দক্ষ জনশক্তি গড়ে তোলা ও এর সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থা নিয়ে যে আমাদের কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনা নেই, তার প্রমাণ পাওয়া গেল জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনায় উঠে আসা নানা তথ্য-উপাত্তে।
বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের পথে যাত্রা শুরু করেছে। নীতিনির্ধারকদের মুখে আরও সামনে যাওয়ার লক্ষ্যের কথা শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আরও সামনে যেতে আমাদের সামনে আদৌ কোনো পরিকল্পনা আছে কি? দেখা যাচ্ছে, উন্নত বিশ্বে যেখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে ৬০ থেকে ৭০ শতাংশ, সেখানে বাংলাদেশে মাত্র ১০ শতাংশ। আমরা তবে স্বপ্ন দেখছি কিসের ওপর ভিত্তি করে?
রোববার ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও এফবিসিসিআই আয়োজিত সভায় বক্তাদের মুখে দেশে দক্ষ জনশক্তির অভাবের করুণ চিত্র ফুটে উঠেছে। দেশের সামগ্রিক শিক্ষা পরিকল্পনায় কতটা অদূরদর্শিতা থাকলে একটি ব্যবস্থাপক পদের বিপরীতে যেখানে ২২ হাজার আবেদন পড়ে, সেখানে কারিগরি পদে লোক পাওয়া যায় না! এফবিসিসিআইয়ের সভাপতি বলেছেন, প্রতিবছর ২০ লাখ লোক কাজের বাজারে প্রবেশ করলেও তাঁদের অধিকাংশই কাজ পাওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত নন।
প্রতিবছর যে লোকজন কাজের বাজারে প্রবেশ করেন, তাঁদের বাজার উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন যথাযথ নীতি–সমর্থন। কিন্তু আমরা দেখছি এর অভাবে ও ভুল নীতির কারণে একদিকে যেমন দেশের বিপুল জনগোষ্ঠী চাকরি ও কর্মসংস্থানের অভাবে হতাশায় ডুবে আছে, তেমনি অন্যদিকে আমাদের উদ্যোক্তাদের ভুগতে হচ্ছে দক্ষ জনশক্তির অভাবে। ফলে বাধ্য হয়ে উদ্যোক্তাদের বিদেশি জনশক্তির ওপর নির্ভর করতে হচ্ছে। এফবিসিসিআইয়ের সভাপতির উদ্ধৃত হিসেবে তাঁরা প্রতিবছর বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন প্রায় ৬০০ কোটি ডলার।
প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও গবেষণা ছাড়া কোনো পরিকল্পনা বা নীতি নেওয়া যায় না। আমাদের শ্রমবাজারের চাহিদা যথাযথভাবে নির্ধারণ করার কাজটি তাই শুরুতে গুরুত্ব দিয়ে করতে হবে। সেই চাহিদা বিবেচনায় রেখে বা সামনে কী কী ক্ষেত্রে চাহিদা তৈরি হবে বা বাড়বে, তা বিবেচনায় নিয়ে জনশক্তিকে সেভাবে শিক্ষিত ও প্রশিক্ষিত করে তুলতে হবে। দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে এর সঙ্গে সংগতিপূর্ণ করে সাজাতে হবে।