চাল আমদানির রহস্য কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ৩০ থেকে ৩৫ লাখ টন চাল আমাদের উদ্বৃত্ত আছে।’ এই বক্তব্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের। খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও বলেন, ‘দেশে চালের কোনো সংকট নেই। বরং আমরা ইতিমধ্যে শ্রীলঙ্কায় চাল রপ্তানি করেছি। আফ্রিকার সাতটি দেশ বাংলাদেশ থেকে চাল আমদানির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।’
অর্থাৎ, দুই মন্ত্রীর ভাষ্য অনুযায়ী বাংলাদেশের ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা’ এমন যে নিজেদের চাহিদা মেটানোর পরও উদ্বৃত্ত চাল থেকে যায়, যা আমরা রপ্তানি করতে পারি।
তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আমরা চাল আমদানি করছি কেন? গত অর্থবছরে আমদানি করা হয়েছে ১৪ লাখ ৯০ হাজার মেট্রিক টন চাল। চালের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার পরও চলতি বছরের এ পর্যন্ত আমদানি হয়েছে ২ লাখ ১৭ হাজার টন এবং ১৯ মার্চ পর্যন্ত এলসি খোলা হয়েছে আরও ৩ লাখ ২৯ হাজার টন চাল আমদানির জন্য।
চাল উদ্বৃত্ত, তবু আমদানি চলছে যে দেশে চাল উদ্বৃত্ত আছে, সে দেশে তা আমদানি হচ্ছে কেন? প্রথম আলোর এই প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেছেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী এ কাজ করছে।’ কিন্তু চাল আমদানি কারা করছে প্রশ্ন এটা নয়, প্রশ্ন হলো যারা আমদানি করছে তারা তা করছে কেন? তারা এই চাল কার কাছে বিক্রি করছে? আর যারা তা কিনছে, তারা কেন কিনছে?
এসব প্রশ্ন আমাদের নিয়ে যাবে কিছু গোড়ার প্রশ্নে—বাংলাদেশে বছরে উৎপাদিত চালের মোট পরিমাণ ও মোট চাহিদা কত? মোট উৎপাদন মোট চাহিদার চেয়ে কি আসলেই বেশি? যদি বেশি হয়, তাহলে চাল আমদানি হয় কেন?
চাল উৎপাদনের মোট হিসাব যদিও–বা আছে, মোট চাহিদার সঠিক হিসাব নেই, কারণ তা নিরূপণ করা হয়নি। এ কাজটা করা খুব জরুরি। সঠিক তথ্য না থাকলে নীতি প্রণয়ন, পরিকল্পনা ও ব্যবস্থাপনা সঠিক হয় না।