চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে বাঁচানবাংলাদেশের অন্যতম গৌরব একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এই বনাঞ্চল বিস্তৃত। এই বনাঞ্চলের শুধু প্রাকৃতিক অপার সৌন্দর্যই নয়, অর্থনৈতিক গুরুত্ব অনেক। এই বনের মধু, গোলপাতা, কাঠ আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবনের অবদান অনেক। উপকূলীয় এলাকায় সিডর, আইলার প্রাকৃতিক দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হওয়ার কারণ এই বনাঞ্চল। অথচ কিছু অসৎ ব্যক্তি নির্বিচারে এই বন উজাড় করছে। গাছপালা কেটে চিংড়ি মাছের খামার, আবাদি জমি তৈরি, বসতভিটা নির্মাণ করছে। এলাকার হাজারো মানুষের জীবন-জীবিকা এই বনজ সম্পদের ওপর নির্ভর। পশুপাখির জন্য নিরাপদ চারণভূমি করতে হবে। অবৈধ শিকার বন্ধ, গাছ কাটা রোধ করতে হবে। নতুন গাছ রোপণের উদ্যোগ নিতে হবে। সরকারের উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। রাজিয়া সুলতানাশ্যামনগর, সাতক্ষীরা।গ্যাস অপচয় গ্যাস আমাদের জাতীয় সম্পদ, তা অপচয় করার অধিকার আমাদের কারও নেই। এই গ্যাস অপচয় রোধ করার ব্যাপারে বিভিন্নভাবে জনগণকে সচেতন করার চেষ্টা চলছে। কিন্তু এর তেমন ফল পাওয়া যায়নি। নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি অনেক মা-বোনই আছেন, যাঁরা একটি ম্যাচের কাঠি বাঁচানোর জন্য কাজ শেষে গ্যাসের চুলা বন্ধ করেন না। ফলে ঘটে যায় আগুন লাগার মতো ভয়ংকর দুর্ঘটনা। গ্যাস অপচয় নিজের জন্যও বিপদ ডেকে আনতে পারে। যাঁরা চুলা অহেতুক জ্বালিয়ে রেখে গ্যাস অপচয় করেন, তাঁদের কাছে প্রশ্ন, আপনারা কি একবারও চিন্তা করেন না, এই জাতীয় সম্পদ গ্যাসের ওপর বাংলাদেশের ১৬ কোটি মানুষের অধিকার রয়েছে। এ ধরনের অপচয় চলতে থাকলে সামনে যে গ্যাস-সংকট দেখা দেবে, এর ফল আপনারাই ভোগ করবেন। তাই আসুন, আমরা সবাই জাতীয় সম্পদ গ্যাস ব্যবহারে সচেতন হই। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রতিটি বাসায় গ্যাসের মিটারের ব্যবস্থা করা গেলে জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধ করা যাবে নিশ্চিত। যা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে।মো. রবিউল করিমসিরাজগঞ্জ।সাংবিধানিক স্বীকৃতিবাংলাদেশের ভূখণ্ডে ছোট ছোট বেশ কিছু নৃতাত্ত্বিক জাতিসত্তার বাস। এদের কথা পাকিস্তান আমলে দেশবাসী তেমন কিছু জানত না। একাত্তরের মুক্তিযুদ্ধের পর বহু ঘটন-অঘটন পরম্পরায় আজ দেশবাসী জানতে পারছে এদের জীবনকাহিনি, এদের অবর্ণনীয় জীবনযন্ত্রণা। আদিবাসীদের ওপর এই অযাচিত যন্ত্রণা আর নির্যাতনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের ফলে ১৯৯৬ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। ক্রমেই সেখানে শান্তি আসতে শুরু করে। কিন্তু এক অজানা কারণে আজও সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। যার কারণে আদিবাসী অঞ্চলে সার্বিক শান্তি প্রতিষ্ঠা হয়নি। আমরা আশা করি, বর্তমান গণতান্ত্রিক সরকারের উদ্যোগে তা প্রতিষ্ঠা হবে এবং সাংবিধানিক স্বীকৃতি পাবে। তবে এ কথাও সত্য, সংগ্রাম-আন্দোলন ছাড়া এত বড় একটা অর্জন কোনোভাবেই সম্ভব নয়। তাই আমি সব আদিবাসী সম্প্রদায়কে মিলিতভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এই আন্দোলনে আমরা আদিবাসী মণিপুরি মুসলিম সম্প্রদায় সর্বান্তকরণে শামিল রয়েছি। আমরা চাই, সব আদিবাসীর সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক। এ দাবি আমাদের ন্যায়সংগত দাবি। তাই আমরা মনে করি, আজ না হয় আগামীকাল আমাদের এই ন্যায়সংগত দাবি পূরণ করতেই হবে।