ঘোষণা দিয়েও দীর্ঘদিনে দেশে ১৩টি স্থলবন্দর চালু না হওয়ার বিষয়টি দুঃখজনকই বটে। এই ১৩টির মধ্যে ৩টির আবার ঘোষণা দেওয়া হয়েছে ১৫ বছর আগে। এই পরিস্থিতি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি আর উদাসীনতার বিষয়টিকেই তুলে ধরছে।
সোমবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ২৩টি স্থলবন্দরের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে বর্তমানে ১০টি স্থলবন্দর হিসেবে পরিচালিত হচ্ছে। বাকি ১৩টি এখনো চালু করা যায়নি। প্রয়োজনীয় ও লাভজনক খাত হলেও স্থলবন্দরগুলো চালুর ব্যাপারে সংশ্লিষ্টদের এই উদাসীনতা সত্যিই হতাশাজনক।
ফেনীর বিলোনিয়া, চুয়াডাঙ্গার দর্শনা, খাগড়াছড়ির রামগড়সহ যে ১৩টি স্থলবন্দর চালু হয়নি, সেগুলোতে কোনো অবকাঠামোই তৈরি হয়নি। বন্দরে যাওয়ার জন্য নেই কোনো সংযোগ সড়ক। অথচ গত সাত বছরে চালু থাকা ১০টি স্থলবন্দরের মুনাফা আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে চালু থাকা ১০টি স্থলবন্দর মুনাফা করেছে ৩১ কোটি টাকার বেশি। অথচ ২০০৯-১০ অর্থবছরে এর পরিমাণ ছিল ১৪ কোটি টাকা। সরকারের কোষাগারে অর্থ জমা দেওয়ার পরও স্থলবন্দর কর্তৃপক্ষের স্থায়ী আমানতের পরিমাণ বাড়ছে। সর্বশেষ গত নভেম্বর মাস পর্যন্ত স্থায়ী আমানতের স্থিতি হলো ১৮০ কোটি টাকা। অর্থাৎ এই বিপুল পরিমাণ অর্থ অলস পড়ে আছে।
এ ব্যাপারে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, চালু না হওয়া স্থলবন্দরগুলোর বেশির ভাগের মূল সমস্যা হলো সংযোগ সড়ক না থাকা। এসব স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ করেও লাভ হবে না, যদি সংযোগ সড়ক না থাকে। আর সংযোগ সড়ক তৈরির বিষয়টি স্থলবন্দর কর্তৃপক্ষের হাতে নেই, এটি সড়ক ও জনপথ বিভাগের কাজ। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য হচ্ছে, সড়ক তৈরির ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ বা সরকারকে বোঝানোর দায়িত্বটিও স্থলবন্দর কর্তৃপক্ষের ওপরই পড়ে। আমরা আশা করব, স্থলবন্দরের গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার অবিলম্বে ঘোষণা দেওয়া ১৩টি স্থলবন্দর চালুর উদ্যোগ নেবে।