‘গ্যাস থাকলে চুলা জ্বলে, না থাকলে সংসার জ্বলে’—রাজধানীর কিছু এলাকার মানুষ এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। রান্নার গ্যাস যে কত মহামূল্যবান সম্পদ, তা প্রতিদিন তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁরা উপলব্ধি করছেন। বিশেষ করে পুরান ঢাকা, মোহাম্মদপুরের শ্যামলী, শেখেরটেক, আদাবর, মিরপুরের ইব্রাহিমপুর, কাফরুল ইত্যাদি এলাকার মানুষের কাছে গ্যাস–সংকট এক নিত্যদিনের সমস্যা।
পুরান ঢাকা বাদে দুদিন আগেও এসব জায়গায় সকাল সাতটায় গ্যাস চলে যেত, আসত বিকেল চারটা-পাঁচটায়। তার মানে ভোর সাতটার
আগেই সারা দিনের রান্নাবান্না শেষ করে ফেলতে হতো। যার বাসায় মাইক্রোওয়েভ ওভেন আছে, তিনি ছাড়া আর কারও কপালে দিনে গরম ভাত জুটত না। পুরান ঢাকায় এ অবস্থা এখনো আছে। অন্য এলাকা একটু পরিত্রাণ পেয়েছে।
এই আপাত পরিত্রাণের কারণ হলো ১৫ ডিসেম্বর জাতীয় গ্রিডে আরও ২০০ মিলিয়ন ঘনফুট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) যুক্ত হয়েছে। জাতীয় গ্রিডে নতুন এলএনজি যুক্ত হওয়ার পর তিতাস গ্যাস কোম্পানির জন্য বরাদ্দ বাড়ানো হয়। এতে সাময়িকভাবে ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস-সংকট কমেছে। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ব্যবহারও বাড়বে। শীতে গৃহস্থালির কাজসহ বিভিন্ন কারণে ১৫০ থেকে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা বেড়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চাহিদা বাড়ার ফলে আবার সংকট দেখা দিতে পারে।
বর্তমানে গ্যাসের যে চাহিদা, তা মেটানো সহজসাধ্য নয়। এই সত্যকে মাথায় নিয়েই সরকারকে সংকট মোকাবিলা করতে হবে। অনেক দিন ধরেই গ্যাসের সঠিক ব্যবহার নিয়ে যুক্তিতর্ক চলছে। রান্নাবান্নার কাজসহ যানবাহনের জ্বালানি, শিল্পকারখানা এমনকি বিদ্যুৎ উৎপাদনেও গ্যাসের ব্যবহার হচ্ছে। বিদ্যুৎ-ব্যবস্থা উন্নত রাখার জন্য বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষসহ বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে বেশি হারে গ্যাস দিতে হচ্ছে। যার প্রভাব
পড়ছে আবাসিক গ্যাস সরবরাহে। এ কারণে সরবরাহ ব্যবস্থায় দ্রুত ভারসাম্য আনা দরকার।
বাংলাদেশের গ্যাসক্ষেত্রগুলোতে কী পরিমাণ গ্যাস মজুত আছে, সেটিও এখন পর্যন্ত সঠিকভাবে বলতে পারছেন না জ্বালানি বিশেষজ্ঞরা। এ ছাড়া নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা কতটুকু, এ নিয়েও পরিষ্কার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। বর্তমানে মজুত গ্যাসে কত দিন চলবে, সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ অবস্থায় গ্যাসের সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোয় সংস্কার আনা দরকার।
পুরান ঢাকার গ্যাসের পাইপলাইন ও এ–সংক্রান্ত অবকাঠামো নবায়ন করা দরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য থেকেই এটি পরিষ্কার যে সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করার মতো সক্ষমতাসম্পন্ন পাইপলাইন নেই। সেখানে যত দ্রুত সম্ভব গ্যাস অবকাঠামোর সংস্কার দরকার।