চালের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন হলো, চালের দাম এত বেশি বাড়ল কেন। খাদ্যব্যবস্থা পরিকল্পনা ও ব্যবস্থাপনার ত্রুটি, দূরদৃষ্টির অভাব, খাদ্য নিয়ে রাজনীতি ইত্যাদি কারণের কথা উল্লেখ করতে হয়। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেখানো, জনগণকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি ইত্যাদির পেছনে যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করেছে, তা বাস্তবতা সম্পর্কে সঠিক ধারণা রাখার পথে প্রতিবন্ধক হয়েছে। যখন চাল আমদানি করার প্রয়োজন ছিল না, তখন চাল আমদানি করা হয়েছে; একসময় দেশের বাজারে চালের দর এতটা কমে গিয়েছে যে ক্ষতিগ্রস্ত কৃষকেরা পরের মৌসুমে চাল উৎপাদনে নিরুৎসাহিত হয়েছেন। আর এ বছর হাওর-অধ্যুষিত জেলাগুলোতে ব্যাপক ফসলহানি বর্তমান পরিস্থিতি সৃষ্টির একটা বড় কারণ।

জটিল বাস্তবতা হলো, সরকারি গুদামে চালের মজুত এখন মাত্র ২ লাখ ৩১ হাজার টন। গত ১০ বছরের মধ্যে এটা সর্বনিম্ন মজুত। বিশেষজ্ঞরা বলেন, সরকারি গুদামে কমপক্ষে ৬ লাখ টন চাল মজুত থাকা অবশ্য প্রয়োজন, মজুত এর চেয়ে কমে গেলে চাল ব্যবসায়ীরা এর সুযোগ নেবেন, চালের দাম বাড়বে। এবার মূলত সেটাই হচ্ছে। এখন সরকার ধান-চাল সংগ্রহ করতেও পারছে না। কারণ, বাজারে চালের দাম ৪৮ টাকা হলে সরকার-নির্ধারিত ৩৪ টাকা দরে কেউ সরকারকে চাল দেবে না, এটা বলার অপেক্ষা রাখে না। এর চেয়েও গুরুতর কথা হলো, বাজারে বর্তমানে কী পরিমাণ চাল আছে, এ সম্পর্কে কোনো তথ্য-উপাত্ত সরকারের কাছে নেই। অথচ খাদ্য মজুত নিয়ন্ত্রণ আইন অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এটা নিয়মিত মনিটর করা ও হিসাব রাখা। এই দায়িত্বহীনতার শাস্তি হওয়া উচিত। কারণ, এর পরিণতিতে এখন চালের বাজার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হবে।

চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া ও বিপুলসংখ্যক মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি এড়াতে হলে অতি দ্রুত সরকারি গুদামে চালের মজুত বাড়াতে হবে। চাল আমদানির বিকল্প নেই। সেই সঙ্গে সম্ভাব্য মজুতদারি ও কৃত্রিম সংকট রোধের জন্য কঠোর নজরদারি দরকার।