চি ঠি প ত্র
অভিনন্দনআমাদের দেশের ছাত্রছাত্রীদের জীবনে এসএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জীবনের অনেক ঘটনাই ভুলে যাই, কিন্তু এসএসসি পরীক্ষার দিনগুলোর কথা কখনো ভুলি না। পরীক্ষা যত না গুরুত্বপূর্ণ, ফলাফল প্রকাশ এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ১৩ মে সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজে ভাইবোনদের হাস্যোজ্জ্বল মুখের ছবি দেখেছি। তারা একে অপরকে জড়াজড়ি করে ধরে দুই আঙুল দিয়ে ‘ভি’ তৈরি করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল—সে ছবি আমরা দেখেছি। বিজয়ের এমন হাসি দেখলে অহংকারে আমার পা আর মাটিতে পড়ে না। এই হাসির পেছনে অনেক পরিশ্রম করেছেন শিক্ষামন্ত্রী। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন, অভিনন্দন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে।প্রথম আলোর প্রথম পাতায় দুজন কৃর্তী শিক্ষার্থীর প্রাণখোলা হাসির ছবিটি দেখেছি। এমন আনন্দের হাসি কে না হাসে। সবাই হাসতে চায়। একের পর এক যেন মাইলফলক তৈরি করছে তরুণ শিক্ষার্থীরা। সাফল্যের আনন্দে ভেসে তারা গত কয়েক বছরের মতো এবারও পার হলো মাধ্যমিক বিদ্যালয়। উত্তীর্ণের হার ও মেধাবীদের সংখ্যা—দুই দিক থেকেই এবারের এসএসসি পরীক্ষার ফলে নতুন মাইলফলক তৈরি হয়েছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় গড় উত্তীর্ণের হার এবার ৮২ দশমিক ১৬ শতাংশ। গতবারের গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ১৯ শতাংশ। এবার উত্তীর্ণের হার ৩ দশমিক ৯৭ শতাংশ বেশি। অভিনন্দন কৃতী ছাত্রছাত্রীদের, শিক্ষক সমাজ ও অভিভাবকদের। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’ আজ এই অঙ্গীকার হোক নবীন শিক্ষার্থীদের। বদরুল আলমইতিহাস বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়।হালদা নদীবাংলাদেশের সব নদীই আমাদের কাছে অমূল্য সম্পদ। কিন্তু সম্পদ আর সম্ভাবনার দিক বিবেচনায় ‘হালদা’ নদী যে অদ্বিতীয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দুঃখের বিষয়, আমরা তা মনে রাখিনি। দখল, দূষণ ও অতি আহরণের ফলে হালদা নদীর মৎস্য প্রজননক্ষেত্র হুমকির মুখে পড়েছে। এই নদীতে অপরিকল্পিতভাবে বেশ কয়েকটি বাঁক কাটা হয়েছে, তা ছাড়া হালদা থেকে পানির উৎস বের করার জন্য খালও খনন করা হয়েছে। ফলে, মাছের আবাসস্থল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার উপখালগুলোতে স্লুইস গেট বসানোর ফলে মাছের অবাধ চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এসব অস্বাভাবিক কারণে মা-মাছের বংশবিস্তার হচ্ছে না। নদীনির্ভর জনগোষ্ঠী যদি সচেতন না হয়, মাছের বংশবিস্তার রক্ষা করা সম্ভব নয়। হালদা নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা না করে প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করে নদীটিকে নিজের মতো থাকতে দেওয়া উচিত। এই অমূল্য সম্পদ কোনোভাবেই যেন হেলায় হারিয়ে না যায়, তা নিশ্চিত করতে হবে।জাহেদুর রহমান ইকবাল তাহেরপুর, বাগমারা।