চি ঠি প ত্র
দেশি মাছ রক্ষাবাঙালি শব্দটির সঙ্গে ‘ভাত’ ও ‘মাছ’ শব্দ দুটি যেন সমার্থক হয়ে আছে আদিকাল থেকে। মাছেভাতে বাঙালির বাঙালিয়ানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বেশ কিছু দেশি মাছ, যেমন: পুঁটি, টেংরা, শিং, মাগুর, টাকি, শোল, গজার, বেলে, গছি বা গতা প্রভৃতি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই মাছগুলোর সম্পৃক্ততা আজ বাঙালির জীবন থেকে প্রায় খারিজ হয়ে যাচ্ছে। এসব মাছের প্রজননকাল অর্থাৎ বর্ষার গোড়াতেই যখন খালে-বিলে মাছ পোনা ছাড়ে, তখন কতিপয় শিকারির পোনা শিকার ছাড়াও কারেন্ট জালের অবাধ ছড়াছড়ি, মাছশিকারিদের মাছ শিকারের রাক্ষসকৌশল তথা নদীনালা, খাল-বিলে মাছের গতিপথে বেড়া দিয়ে টোনা জালের মতো প্রযুক্তি ব্যবহার করা প্রভৃতি কারণে মাছের বংশবিস্তার আজ রীতিমতো হুমকির মুখে।এ ছাড়া নদীনালা, খাল-বিলের জায়গা দখল করে অনেক ভূমিখেকো ইচ্ছামতো বেঁধে নিয়ে আবাদি জমি বাড়ানোর কারণে আমাদের নদীনালা, খাল-বিল, পুকুর সারা বছর পানি ধারণ তো দূরের কথা, বর্ষাকালেও গতি রক্ষা করতে পারছে না। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থাকলেও আদতে এসব বিষয় হরহামেশাই সেই মন্ত্রণালয়ের দৃষ্টির বাইরে থেকে যাচ্ছে! আমাদের দেশি মাছের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে দ্রুত নদীনালা, খাল-বিল ভূমিখেকোদের হাত থেকে বাঁচাতে হবে। পোনা নিধন বন্ধে পোনা নিধনকারীর শাস্তির ব্যবস্থা করতে হবে। কারেন্ট জাল নিষিদ্ধসহ মাছ ধরার রাক্ষসকৌশলগুলো বন্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ (প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত দ্বারা শাস্তি) ব্যবস্থা নিতে হবে। আমরা চাই, আমাদের দেশি মাছের ঐতিহ্যকে রক্ষায় এগিয়ে আসবে সরকার। আসাদ আল-আমিন, শিক্ষার্থী, রাজশাহী।