চি ঠি প ত্র
পাম চাষ১০ জুন, ২০১১ সালের দৈনিক প্রথম আলো পত্রিকার চিঠিপত্র কলামে পাম চাষ সম্বন্ধে কাজী ওয়াসেক বিন খুরশেদের তথ্যবহুল চিঠি পড়ে পাম চাষ সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। গাছ লাগানোর ভরা মৌসুমে সময়োপযোগী এই চিঠি অনেকের কাজে লাগবে। বর্তমানে বাংলাদেশের অনেক লোক পামগাছ লাগাচ্ছে। আর এই গাছের মৃত্যুহার নেই বললেই চলে। এ জন্যই অনেকে উৎসাহী হয়ে এই গাছ লাগাচ্ছে। আমিও এই পামগাছ লাগাতে সবাইকে উৎসাহ দিচ্ছি। তাঁর লেখায় পাম ফল থেকে কীভাবে তেল আহরণ করা হয়, তা লেখেননি। সহজভাবে তেল আহরণের পদ্ধতি জানলে সবাই এই গাছের প্রতি আরও মনোযোগী হবে বলে আমার বিশ্বাস। পামগাছের ফল থেকে কীভাবে তেল আহরণ করা যায়, সেই পদ্ধতি হলো: পাকা ফল কচলিয়ে পানিতে সেদ্ধ করলে সেই তেল পানির মধ্যে আলাদা হয়ে যাবে। তারপর কোনো কিছু দিয়ে তেল তুলে নিতে হয়। এভাবে তেল তোলার পদ্ধতি আমি বন বিভাগ থেকে জানতে পারি। পাকা পাম ফল থেকে কীভাবে তেল আহরণ করা হয়, তার উন্নত আরও কোনো নিয়ম থাকলে প্রথম আলোর মাধ্যমে দেশবাসীকে অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পামগাছ লাগাব অথচ এই গাছের ফল কী উপকারে লাগবে, তা আমার ভালো জানা নেই। তাহলে আমরা কিসের ওপর ভরসা করে পামগাছ লাগাব? আমার আবেদন, পাকা পাম ফলের তেল আহরণের সহজ উপায় এবং অন্য উপকারী দিক বেশি করে প্রচার করা হোক। আর এ জন্য প্রথম আলোই ভালো প্রচারমাধ্যম বলে আমার মনে হয়। পামগাছ ও পাম ফল সম্বন্ধে যাঁরা ভালো জানেন, তাঁদের প্রতি অনুরোধ, প্রথম আলোর মাধ্যমে তা দেশবাসীকে জানান। এ ব্যাপারে কৃষি বিভাগকে চিন্তা-ভাবনা করার জন্য আবেদন জানাচ্ছি। নিজামুল ইসলাম, মৌলভীবাজার।হরতাল নয়বর্তমানে হরতালের মতো জনদুর্ভোগ খুঁজে পাওয়া দায়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখাটা জরুরি। তবে তারা তিন মাসের বেশি থাকতে পারবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান উপহার দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তবেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা উঠিয়ে দেওয়া হোক, এটা আমরা চাই না। কারণ, কোনো রাজনৈতিক সরকারের আমলে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা আদৌ কি সম্ভব? আর যে কথা বললেই নয়, বিরোধী দলের যে হরতাল, এতে মানুষের দুর্ভোগ লক্ষণীয়। তাই সরকারি দলের নেতৃত্বকে অনুরোধ জানাচ্ছি, দেশ ও মানুষের স্বার্থে বিরোধী দলকে আলোচনার সুযোগ দিন এবং বিরোধী দলের নেতৃত্বের প্রতি অনুরোধ, আপনারা হরতাল না দিয়ে আলোচনায় আসুন। সরকারকে অনুরোধ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। তবেই দেশে শান্তি ফিরে আসবে। মো. মাইন উদ্দিন হাবিপ্রবি, দিনাজপুর।পেপল-এর বৈধতাপেপল অনলাইন টাকা আদান-প্রদানের একটি জনপ্রিয় মাধ্যম। কিন্তু বাংলাদেশে এটা এখনো বৈধতা পায়নি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে অনেকেই এখন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করছে। টাকা আদান-প্রদানের জন্য সব কটি ফ্রিল্যান্সিং সাইটেই পেপল রয়েছে কিন্তু বাংলাদেশি ফ্রিল্যান্সাররা পেপলের মাধ্যমে সরাসরি টাকা আনতে পারছে না বাংলাদেশে, এটা এখনো বৈধতা পায়নি বলে। যদিও ফ্রিল্যান্সাররা পেপলের মাধ্যমে টাকা আনছে, তা তৃতীয় কোনো পক্ষের সাহায্যে। যার ফলে তার কিছু চার্জ কেটে রাখছে। কিন্তু পেপলের বৈধতা থাকলে ফ্রিল্যান্সারদের এ রকম সমস্যায় পড়তে হতো না। একটি কম্পিউটার ও অনলাইনভিত্তিক মাসিক ম্যাগাজিন পড়ে জানতে পারলাম, শিগগিরই বৈধতা পেতে যাচ্ছে পেপল। তবে এ শিগগিরটা যত বেশি শিগগির হয় ততই মঙ্গল।আবু মুছা শাবিপ্রবি, সিলেট।ধিক এ বর্বরতা!১৪ জুন প্রথম আলোয় ঢাবির শিক্ষক রুমানা মনজুর স্বামীর হাতে নির্যাতনের প্রতিবেদনটি পড়ে গা শিউরে উঠল। আগের দিন টেলিভিশনে দেখে তো চোখে পানিই চলে আসে। কতটা বর্বর হলে একজন মানুষ আরেকজনকে এমন নির্যাতন করতে পারে। বর্বরতার বৈচিত্র্য দেখে সত্যি অবাক হতে হয়। বুয়েটে লেখাপড়া করা হাসান সাইদ নিজের জীবনসঙ্গীকে ভালোবাসার পরিবর্তে এভাবে নির্যাতন করতে পারেন, ভাবতেই অবাক লাগে। আর পুরুষ হিসেবে নিজেই লজ্জিত হয়ে পড়েছি। নিতান্তই বনিবনা না হলে আইনের পথ তো রয়েছে। তবে আশার কথা, সমাজে এদের সংখ্যা খুবই নগণ্য। তাই আঁধার কেটে আলো আসবেই। আমরা আশা করব, রুমানা মনজুর সুস্থ হয়ে শিক্ষার আলো বিলিয়ে যাবেন। আর নির্যাতনকারী তাঁর প্রাপ্য শাস্তি পাবেন। তাই সবাইকে নির্বিচারে নারী নির্যাতন রুখে দাঁড়াতে হবে এবং তাঁদের ভাগ্য, দেহ নিয়ে খেলা বন্ধে পদক্ষেপ নিতে হবে।মো. আমিনুল হকচক পাঠাকাটা, নকলা, শেরপুর।