চি ঠি প ত্র
ঋণ শোধগত ৮ এপ্রিল প্রথম আলো পত্রিকায় ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’ কলামে মনসুরুল আলম দুলাল বীর প্রতীকের ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে ২৮ আগস্ট, ১৯৭১ ঢাকার গ্রিন রোডে একটি ভয়াবহতম যুদ্ধের বর্ণনা দেওয়া হয়। সেই দুঃসাহসিক যুদ্ধের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়। মনসুরুল আলম দুলাল বীর প্রতীক আজ মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। ঢাকার আনোয়ারা মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন। টাকার অভাবে এই বীরযোদ্ধার চিকিৎসা অসম্ভব হয়ে পড়ায় ৯ জুন প্রথম আলো পত্রিকার মাধ্যমে তাঁর স্ত্রী ও সন্তানেরা সরকার ও দেশবাসীর কাছে সাহায্যের জন্য আকুল আবেদন করেন। এই দুঃসাহসিক যোদ্ধার ঋণ কি আমরা শোধ করতে পারি না? পারি না সাহায্যের হাত বাড়াতে?যে দেশ তার বীরদের শ্রদ্ধা ও সম্মান করতে জানে না, সে দেশে কোনো দিন আর বীরের জন্ম হবে না এবং আগামী প্রজন্ম দেশকে ভালোবাসতে উদ্বুদ্ধ হবে না। আমি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন-১৯৭১-এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, রাষ্ট্রীয় তহবিল থেকে এই বীরযোদ্ধার সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার বহন করা হোক। আসুন, আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে মনসুরুল আলম বীর প্রতীকের ঋণ কিছুটা হলেও শোধ করি, তাঁকে সম্মান জানাই, নিজেও সম্মানিত হই।মেজর ওয়াকার হাসান, বীর প্রতীক পিএসসি (অব.), সেক্রেটারি জেনারেল, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন-১৯৭১, ঢাকা।