চি ঠি প ত্র
প্রতিক্রিয়া২৩ মে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্তকরণ’ শীর্ষক সম্পাদকীয়র প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উল্লিখিত কলামের প্রথম অংশে ২২ মে প্রথম আলোয় ‘সংবাদ প্রকাশের ফলে’ ছাত্রী উত্ত্যক্তকারী চারজন ছাত্রকে বহিষ্কার করার যে দাবি করা হয়েছে, তা সত্য নয়। উল্লিখিত চারজন ছাত্রকে ১৫ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বহিষ্কার করা হয়েছে।সম্পাদকীয়তে যৌন নিপীড়নের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে শিক্ষার্থীদের কৃতিত্ব উল্লেখ করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ‘যে তিমিরে ছিল, সেই তিমিরেই আছে’ বলে মন্তব্য করা দুঃখজনক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনও যৌন নিপীড়কদের শাস্তি প্রদানে পথপ্রদর্শক। ইতিপূর্বে এ ধরনের অভিযোগে তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে।ক্যাম্পাসে সন্ত্রাসীদের দাপটের বিষয়ে প্রশাসন ‘শিথিল’ বলে যে অভিযোগ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, তা উদ্দেশ্যমূলক, মনগড়া ও ভিত্তিহীন। ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়াসহ নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার দায়ে সরকারদলীয় ছাত্রসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের মতো প্রশংসনীয় ও সাহসী দৃষ্টান্ত এ বিশ্ববিদ্যালয়ই প্রথম স্থাপন করেছে। সুতরাং সন্ত্রাসীদের বিরুদ্ধে শিথিলের অভিযোগ সম্পূর্ণ বেমানান।এখানে আরও উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, অনেক আগেই এ বিশ্ববিদ্যালয়ে নারী সদস্যদের সমন্বয়ে যৌন নিপীড়নবিরোধী একটি কমিটি গঠন করা হয়েছে এবং এ কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। প্রথম আলোর মতো দায়িত্বশীল ও পাঠকপ্রিয় একটি পত্রিকার কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে।মীর আবুল কাশেমপরিচালক, জনসংযোগ অফিসজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।ছাতা উৎসব আষাঢ় মাস আসতে আর বেশি দিন বাকি নেই, এরই মধ্যে শুরু হয়ে গেছে ঝমঝম বৃষ্টি। এখন জ্যৈষ্ঠ মাস, কিন্তু আকাশের মেঘলা ভাব দেখলে মনে হয় যেন বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে। মাঝেমধ্যেই বৃষ্টি নেমে থাকে, কিন্তু কেউ বাসায় বসে নেই। সবাই নিজের কাজে যোগদানের জন্য বৃষ্টির মধ্যেই ছুটে চলছে কর্মস্থলে। বর্ষা মৌসুমে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তাই বলে তো আর কাজ বাদ দিয়ে বসে থাকলে চলবে না। বৃষ্টির মধ্যে ভিজেই অনেকে কর্মস্থলে যাচ্ছেন। আসন্ন বর্ষা মৌসুম উপলক্ষে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও কর্মীদের প্রত্যেককে একটি করে ছাতা দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশে একটি নজির সৃষ্টি হবে, যা হয়তো বিশ্বের অন্য কোথায়ও হয়নি। এটাকে ‘ছাতা উৎসব’ বলা যেতে পারে, যা একটি বিশেষ দিনে করা যেতে পারে। ছাতা হলে কর্মজীবীদের কর্মস্থলে যেতে সুবিধা হবে। ব্যতিক্রর্মী এ চিন্তা আমার মাথায় এসেছে, তাই লিখলাম। তবে এটাকে ছোট করে না দেখার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি সম্ভব হয়, তাহলে হয়ে যাক না একটা ‘ছাতা উৎসব’।মো. রবিউল করিমসিরাজগঞ্জ সরকারি কলেজ সিরাজগঞ্জ।হাইড্রলিক হর্ন সম্প্রতি বিভিন্ন গাড়িতে, বিশেষ করে প্রাইভেট কার ও মোটরসাইকেলে যেভাবে হাইড্রলিক হর্ন ব্যবহার করা হচ্ছে, তাতে খুব অল্প সময়ের মধ্যেই মানুষের শ্রবণশক্তি লোপ পাবে, বধির হবে। ইতিমধ্যেই নগরবাসী বিভিন্ন শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হচ্ছে; বিশেষ করে, শিশুরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। মানুষের জন্য সব দিক থেকে ক্ষতিকর এসব হর্ন কীভাবে ব্যবহূত হয়, তা আশ্চর্যের বিষয়। সরকারের কাছে বিনীত অনুরোধ, অবিলম্বে দেশের সাধারণ নাগরিকদের এই মহা ক্ষতি থেকে রক্ষা করুন।হুমায়ুন কবিরভাগলপুর লেন, হাজারীবাগ, ঢাকা। [email protected]