চার সিটি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশন এলাকায় ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। স্থানীয় সরকার সংস্থার এই নির্বাচন অরাজনৈতিক হলেও রাজনৈতিক দলের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করায় তা অনেকটা রাজনৈতিক আদল পেয়েছে। জাতীয় নির্বাচনের ছয়-সাত মাস আগে অনুষ্ঠিত সিটি নির্বাচনকে ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল নিজেদের মান-মর্যাদার লড়াই হিসেবে দেখছে। সেটি দোষের নয়।কিন্তু আমাদের উদ্বেগের বিষয় হলো, নির্বাচনী প্রচারণায় নির্বাচন কমিশন যে আচরণবিধি বেঁধে দিয়েছে, তা অনেকেই মানছেন না। বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট—এই চার সিটি করপোরেশনেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় সব প্রার্থীর বিরুদ্ধেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, ‘নির্বাচনী তফসিল ঘোষণার পর সিটি করপোরেশন এলাকায় কোনো প্রার্থী বা তাঁহার পক্ষের কেহ নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোনো সরকারি সুযোগ-সুবিধা ভোগ, সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে ব্যবহার করিতে পারিবেন না।’ কিন্তু দুর্ভাগ্যজনক হলো, এই বিধিনিষেধ কেউই পুরো মেনে চলছেন না। কোথাও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি, কোথাও সার্কিট হাউস ব্যবহার, আবার কোথাও সড়ক বন্ধ করে প্রচারসভা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার সতর্ক করে দেওয়া হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তা আমলে নেওয়ার প্রয়োজন বোধ করছেন না।সার্বিকভাবে চার সিটি করপোরেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও সহিংসতা ও নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। রাজশাহীতে আওয়ামী লীগ-সমর্থক প্রার্থী জামায়াত-শিবির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সহিংসতার আশঙ্কা করছেন। ৩ জুন পুলিশ কাশিয়াডাঙ্গা এলাকায় দুই যুবককে ধাওয়া করলে অস্ত্র ফেলে তাঁরা পালিয়ে যান। এর আগে শিবিরের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। অন্যদিকে বিরোধী দলের ভোটব্যাংক বলে পরিচিত এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারীরা মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি-সমর্থক প্রার্থী। এসব অভিযোগ সম্পর্কে প্রশাসন তথা নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সেই নিশ্চয়তা তাদেরই দিতে হবে। কেউ আইন অমান্য করলে দলমত-নির্বিশেষে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভোট গ্রহণের দিন তো বটেই, নির্বাচনী প্রচারণায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। সেনাবাহিনী তলবের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার ‘প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার’ কথা বলেছেন। এটি যে নিছক কথার কথা নয় সেটাই দেশবাসী দেখতে চায়। চার সিটি করপোরেশন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জও বটে। নির্বাচনে কে জয়ী হবেন, সেই সিদ্ধান্ত নেবেন ভোটাররা। কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে জয়ী করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই। সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করতে পারবে কি না, তা দেখার জন্য আমাদের ১৫ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।