চি ঠি প ত্র
এমপিওভুক্তিব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক—অনেক বিষয় বা ঘটনা অনেক সময় প্রকাশ পায় না; কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে তা-ও প্রকাশিত হয়ে পড়ে। আমার বাবা আলহাজ মাওলানা মরহুম ছায়েদুর রহমান চল্লিশের দশকে দিল্লিতে পড়াশোনা করতেন। ওই সময় বাড়ি থেকে দিল্লিতে যাতায়াতের সময় গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাবা মরহুম শেখ লুৎফর রহমানের সান্নিধ্যে আসেন। প্রসঙ্গক্রমে বঙ্গবন্ধুর সঙ্গেও পরিচিত হন। ফলে ১৯৭০ সালের নির্বাচনের সময় নেত্রকোনার মদনপুর মাজারে আমার বাবা তাঁর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে কামিয়াব হওয়ার জন্য দোয়া-দরুদ পড়েন। স্বাধীনতাযুদ্ধের সময় বাবাকে জয় বাংলার মাওলানা বলে অনেকে ডাকতেন। টুঙ্গিপাড়ায় অবস্থানের কারণে মরহুম শেখ আকরাম মামার সঙ্গেও বাবার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ওই সময় আকরাম মামা আমাদের বাড়িতে আসা-যাওয়া করেন। এমনকি আকরাম মামার মৃত্যুর এক বছর আগেও হঠাৎ করে আমাদের গ্রামের বাড়িতে এসে বাবার কবর জিয়ারত করে ওই দিনই ঢাকায় চলে আসেন। বাবা ছিলেন একজন আলেম। তাঁর নামে আমরা গ্রামের বাড়িতে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করি, যার নাম কান্দিপাড়া এএমএসআর ইনস্টিটিউট। ২০০৫ সালে এটি স্বীকৃতি পায়। কিন্তু আজ পর্যন্ত তা এমপিওভুক্ত হয়নি। এ জন্য আমরা দুঃখিত। অথচ পাশের ইউনিয়নে ২০০৯ সালে স্বীকৃতিপ্রাপ্ত স্কুলও এমপিওভুক্ত হয়েছে।১৯৭০ সাল থেকে আমাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আমার বাবাও কম অপমানিত হননি। পারিবারিকভাবেও আমরা কম নির্যাতন ভোগ করিনি। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে আমাদের নেত্রকোনার একটি বাড়ি দখল করে নেয়। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটি উদ্ধার করি। জোট সরকারের সময় এই বিদ্যালয়ে আওয়ামী লীগের সম্মেলন করায় আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অধ্যাপক পদে পদোন্নতিতে জোট সরকার বাধার সৃষ্টি করে। ঢাকার বাংলাবাজারে আমার প্রকাশনালয়টি নষ্ট করে আর্থিক ক্ষতিসাধন করে। তত্ত্বাবধায়ক সরকারও আমাদের নাজেহাল করে। যা হোক, আমরা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো কিছু চাওয়া-পাওয়ার জন্য রাজনীতি করি না। বর্তমান সাংসদকে আমার প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে এমপিওভুক্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি উদ্যোগ নেননি। গত সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলাম। সে কারণে হয়তো তিনি উদাসীন থাকতে পারেন।আমার মায়ের নামেও একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করি। সেটি কেন্দুয়া উপজেলায় বলায়ই শিমুল গ্রামে, যা জেকে একাডেমি নামে পরিচিত। এর পরিচালনা কমিটির সভাপতি ছিলাম আমি। কিন্তু আমাকে না জানিয়ে সাংসদ অন্যজনকে ডিও লেটার দিয়ে সভাপতি করেছেন। তাতে আমার কোনো দুঃখ নেই।