অবশেষে আমদানিকারকেরা বন্দর থেকে চাল খালাস করা শুরু করেছেন। এটি ভালো সিদ্ধান্ত। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নও উঠবে, কেন তাঁরা কয়েক দিন ধরে বন্দরে চাল আসার পরও খালাস করা থেকে বিরত থেকে লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখলেন?
বাংলায় একটি প্রবাদ আছে, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। চাল আমদানিকারকেরা নিজের পৌষ মাস নিশ্চিত করতে লাখ লাখ মানুষের সর্বনাশের আয়োজন করেছিলেন। আমদানি শুল্ক নিয়ে তাঁরা সরকার বা এনবিআরের সঙ্গে দর-কষাকষি করতে পারেন। কিন্তু ক্রেতাদের জিম্মি করার কোনো অধিকার তাঁদের নেই। আমদানিকারকদের এই অনৈতিক কাজকে উৎসাহিত করেছে খোদ খাদ্যমন্ত্রীর একটি বক্তব্য। ৪ মে তিনি বলেছিলেন, চালের ওপর আমদানি শুল্ক কমানো হতে পারে। যদিও আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার ঘোষণা এল ২০ জুন। এই দেরির কী কারণ থাকতে পারে?
আমদানিকারকেরা চাইছেন, শুল্ক প্রত্যাহারের আগে আমদানি করা চালের জন্যও এই সুবিধা দিতে হবে। তাঁরা এটি আইনগতভাবে পারেন না। তাঁরা আমদানি শুল্কের বিষয়টি সামনে আনতে পারতেন যদি অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমতির দিকে থাকত। বাস্তবে চালের বাজার বেড়েই চলেছে। ফলে আমদানিকারকদের লোকসানেরও কোনো প্রশ্ন ওঠে না।
চালের ওপর আমদানি শুল্ক কমানো কিংবা বন্দরে চাল খালাসের প্রভাব বাজারে পড়বে কি না, তা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। এখনো আমদানি করা চালের পরিমাণ খুবই কম। অন্যদিকে চালকলের মালিকেরা চাল ছাড়ছেন না বলেও খবর প্রকাশিত হয়েছে। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে, বাজার তদারক করার কোনো ব্যবস্থাই সরকারের নেই। এ রকম লাগামছাড়া অবস্থা চলতে দেওয়া যায় না।
প্রতিবছর রোজায় সাধারণত সেসব পণ্যের দাম বাড়ে, যেসব পণ্যের বাড়তি চাহিদা থাকে। ছোলা, চিনি, তেল, খেজুর ও বেগুন এই তালিকায় থাকলেও চালের দাম বাড়ার কারণ নেই। কিন্তু এবার হাওরের ভয়াবহ বন্যা এবং বোরো ধানের উৎপাদন কম হওয়ায় আগে থেকেই চালের দাম ছিল ঊর্ধ্বমুখী। অথচ সরকার বাজার নিয়ন্ত্রণে মৌখিক আশ্বাসের বাইরে তেমন কিছু করেনি। ফলে রোজায় চালের দাম এক লাফে ২০ থেকে ৩০ শতাংশ দাম বেড়ে যায়।
এর প্রতিকারে বাজারে চালের সরবরাহ ও আপৎকালীন মজুত বাড়ানোর পাশাপাশি কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প আছে বলে মনে হয় না।