চাল ও সবজির বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এখন সব ধরনের শাকসবজির দাম অস্বাভাবিক মাত্রায় বেশি। এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম প্রায় দ্বিগুণ বেড়ে গিয়ে উঠেছে কেজিপ্রতি ৮০ টাকায়। শসার কেজি ৯০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা ৭০ টাকা। কাঁচা মরিচের কথা বলাই বাহুল্য, ১ কেজির দাম ২৫০ টাকা পেরিয়ে গেছে। এখন রাজধানীর কোনো কাঁচাবাজারে কেজি দরে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না।

চালসহ প্রায় সব ধরনের কৃষিপণ্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ প্রাকৃতিক। বন্যায় হাওরাঞ্চলসহ দেশের ৩২টি জেলায় বোরো ও আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শাকসবজির ফলন বেশ কম হয়েছে। ব্যবসায়ীরা সবজির দাম বাড়ার কারণ উল্লেখ করতে গিয়ে বলছেন, সরবরাহ কম। সত্য বটে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে পণ্যের দাম বাড়ে। এবার যেহেতু প্রাকৃতিক বিপর্যয়ের ফলে খাদ্যশস্য ও শাকসবজির ফলন কম হয়েছে এবং সরবরাহ কমে গেছে, তাই কিছু করার নেই—এ রকম ভেবে হাত গুটিয়ে বসে থাকা চলে না।

দেশে বেসরকারি খাতে কী পরিমাণ চালের মজুত আছে, সে সম্পর্কে নিশ্চিত তথ্য সরকারের কাছে নেই। কিন্তু চালকলের মালিক ও চাল ব্যবসায়ীরা জানেন, সরকারি মজুত অত্যন্ত কম। তাই বেসরকারি খাতে মজুতের পরিমাণ নির্ণয় করে দেখা প্রয়োজন চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ যৌক্তিক, না এর পেছনে অতিরিক্ত মুনাফালোভী চালকলের মালিক ও চাল ব্যবসায়ীদের কারসাজি আছে।

সরকারি গুদামে চালের মজুত অস্বাভাবিক মাত্রায় কমে যাওয়া, বন্যায় ফসলহানি এবং বেসরকারি খাতের মজুত সম্পর্কে অস্বচ্ছতা—এসব মিলিয়ে চালের বাজার এমন চড়া হয়েছে। এখন আমদানি-প্রক্রিয়া দ্রুততর করা এবং স্থানীয়ভাবে চাল সংগ্রহ করার মাধ্যমে সরকারি মজুত দ্রুত বাড়ানো প্রয়োজন, যার ইতিবাচক প্রভাব চালের বাজারে দৃশ্যমান হবে।

শাকসবজির দাম বেশি, কিন্তু চাষিরা খুশি নন—এমন খবরও পাওয়া যাচ্ছে। কারণ, ভোক্তাদের কাছে যে দামে সবজি বিক্রি হচ্ছে, চাষিরা পাচ্ছেন তার চেয়ে অনেক কম। মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট আর সবজি পরিবহনের বিভিন্ন স্তরে চাঁদাবাজির ফলে শেষ পর্যন্ত দাম মাত্রাতিরিক্ত বেশি হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।