চি ঠি প ত্র
প্রতিক্রিয়া: অন্য রকম গণযোদ্ধাসেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) কাজী নূরুজ্জামান বীর উত্তমের প্রয়াণের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়ার অন্য রকম গণযোদ্ধা শিরোনামে ৭ মে প্রথম আলোয় প্রকাশিত ‘শ্রদ্ধাঞ্জলি’ আমার দৃষ্টি আকর্ষণ করে।বস্তুত ওই শ্রদ্ধাঞ্জলিতে সন্নিবেশিত তথ্যাদির বিভ্রাট মহান স্বাধীনতাযুদ্ধের সঠিক ও যথার্থ ঐতিহাসিক সত্যের সঙ্গে সাংঘর্ষিক। সম্ভবত লেখকের স্মৃতিবিভ্রমজনিত তথ্যবিভ্রাট। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে বৃহত্তর রাজশাহীর (বর্তমান চাঁপাইনবাবগঞ্জ) মহানন্দার তীরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। কখনোই এই বীরশ্রেষ্ঠের মরদেহ ভারতের মালদহে নেওয়া হয়নি, যা ৭ নম্বর সেক্টরের প্রাসঙ্গিকতায় এযাবৎ প্রকাশিত সব দলিল ও বইয়ে স্পষ্টত প্রতীয়মান। এমনকি জীবিত ও প্রত্যক্ষদর্শী সহযোদ্ধাদের জবানবন্দিতেও এর প্রমাণ মেলে। সদ্য প্রয়াত সেক্টর কমান্ডার লে. কর্নেল কাজী নুরুজ্জামান বীর উত্তম রচিত ৭১ ও মুক্তিযুদ্ধ: একজন সেক্টর কমান্ডারের স্মৃতিকথা এবং হাসান শাহরিয়ার সম্পাদিত সম্ভবত সেক্টর কমান্ডাররা কে কী বললেন পুস্তকদ্বয়ের মালদহ সার্কিট হাউসের বারান্দায় ৭ নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হকের মরদেহ প্রসঙ্গে অবতারণা করা হয়েছে, যিনি ২৬ সেপ্টেম্বর একাত্তরে শিলিগুড়িতে ভারতের ৩৩ কোর সদর দপ্তরে কোর কমান্ডার লে. জেনারেল মোহনলাল থাপার সভাপতিত্বে মুক্তিযুদ্ধবিষয়ক উচ্চপর্যায়ের এক কনফারেন্স শেষে নিজ সেক্টরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহাদাতবরণ করেন। আমৃত্যু তিনি ওই সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে নিয়োজিত ছিলেন।আমরা কি সংবেদনশীল মহান মুক্তিযুদ্ধসংশ্লিষ্ট বিষয়ে অধিকতর সচেতন ও যত্নশীল হতে পারি না?নওরীন সাবা৭ নম্বর সেক্টরের প্রথম কমান্ডার শহীদ মেজর নাজমুল হকের কন্যা।