কোরবানির পশুর চামড়ার বাজারে এবার যে মন্দা ও বিশৃঙ্খলা দেখা গেল, তা গত বছরের চেয়েও হতাশাব্যঞ্জক। সরকারের নির্ধারণ করে দেওয়া দামের চেয়ে অনেক কম দামে চামড়া বেচাকেনা হয়েছে। কোথাও মৌসুমি চামড়া ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে খুব কম দামে চামড়া কিনে পাইকারি ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে বাড়তি লাভ করেছেন, কোথাও বেশি দামে কিনে কম দামে বিক্রি করে লোকসান গুনতে বাধ্য হয়েছেন। কাঁচামালের বাজারে এমন বিশৃঙ্খলা কোনো পেশাদারি শিল্প খাতের জন্য কল্যাণকর হয় না।
এবার চামড়ার দাম কম হওয়ার কয়েকটা কারণ পরিষ্কার। প্রথমত, চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উপাদান লবণের দাম বেড়ে যাওয়ায় মৌসুমি চামড়া ব্যবসায়ীদের একটা বড় অংশ নগদ টাকা খরচ করে চামড়া সংগ্রহ করার উৎসাহ হারিয়েছেন। গত কোরবানির ঈদের সময় চামড়ার বাজারের মন্দার অভিজ্ঞতাও তাঁরা স্মরণে রেখেছেন। দ্বিতীয়ত, অনেক মৌসুমি চামড়া ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী ও ট্যানারির মালিকদের কাছে গত বছর চামড়া বিক্রি করেছিলেন বাকিতে, সেই বকেয়া টাকা তাঁরা তুলতে পারেননি বলে এ বছর একই ভুলের পুনরাবৃত্তি করেননি। কিংবা নগদ টাকায় চামড়া সংগ্রহ করার আর্থিক সামর্থ্য তাঁদের ছিল না।
মোদ্দা কথা, এবার কোরবানির পশুর চামড়ার দাম কম হওয়ার প্রধান কারণ হলো প্রাথমিক পর্যায়ে ক্রেতার ঘাটতি। এ দেশে কোনো কোনো বছর মৌসুমি চামড়া ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে কোরবানির চামড়া সংগ্রহ করেন, আবার কোনো বছর কোরবানির পশুর মালিক নিজেই ক্রেতা খুঁজে পান না। কী কী কারণে এমনটা ঘটে তা নিরূপণ করা প্রয়োজন; কারণ এ ধরনের অনিশ্চয়তা নিয়ে চামড়াশিল্পের দ্রুত বিকাশ সম্ভব হবে না।
সরকার চামড়াশিল্পের আরও বিকাশ ঘটাতে চায় এবং তা অবশ্যই সম্ভব। সে জন্য এই শিল্পের পেশাদারি মনোভাব বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আন্তর্জাতিক বেশ কিছু বড় কোম্পানি আমাদের চামড়াজাত দ্রব্য আমদানি করে না এ কারণে যে আমাদের ট্যানারিশিল্পগুলো পরিবেশ সংরক্ষণের বাধ্যবাধকতা মেনে চলে না। আমাদের কিছু কোম্পানি বিদেশ থেকে চামড়া কিনে এনে তা দিয়ে জুতা ও অন্যান্য চামড়াজাত পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করে।
আমরা যদি দেশি ট্যানারিশিল্পের পরিবেশগত বাধ্যবাধকতা রক্ষা করে গুণগত মানসম্পন্ন চামড়া পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করতে পারি, তাহলে বিদেশ থেকে চামড়া আমদানির প্রয়োজন হবে না। এদিকেই আমাদের মনোযোগী হওয়া উচিত। কোরবানির সময় লবণের বাজার নিয়ন্ত্রণ করা জরুরি। কেননা, লবণের চড়া দাম চামড়া সংরক্ষণে বিরাট প্রতিবন্ধকতা হতে পারে, যার কারণে চামড়ার গুণগত মান রক্ষা করা সম্ভব হবে না।