চাল আমদানি বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) পূর্বাভাস দিচ্ছে, এ বছর বাংলাদেশে বোরো ধানের উৎপাদন হবে রেকর্ড পরিমাণ ২ কোটি ৯০ লাখ মেট্রিক টন। গেল মৌসুমে আমনের ফলনও ভালো হয়নি। কিন্তু এই বাম্পার ফলনের সুবিধা কৃষক পাচ্ছেন না সরকারের কতিপয় ভুল সিদ্ধান্তের কারণে।
প্রথমত, ধানের উৎপাদন ব্যয় বাড়লেও বাজারমূল্য বাড়েনি। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে এর মূল্য ৬ শতাংশ কমেছে। এ অবস্থায় কৃষককে সুরক্ষা দিতে হলে বাজারদরের চেয়ে বেশি দামে তাঁদের কাছ থেকে সরাসরি ধান কিনতে হবে। সেই লক্ষ্যে সরকার মণপ্রতি ধানের ও গমের ক্রয়মূল্য যথাক্রমে ৮৮০ টাকা ও ১ হাজার ১২০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু সেটি কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই–এর মতো। আবার অন্যদিকে একটি শক্তিশালী সিন্ডিকেট দেশে যথেষ্ট ধান উৎপাদিত হওয়া সত্ত্বেও ভারত থেকে চাল আমদানি করছে।
পরিসংখ্যান বলছে, ধান চাষে কৃষকের মণপ্রতি ব্যয় ৭০০ থেকে ৭৫০ টাকা হলেও কৃষক নতুন ধানের দাম পাচ্ছেন ৪৫০ থেকে ৫০০ টাকা। ফলে কৃষককে মোটা অঙ্কের অর্থ লোকসান গুনতে হচ্ছে। চালকল মালিকেরাও ধান কিনছেন না ভারতীয় চালের কম দামের অজুহাতে। ফলে ১৮০০ চালকলের মধ্যে ১৫০০ই অচল।
অস্বীকার করার উপায় নেই যে বর্তমান সরকারের কৃষিবান্ধব কর্মসূচির কারণেই খাদ্য উৎপাদন বেড়েছে। জনসংখ্যা বৃদ্ধি সত্ত্বেও খাদ্যঘাটতি কমে এসেছে। সরকারের দাবি, দেশে উদ্বৃত্ত খাদ্য রয়েছে এবং রপ্তানিরও উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে শুল্কমুক্ত চাল আমদানির অনুমতি দেওয়ার যুক্তি কী? সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টির ছয়জন সাংসদ মঙ্গলবার খাদ্যমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে অবিলম্বে চাল আমদানি বন্ধ, সিন্ডিকেট বন্ধ, কৃষকের কাছ থেকে সরাসরি চাল কেনা, প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। তাঁদের এই দাবি যৌক্তিক।
আশা করি, সরকার কৃষকদের ন্যায্যমূল্য পাওয়ার সমস্যাটি উপলব্ধি করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিলম্ব করবে না।