পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) ১৮টি সংগঠন গত শুক্রবার রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে একটি মানববন্ধন করে ওই এলাকা থেকে চামড়াশিল্প সরিয়ে নেওয়ার দাবি পুনরুচ্চারণ করে স্মরণ করিয়ে দিল যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা প্রায় ভুলে গেছি।
ঢাকার হাজারীবাগে ছয় দশক আগে যখন চামড়া প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠে, তখন সেখানে লোকবসতি তেমন বেশি ছিল না। কিন্তু আজ হাজারীবাগ রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা; অথচ মানুষের স্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর চামড়াশিল্প এখনো হাজারীবাগে রয়ে গেছে। প্রায় ২০০টি কারখানা থেকে প্রতিদিন গড়ে ২২ হাজার ঘনমিটার পরিবেশদূষণকারী তরল বর্জ্য নির্গত হয়ে পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদীতে পড়ে।
তাই অতি সংগত কারণে এই শিল্পের সব কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি উচ্চারিত হচ্ছে বহু বছর ধরে, কিন্তু তা বাস্তবায়িত হচ্ছে না। হাজারীবাগের চামড়া কারখানাগুলো আগের মতোই চলছে।
গত বছর সরকার, বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএফএলএফইএ) ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা চুক্তি অনুযায়ী এ বছরের ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের চামড়া কারখানাগুলো সাভারে স্থানান্তরের কথা রয়েছে। এ জন্য এক হাজার ১০০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার। ১৫৫টি কারখানার জন্য জমিও বরাদ্দ করা হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে কারখানাগুলো স্থানান্তরের লক্ষণ দেখা যাচ্ছে না। চামড়াশিল্পের মালিকেরা বলছেন, কারখানাগুলোর জন্য আধুনিক যন্ত্রপাতি কেনা ও বর্জ্য শোধনের প্ল্যান্ট বসানোর জন্য তাঁদের টাকা প্রয়োজন। সরকার কিন্তু পুরো প্রকল্পের সম্পূর্ণ ব্যয় বহন করছে, আর ইতিমধ্যে আড়াই শ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে মালিকদের দিয়েছে।
এত কিছুর পরেও মালিকদের গড়িমসি কাম্য নয়। নির্ধারিত সময়ের মধ্যেই কারখানাগুলো সরিয়ে নেওয়া উচিত, আর কালক্ষেপণ কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয়।