চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন বানানটি সঠিক?গত ২৪ মে প্রথম আলোর চিঠিপত্র কলামে প্রকাশিত ‘কোন বানানটি সঠিক?’ পত্রটি আমার দৃষ্টি আকৃষ্ট করেছে। ঢাকার লেখক কামরুল হাসান জানতে চেয়েছেন ‘সমসাময়িক’ আর ‘সামসময়িক’ শব্দ দুটির মধ্যে কোনটি সঠিক? আমার জানামতে, দুটি শব্দই প্রচলিত এবং কোনোটিই অগ্রহণযোগ্য নয়। প্রমিত বানানরীতির সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, যেকোনো শব্দের বানানে দ্বন্দ্ব লেগে গেলে বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানে প্রদত্ত বানানটি শুদ্ধরূপে বিবেচিত হবে। এ অভিধানটিতে একই শব্দের একাধিক সঠিক রূপ দেওয়া আছে। যেমন: আগস্ট/অগাস্ট/অগস্ট; ব্যবহারিক/ ব্যাবহারিক; পনর/পনের/পনেরো ইত্যাদি শব্দের সব কটি রূপই শুদ্ধ। ‘সমসাময়িক’ ও ‘সামসময়িক’ শব্দ দুটি একই অর্থে বাংলা একাডেমীর বিভিন্ন বাংলা অভিধানে সন্নিবেশিত হয়েছে। এ জাতীয় আরও হাজারও শব্দ এবং বানান নিয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, বাংলা একাডেমী ও এনসিটিবির বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুবুল হক। তাঁর লেখা বাংলা বানানের নিয়ম বইয়ের ১৫২ পৃষ্ঠায় ২২ নম্বর অধ্যায়ে এ জাতীয় ‘অশুদ্ধ অথচ প্রচলিত’ অর্ধশত শব্দের উদাহরণ তিনি দিয়েছেন। তাঁর মতে, ‘সমসাময়িক’ শব্দটি প্রচলিত, কিন্তু অশুদ্ধ। ব্যাকরণগতভাবে শুদ্ধ রূপটি হলো ‘সামসময়িক’। অনুরূপভাবে প্রচলিত আরও কিছু অশুদ্ধ শব্দ যেমন: উপরোক্ত, ইতিপূর্বে, ইতিমধ্যে, নিরপরাধী, পাশবিক—এ শব্দগুলোর ব্যাকরণগত শুদ্ধরূপ হবে যথাক্রমে—উপর্যুক্ত, ইতঃপূর্বে, ইতোমধ্যে, নিরপরাধ ও পাশব।মো. সিদ্দিকুর রহমাননাঙ্গলকোট, কুমিল্লা।মাত্র ১০০ কোটি টাকাধন্যবাদটা শ্রদ্ধেয় মুহম্মদ জাফর ইকবাল স্যারকে। ধন্যবাদ এ জন্য যে তাঁর লেখায় ছাত্রজীবনের আকাঙ্ক্ষা জীবন্ত হয়ে ওঠে। মনে হয়, এই বুঝি আমরা লালিত স্বপ্নের দ্বারপ্রান্তে এসে গেছি। ৬ জুন প্রথম আলো পত্রিকার সম্পাদকীয় পাতায় শ্রদ্ধেয় জাফর ইকবাল ‘মাত্র এক হাজার পিএইচডি’ শিরোনামে অনেক আশা নিয়ে লিখেছেন, ১০০ কোটি টাকা দিয়ে বাংলাদেশে প্রতিবছর এক হাজার পিএইচডি তৈরি সম্ভব। বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোতে উচ্চশিক্ষা এখনো পর্দার আড়ালে এবং গবেষণাধর্মী শিক্ষা যথারীতি নিরুৎসাহিত। আমাদের দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ‘World University Ranking’-এর চূড়ান্ত তালিকা তো দূরের কথা, প্রাথমিক তালিকা থেকেও মাঝেমধ্যে বাদ পড়ে। এর কারণ, বিশ্ববিদ্যালয়গুলো পর্যাপ্তসংখ্যক গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করতে ব্যর্থ হয়। তাই আমরা যদি একটু চিন্তা করি, প্রতিবছর এক হাজারটা পিএইচডির অর্থ এক হাজারটা নতুন গবেষণা এবং হাজার হাজার নতুন তত্ত্ব ও সমস্যা তৈরি হওয়া, যা একদিকে যেমন ‘World University Ranking’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্থান করে দেবে, তেমনি এ সূচনা অনুজদের মধ্যেও গবেষণার উৎসাহ বাড়াবে। ফলে সেও হয়ে উঠতে পারে পরবর্তী এক হাজার পিএইচডির একজন। আর এসব গবেষণার বাস্তব প্রয়োগই দেশকে অগ্রগতির পথ দেখাবে। এ জন্য আসন্ন সম্ভাব্য এক লাখ ৬৩ হাজার কোটি টাকার বিশাল বাজেটে মাত্র ১০০ কোটি টাকা (এক হাজার পিএইচডি তৈরির জন্য) রাখার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।মো. রিজওয়ান আলমগীর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জি. (দ্বিতীয় বর্ষ), নোয়াখালী টেক্সটাইল।