বাবার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এমপিওভুক্তির খুবই প্রয়োজন। কারণ, শিক্ষক-কর্মচারীরা যখন কান্নাকাটি করেন, তখন শিক্ষক হয়ে শিক্ষকের কান্না সহ্য করা কঠিন। প্রধানমন্ত্রীর কাছে নিবেদন, বাবার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এমপিওভুক্তসহ মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে একটি ভবন নির্মাণের নির্দেশদানে তাঁর হস্তক্ষেপ কামনা করছি।আজিজুর রহমানকবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।বানান ভুল করলেও...বাংলাদেশের মাধ্যমিক স্তরের পরীক্ষা-পদ্ধতিতে পরিবর্তন এসেছে। গণিত ও ইংরেজি ছাড়া সব বিষয়ের প্রশ্ন সৃজনশীল পদ্ধতিতে করার সিদ্ধান্ত গৃহীত হয়ে তা বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে বাংলা বিষয়ে উচ্চমাধ্যমিক স্তরে সৃজনশীল পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বা হচ্ছে। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কৌশল শেখানো হচ্ছে শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের। সৃজনশীল পদ্ধতি সম্পর্কে ইতিমধ্যেই সর্বমহলে নেতিবাচক ধারণা তিরোহিত হয়ে ইতিবাচক ধারণা গড়ে উঠেছে। সুতরাং, এ বিষয়ে আমারও নেতিবাচক ধারণা নেই; শুধু সামান্য একটু দ্বিমত রয়েছে। আর তা হলো, বাংলা বানান ভুলের জন্য নম্বর কাটা যাবে না, এমন নির্দেশনার যৌক্তিকতা নিয়ে।সৃজনশীল প্রশ্ন পদ্ধতির সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা হয়তো বলবেন, বানান ভুলের কারণে অর্থ পাল্টে গেলে নম্বর কাটা যাবে। কিন্তু এ যুক্তিটিও মেনে নেওয়া যায় না। কারণ, আজ অর্থ পাল্টে গেলে নম্বর কাটা গেলেও ভবিষ্যতে হয়তো সে বিধানটিও থাকবে না কিংবা শিক্ষকেরা কষ্ট স্বীকার না করার কারণে ভুল বানানেও নম্বর দিতে অভ্যস্ত হয়ে পড়বেন। দ্বিতীয়ত, বানান ভুলের জন্য নম্বর কাটার পরও বাংলা বিষয়ের প্রতি শিক্ষার্থীদের যে উদাসীনতা বিদ্যমান, তা বহুগুণে বেড়ে যাবে বানান ভুলের পরও নম্বর না কাটার কারণে। তৃতীয়ত, ইংরেজি বানান ভুল হলে নম্বর কাটা যাবে, বাংলা বানান ভুল হলে নম্বর কাটা যাবে না—এ বিষয়টি কি মাতৃভাষা বাংলার প্রতি আমাদের নতুন প্রজন্মকে বিমুখ করে তুলবে না? চতুর্থত, এমনিতেই আমাদের নতুন প্রজন্ম নিজ ভাষা-সংস্কৃতির প্রতি একধরনের উন্নাসিকতা প্রদর্শন করে চলেছে। সেখানে এ ধরনের সিদ্ধান্ত আগুনে ঘি ঢালার শামিল।ভাষা-সংস্কৃতি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ব্যক্তিকে ভালোবাসায় উদ্বুদ্ধ করে। এমনিতেই যেখানে নতুন প্রজন্ম ‘শিকড়হীন পরগাছা’ হয়ে পড়ছে, সেখানে বাংলা বানানের প্রতি এ ধরনের অবিবেচনাপ্রসূত কথা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবক এবং সৃজনশীল পরীক্ষা-পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এ ব্যাপারে সুচিন্তিত মতামত ও পদক্ষেপ কামনা করছি।অল্প বয়সে একজন শিক্ষার্থী যত দ্রুত ভাষা আত্মস্থ করতে পারবে, অধিক বয়সে তা সম্ভব নয়। তা ছাড়া ভুল বানানে অভ্যস্ত হলে ভবিষ্যতে প্রচেষ্টার মাধ্যমে তা দূর করা দুঃসাধ্য হবে। তাই কোনো ভুল নয়, বরং শুদ্ধটাই স্থায়ী করার প্রচেষ্টা গ্রহণ করা উচিত।মো. আবদুল কাদেরপ্রভাষক (বাংলা),ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বুয়েট ক্যাম্পাস, ঢাকা।