নাইমা চৌধুরী , মৌলভীবাজার।ট্রেনে কালোবাজারি আমাদের দেশে ট্রেনে চলাচলের অন্য নাম হলো বিড়ম্বনা। ইদানীং পশ্চিমাঞ্চলের আন্তনগরগুলোয় (বিশেষত রূপসা, বরেন্দ্র ও তিতুমীর) কালোবাজারির দৌরাত্ম্য সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। তাদের অবৈধ মালামাল সিটের নিচে, বাংকারে প্রকাশ্যে রাখে। কখনো এই সুযোগে তারা যাত্রীদের সঙ্গে বিভিন্ন প্রতারণা, চুরি বা অপমানজনক পরিস্থিতির অবতারণা ঘটায়। রেল পুলিশ দেখেও না দেখার ভান করে, আবার এর সঙ্গে একশ্রেণীর রেল পুলিশের সহায়তা বা পূর্ব সমঝোতাও থাকে বলে বিষয়টি ওপেন সিক্রেট। ফলে নিরীহ যাত্রীরা অসহায় হয়ে রেলে যাতায়াত ছেড়ে দিচ্ছেন। রেল হারাচ্ছে তার সুনাম, সম্মুখীন হচ্ছে লোকসানের। সুতরাং আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালোবাজারিদের দিকে দৃষ্টি দেবে। মো. ইফতেখার রহমান নওগাঁ।‘বাম্পার ফলন’গত ৯ মে প্রথম আলোর সম্পাদকীয় কলামে ‘বাম্পার ফলন’ শীর্ষক শাইখ সিরাজের একটি লেখা প্রকাশিত হয়েছে। এ জন্য তাঁকে প্রথমেই ধন্যবাদ জানাই এ ধরনের একটি যুগোপযোগী লেখা উপহার দেওয়ার জন্য। ওই কলামে বাংলাদেশের কৃষিক্ষেত্রের একটি প্রকৃত চিত্র ফুটে উঠেছে। যা এককথায় অনন্য। দেশে অবাধ তথ্যপ্রযুক্তির মাধ্যমে কৃষিনির্ভর সেবা পৌঁছানোর পরও যদি বিভ্রান্তিকর তথ্য নিয়ে কাজ করতে হয়। তাহলে কেন এত সব আয়োজন, তা আমার প্রশ্ন? কলামের উল্লেখযোগ্য দিক হলো—বর্তমানের ডিজিটাল কৃষি, স্বাস্থ্য তথ্য, যোগাযোগ ও শিক্ষিত সমাজে সংখ্যা তথ্যহীন বাম্পার ফলনের ব্যবহার বেড়ে চলছে, যা কিছুতেই কাম্য নয়। আমার কাছেও বিষয়টি যুক্তিযুক্ত বলে মনে হয়েছে। আশা করি, তাঁর গুরুত্বপূর্ণ লেখনীর মাধ্যমে সরকার কৃষির ব্যাপারে সঠিক ও যথাযথ পরিকল্পনা এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। সে মোতাবেক কাজ করে যাবে। এটিই আমাদের সবার প্রত্যাশা। অমিত বণিককটিয়াদী, কিশোরগঞ্জ।পর্যটনশিল্পবর্তমান বিশ্বে অনেক দেশ পর্যটনকে ঘিরে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। যার প্রকৃৃত উদাহরণ বলা যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড ও ভারত। এ ছাড়া ইউরোপ ও আমেরিকার অনেক দেশ তাদের দর্শনীয় স্থানগুলো থেকে প্রচুর অর্থ আয় করে থাকে। অথচ বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক পিছিয়ে। বাংলাদেশের পর্যটন খাত খুবই সমৃদ্ধ। আমাদের আছে পার্বত্য অঞ্চলের অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের অপার বিস্ময়, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, প্রবালদ্বীপ সেন্ট মার্টিন (নারিকেল জিঞ্জিরা), কুয়াকাটা, চায়ের দেশ সিলেট, বগুড়ার মহাস্থানগড়, রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ী, কুমিল্লার ময়নামতি, ঢাকার লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল, সোনারগাঁ, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ—এ রকম দর্শনীয় স্থান আরও অনেক আছে। তথ্যসহ ব্যাপক প্রচার, পর্যটকদের নিরাপত্তা, ভালো যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ও আবাসন সুবিধাই পারে বিদেশি পর্যটকদের এ দেশে ভ্রমণে উৎসাহী করতে। সাধারণ জনগণের ভেতর সচেতনতা বৃদ্ধি করতে হবে, তারা যাতে পর্যটকদের সঙ্গে সহযোগিতার মনোভাব পোষণ করে। আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় পর্যটন খাত থেকে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসুন, সবাই এগিয়ে আসি, দেশের উন্নয়নে ভূমিকা রাখি।মো. ইমতিয়াজুর রহমানমোহাম্মদপুর, ঢাকা।