চামড়া শিল্পনগরের ঘাটতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার যখন ডিসেম্বরের মধ্যেই হাজারীবাগের সব ট্যানারি কারখানাকে সাভারে স্থানান্তরের চূড়ান্ত নির্দেশ দিচ্ছিল, তখন কি তাঁরা নিজেদের দায়িত্ব পালনের হিসাব মিলিয়েছিলেন? শিল্পমন্ত্রী গত অক্টোবরে বলেছিলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে ট্যানারি কারখানাগুলো সাভারে সরানো না হলে ১ জানুয়ারি থেকে হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎসহ সব সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। পরিহাসের বিষয়, এ নিয়ে দশমবারের মতো সময়সীমা বেঁধে দেওয়া হলেও চামড়াশিল্পনগরে পূর্ণাঙ্গ বর্জ্য পরিশোধনব৵বস্থা তৈরিতে গাফিলতি করেছে শিল্প মন্ত্রণালয়।

চামড়া প্রক্রিয়াজাতকরণে বিপুল পরিমাণ লবণের ব্যবহার করা হয়। বৃহস্পতিবারের প্রথমআলোর সংবাদ, লবণ শোধনাগার না বসানোয় অতিরিক্ত লবণাক্ত পানি ধলেশ্বরী নদীতে পড়ছে এবং ওই নদী মাছশূন্য হয়ে যাচ্ছে। এটা চলতে থাকলে ফসলসহ সার্বিক পরিবেশের ওপরও প্রভাব পড়বে। অথচ ইতিমধ্যে ৬৩৯ কোটি টাকা ব্যয়ে চামড়ার বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মিত হয়েছে। প্রকল্পের পরামর্শক দাবি করেছেন যে প্রকল্পের দরপত্র চূড়ান্ত করার সময় এ ব্যাপারে জানানো হলেও অর্থাভাবে লবণ পরিশোধনের ব্যবস্থা রাখা হয়নি। শিল্পসচিব ও প্রকল্প পরিচালক বলছেন, ‘সব করা হবে।’ আমরা রাজনীতিকদের মতো ভবিষ্যৎবাচক কথা শুনতে চাই না, কেন করা হয়নি—তার ব্যাখ্যা যেমন দরকার, তেমনি ভবিষ্যতের পরিকল্পনাটি যাতে যথার্থ হয়, তার নিশ্চয়তাও চাই।

পুরো বিষয়টি মালিকপক্ষ, সরকারের আমলা, বিশেষজ্ঞদের মধ্যে সমন্বয়হীনতার একটা প্রমাণ। সাভারের চামড়াশিল্প নগরের অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচালনের মান প্রথম শ্রেণিতে উন্নীত করতে হলে এই সব পক্ষের মধ্যে সমন্বয়ও দরকার।