রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট—এই চার সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৮ সালের ৪ আগস্ট। সেই হিসাবে মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই নির্বাচনী তফসিল ঘোষণায় মনে হতে পারে নির্বাচন কমিশন যথেষ্ট করিতকর্মা এবং জনগণের রায় নেওয়ার জন্য উদ্গ্রীব। এই নিয়ম সব ক্ষেত্রে বাস্তবায়িত হলে দেশবাসী তাদের ধন্যবাদ জানাতে পারত। কিছুদিন ধরেই চার সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে জল্পনা চলছিল। কোনো কোনো সিটি করপোরেশনে অনানুষ্ঠানিক নির্বাচনী প্রস্তুতিও চলছিল। সে ক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণায় বিস্মৃত হওয়ার কিছু নেই। স্থানীয় সরকার সংস্থার নির্বাচনকে রাজনৈতিক মোড়কে দেখারও সুযোগ কম। আমরা আশা করব, তফসিল অনুযায়ী ১৫ জুন চারটি সিটি করপোরেশন নির্বাচন যাতে সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এটি তাদের জন্য বড় পরীক্ষাও বটে।কিন্তু দেশের প্রধান দুই সিটি করপোরেশন—ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচন নিয়ে কেন গড়িমসি? সরকার সিটি করপোরেশন ভাগ করার সময় জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিল। কিন্তু এখন সেই সেবদানকারীদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন আদালতের দোহাই দিলেও আদালত কখনোই নির্বাচন না করার কথা বলেননি। তাঁরা বলেছেন, নির্বাচনের আগে আইনানুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করা এবং ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। সেই কাজটি নিশ্চয়ই আদালত করে দেবেন না। ভোটার তালিকা হালনাগাদ করার দায়িত্ব নির্বাচন কমিশনের আর ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণ করার কথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ ক্ষেত্রে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। স্বভাবতই মানুষ ধরে নিয়েছে, সরকার চায় না বলেই নির্বাচন কমিশন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না। তাদের এ ধারণা যে অমূলক, অবিলম্বে দুই সিটি করপোরেশনের নির্বাচন করেই কমিশনকে তার প্রমাণ দিতে হবে।