অজ্ঞ-বিশেষজ্ঞ প্রথম আলোয় প্রকাশিত ৯ ও ১০ মের প্রতিবেদন অনুসারে বর্তমান সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ভুয়া চিকিৎসক এম এ ওহাব খানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন বাংলাদেশে দ্বিতীয় ওয়াব খানের হদিস পাওয়া না যায়। মোহাম্মদ আবু ইউছুফপ্রধান শিক্ষকরায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়নাঙ্গলকোট, কুমিল্লা।চলনবিল বাঁচানবাংলাদেশের সবচেয়ে বড় এবং সমৃদ্ধ জলাভূমিগুলোর একটি চলনবিল। এটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও পাবনা জেলার চাটমোহর উপজেলা দুটির অধিকাংশ স্থানে বিস্তৃত এবং নাটোর জেলার সিংড়া উপজেলা ও গুমনী নদীর উত্তর পাড়ে অবস্থিত। এ বিলটি বিভিন্ন খাল ও জলখাত দ্বারা পরস্পর সংযুক্ত অনেক ছোট বিলের সমষ্টি। এ বিলে সারা বছর পানির প্রবাহ থাকত, কিন্তু এখন এর বুক চিরে যত্রতত্র রেলপথ, সড়কপথ, সেতু-কালভার্ট ও অসংখ্য অবকাঠামো নির্মাণের ফলে শুকনো মৌসুমের আগেই শুকিয়ে গেছে এর নদ-নদী, খাল, বিলসহ সব ধরনের জলাশয়। বিলের পানি স্থবির হয়ে পড়ায় মাছের উৎপাদন নেই। বন্ধ হয়ে গেছে কৃষকের ডিঙি, মাঝির নৌকা।চলনবিলের বুকজুড়ে থাকা অধিকাংশ পুকুরে পানি না থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র কৃষকেরা। তাঁরা আগে বিনা খরচে ধান চাষ করতে পারতেন। কিন্তু পানি না থাকায় তাঁদের চাষাবাদে সমস্যা হচ্ছে। ফলে উচ্চ মূল্য দিয়ে সেচযন্ত্র ও জ্বালানি কেনা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে তাঁরা কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন।মিঠা পানির মাছের প্রধান উৎস এই বিলের আশপাশে বসবাসকারী মানুষের জীবন-জীবিকা রক্ষা ও পরিবেশ রক্ষার জন্য চলনবিলকে বাঁচানো দরকার। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকার শিক্ষার্থী, সপ্তম সেমিস্টারভূগোল ও পরিবেশ বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।ভ্রম সংশোধনী১৪ মে প্রথম আলোর সম্পাদকীয় পাতায় ‘তারল্য, মুুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির সংকট’ শীর্ষক লেখাটিতে ব্যাংকের ঋণ সৃষ্টির উদাহরণে ব্যবহূত সূত্রটিতে অনবধানতাবশত একটা ভ্রান্তি রয়ে গিয়েছিল, যেটির প্রতি একজন মনোযোগী সদয় পাঠক আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। এটি নিরসন না করলে উৎসাহী পাঠক ও ছাত্রদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। প্রকৃতপক্ষে ঋণ সৃষ্টির সূত্রটি হবে এ রকম: মোট সৃষ্ট ঋণ=প্রাথমিক আমানত x গুণক (মাল্টিপ্লায়ার) এবং গুণক=১/সিআরআর। এখন সিআরআর যদি ২০% হয়, তাহলে গুণক=১/২০%, অর্থাৎ ১/.২০=৫। এ ক্ষেত্রে আদি আমানত যদি ১০০ টাকা হয়, তাহলে মোট সৃষ্ট ঋণ গিয়ে দাঁড়াবে ১০০x৫=৫০০ টাকায়। সিআরআর যদি ১৫ শতাংশে নামিয়ে আনা হয়, তাহলে গুণক=১/১৫%, অর্থাৎ, ১/.১৫=৬.৬৬। এ ক্ষেত্রে আদি আমানত ১০০ টাকা বেড়ে দাঁড়াবে ১০০x৬.৬৬=৬৬৬ টাকায়।অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।—ফারুক মঈনউদ্দীন