চি ঠি প ত্র
ঋণ শোধবীর প্রতীক মনসুরুল আলম দুলাল মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। টাকার অভাবে তাঁর চিকিৎসা অসম্ভব হয়ে উঠেছে। ৯ জুন প্রথম আলোর মাধ্যমে তাঁর স্ত্রী ও সন্তানেরা দেশের সরকার ও প্রধানমন্ত্রীর কাছে সুচিকিৎসার আকুল আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, ৮ জুন প্রথম আলোতে ‘তোমাদের এই ঋণ শোধ হবে না’ কলামে মনসুরুল আলম দুলার বীর প্রতীকের ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুুদ্ধে ২৮ আগস্ট ঢাকার গ্রিন রোডে একটি ভয়াবহ যুদ্ধের বর্ণনা দেওয়া হয়। স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।দেশমাতৃকার বিপদের দিনে যাঁরা নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে নিয়ে স্বাধীন করেছিলেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাকে, আজ সেই বীর সৈনিক টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও চরম সত্য। আমরা তো সত্যিকার অর্থেই তাঁদের ঋণ শোধ করতে পারব না। ১৪ জুন মেজর ওয়াকার হাসান প্রথম আলোর চিঠিপত্র কলামে এই বীর প্রতীককে নিয়ে একটি লেখায় লিখেছেন, ‘যে দেশ তার বীরদের শ্রদ্ধা ও সম্মান জানাতে পারে না, সে দেশে কোনো দিন আর বীরের জন্ম হবে না এবং আগামী প্রজন্ম দেশকে ভালোবাসতে উদ্বুদ্ধ হবে না।’ আমি তাঁর এই কথার সঙ্গে একমত পোষণ করি। তাই সরকারের প্রতি আকুল আবেদন, এই বীর যোদ্ধা টাকার অভাবে যেন বিনা চিকিৎসায় পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে না যান। আসুন, কিছুটা হলেও ঋণ শোধ করি। এনামুল হক থানা রোড, ধরমপাশা, সুনামগঞ্জ।তক্ষক নিয়ে গুজবতক্ষক সরীসৃপ প্রজাতির পরিবেশবান্ধব একটি প্রাণী। বৈজ্ঞানিক নাম Gecko (গেকো)। এরা সাধারণত কীটপতঙ্গ, ঘরের টিকটিকি, ছোট সাপ ইত্যাদি খেয়ে থাকে এবং এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়। ফাঁকফোকর বা গর্ত অথবা গাছ এদের বসবাসের প্রধান স্থান। সম্প্রতি চট্টগ্রামের কয়েকটি প্রতারক চক্রের গুজব ও উসকানিতে এই তক্ষক বা স্থানীয় ভাষায় টোটট্যাং এখন সোনার হরিণের চেয়েও বেশি দামে বেচাকেনা হচ্ছে।কী কারণে এই প্রাণীটির এমন আক্কেলগুড়ুম দাম, সেটি কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। অনেকে আবার এসব প্রাণী ধরে বিক্রি করার জন্য প্রচারপত্র বিলি করছে। তক্ষক বাংলাদেশের সংকটাপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। বন্য প্রাণী আইনে এই প্রাণী ধরা, হত্যা ও পাচার শাস্তিযোগ্য অপরাধ। রাতারাতি টাকা কামানোর লোভে অনেকে এই তক্ষক ধরার খোঁজে রীতিমতো ব্যস্ত।এভাবে দিনের পর দিন তক্ষক নিধন চলতে থাকলে আমাদের পরিবেশ থেকে এটি একদিন চিরতরে হারিয়ে যাবে। আশা করি, পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে দ্রুত কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে এবং এর পেছনে যেসব চক্র সক্রিয়ভাবে কাজ করছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। মো. সাহেদশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।