবিহীন এই লুটপাটের পর একটি ব্যাংকের ঘুরে দাঁড়ানো স্বাভাবিকভাবেই কঠিন। আশাব্যঞ্জকভাবে এই কঠিন কাজটি করতে পারছে সোনালী ব্যাংক। ব্যাংকটি এখন খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি ভালো ব্যবসা করছে। গত ১০ মাসে তাদের পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ৪৬৫ কোটি টাকা। আর এই সময়ের মধ্যে তারা খেলাপি ঋণ আদায় করেছে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। এর মধ্যে ২ হাজার ৭৭৭ কোটি টাকা খেলাপি ঋণ এবং ২২ কোটি টাকা অবলোপন করা ঋণ। খেলাপি ঋণের মধ্যে আবার ৯২২ কোটি টাকা নগদ আদায় হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চরম খারাপ সময়ের মধ্যে এটি নিঃসন্দেহে একটি আশাজাগানিয়া খবর। অবস্থা দেখে বোঝা যাচ্ছে, সোনালী ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, হল-মার্ক কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে নতুন পথে হাঁটছেন তাঁরা। লাগাম টেনেছেন বড় ঋণের। আমানতের টাকা বিনিয়োগ করছেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সেই টাকা দিয়ে ব্যবসা করছে। সোনালী ব্যাংক সেই সুদের ওপর ভর করেই বড় হচ্ছে। সেই সুদে মুনাফাও করছে এই ব্যাংক।

এখন কথা হলো এই খেলাপি ঋণ আদায় হয়েছে মূলত ছোট ছোট ঋণগ্রহীতার কাছ থেকে। বৃহৎ ঋণগুলোর অর্থ এখনো পুনরুদ্ধার হয়নি। এদিকেও নজর দেওয়া দরকার। সোনালী ব্যাংকের মতো অন্য ব্যাংকগুলোও যদি খেলাপি ঋণ আদায়ে উদ্যোগী হয়, তাহলে হয়তো শিগগিরই ব্যাংক খাত আবার জেগে উঠবে। তবে সেই পুনর্জাগরণকে যাতে আবার লুটপাটকারী মহল সুযোগ হিসেবে দেখতে না পারে, সে জন্য টেকসই রক্ষাকবচ দরকার।

এর আগে হল-মার্ক কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর সব দোষ ‘শাখা স্তরের কোনো অধস্তন ম্যানেজার’-এর ঘাড়ে চাপানোর চেষ্টা দেখা গেছে। সেই চেষ্টার পুনরাবৃত্তি সম্পর্কে সজাগ হওয়া দরকার। যাঁরা প্রশ্নাতীত রকম প্রভাবশালী, তাঁদের হয়ে ব্যাংককে চাপ দেওয়ার লোকেরও অভাব হয় না। এর জের ধরেই ঋণ শেষ পর্যন্ত কুঋণ হয়। তাই ব্যাংক খাতের নতুন করে চাঙা হওয়ার খবর যাতে লোপাটকারী মহলকে নতুন করে চাঙা না করে, সেদিকেও মন দেওয়া দরকার।