শারীরিক শাস্তিকয়েক মাস আগে সরকার দেশের সব বিদ্যালয়ে শারীরিক শাস্তি নিষিদ্ধ করে, যা শিক্ষার্থীদের পাঠদানের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত। কারণ, এই শাস্তির জন্য আগে অনেক শিক্ষার্থী স্কুলে যেতে চাইত না এবং তাদের মনে সব সময় একধরনের ভীতি কাজ করত। কিন্তু পরিতাপের বিষয়, এখনো বিভিন্ন স্কুলে শারীরিক শাস্তি দেওয়া অব্যাহত আছে, যা খুবই দুঃখজনক।একজন শিক্ষার্থী বিদ্যালয়ে যায় তার মেধা ও মননের বিকাশ ঘটানোর জন্য। সে যদি শারীরিক শাস্তির ভয়ে সব সময় তটস্থ থাকে, তাহলে তার মেধা ও মননের বিকাশ বাধাগ্রস্ত হয়। আর যেহেতু সরকার আইন করে শারীরিক শাস্তি নিষিদ্ধ করেছে, তাই এ ধরনের কাজ আইন অমান্যও বটে। তাই শুধু আইন করে বসে থাকলে চলবে না, দোষীদের আইনের আওতায় এনে আইনের প্রয়োগও ঘটাতে হবে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।রুবেল দাশশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।অদৃশ্য গণহত্যাচীনে তৈরি গুঁড়ো দুধে বিষাক্ত মেলামিন মেশানোকে কেন্দ্র করে সারা বিশ্বে ঝড় উঠেছিল। খাদ্যে ভেজাল ও বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ আমাদের দেশে ডাল-ভাতের মতো সাধারণ ঘটনা। এ বিষয়ে তেমন কোনো উচ্চবাচ্যও হয় না। দুধ, সবুজ শাকসবজি, ফলমূল—সবকিছুতেই বিষ মিশ্রণের যে হিড়িক, তা মহামারি আকারে দেখা দিচ্ছে। মাঝেমধ্যে দেখা যায়, কোথাও কিছু ভেজালবিরাধী, মানোত্তীর্ণ, মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র খুঁজে পেয়ে শাস্তি দেওয়া হচ্ছে, জরিমানা আদায় করা হচ্ছে। কিন্তু কিছুদিন পর অবস্থা যেই কার সেই।প্রতিনিয়ত কোনো না কোনোভাবে অজান্তে বিষ গ্রহণ করে চলেছি। এই বিষ ও ভেজাল শুধু আমাদের নয়, বরং আমাদের অনাগত ভবিষ্যৎকে মেধাশূন্য ও পঙ্গু করছে। আমাদের ঠেলে দিচ্ছে এক বিপর্যকর পরিস্থিতির দিকে।এ জন্য আমাদেরই সাধ্যাতীত মূল্য দিতে হবে। যারা এ কাজগুলো করছে, তাদের কবে মানবিক বোধ সৃষ্টি হবে, এ যে তাদেরও ছাড়বে না। আজ প্রশ্ন জাগে, অর্থ ব্যয় করে আমরা কেন বিষ কিনে জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করব? আর কতটা ক্ষতি হলে আমরা সচেতন হব, এ থেকে কবে আমাদের মুক্তি হবে? মো. ইফতেখার রহমানশিক্ষক, বিয়াম ল্যাবরেটরিস্কুল, নওগাঁ-৬৫০০।রাজনীতি ও হরতালহরতাল আমাদের দেশে বিরোধী দলের একটা বড় অস্ত্র, যা বহুদিন আগে থেকেই অব্যাহত আছে। হরতাল না করলে মনে হয়, যেন বিরোধী দলের অস্তিত্ব দেশে নেই। বিরোধী দল গত রবি ও সোমবার টানা ৩৬ ঘণ্টার হরতাল পালন করল। এই হরতাল যে জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলে দেয়, তা কিন্তু বিরোধী দল ও ক্ষমতাসীন দল—উভয়েরই জানা।অতীতে আওয়ামী লীগ কিংবা বিএনপির আমলে যতগুলো হরতাল পালিত হয়েছে, বিরোধী দল তাতে কী ফায়দা পেয়েছে, তা জানি না, তবে দেশের ক্ষতি হয়েছে যথেষ্ট। হরতাল কখনো দেশের রাজনীতিতে সুফল বয়ে আনতে পারে না, বরং এটা প্রতিহিংসা হয়ে দাঁড়ায়। আসুন, আমরা হরতালের রাজনীতি পরিহার করি।মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়