চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিনআইন আছে, আছে নিষেধাজ্ঞাও। কিন্তু তার জন্য নিষিদ্ধ পলিথিন ব্যাগের যথেচ্ছ ব্যবহারে কোনো ব্যাঘাত ঘটছে না। সরকার পলিথিন নিষিদ্ধ করার পর কাপড়ের চট ও পুরু কাগজের ব্যাগ তৈরি ও ব্যবহারের যে প্রক্রিয়া শুরু করেছিল, তা এখন অনেকটা থমকে গেছে। নানা কৌশলে পলিথিনে ছেয়ে গেছে বাজার। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত সামান্য পরিমাণে পলিথিন উদ্ধার করলেও তার প্রভাব বাস্তবে খুব একটা পড়ছে না।সরকার দূষণমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে সারা দেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাতকরণের ওপর বিধিনিষেধ জারি করে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ২০০২ সাল থেকে সারা দেশে পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষেধ করা হয়। যদি কেউ আইন ভঙ্গ করে, তবে তাকে অর্থদণ্ডসহ সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছে। এই আইন কার্যকর হওয়ার পর প্রায় দুই বছর পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধ ছিল। কিন্তু এখন তা আবার পূর্বাবস্থায় ফিরে গেছে। পলিথিন ব্যাগ ব্যবহার ও উৎপাদন বন্ধে আইনের যথাযথ প্রয়োগ জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। নতুবা পরিবেশের ভারসাম্য যতটুকু আছে, তা-ও নষ্ট হবে। মো. এরশাদ আলীশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।সিনেমা হলবিনোদনের জন্য দেশের মানুষ এখন আর সিনেমা হলে যেতে চায় না। ভালো ছবির অভাব, হলগুলোর নোংরা পরিবেশ, আধুনিক কারিগরি প্রযুক্তির অভাবসহ নানা কারণে মানুষ হলবিমুখ। অথচ কয়েক বছর আগেও হলগুলোর এমন অবস্থা ছিল না। ছবি মুক্তি পাওয়ার পর মাসজুড়ে চলত ছবির রমরমা ব্যবসা। এখন তা শুধুই স্মৃতি। তবে ভালো ছবি প্রদর্শিত হলে অনেক সময় দৃশ্যপট পাল্টে যায়। তবে তা কদাচিৎ।কাঙ্ক্ষিত দর্শক টানতে না পারায় বন্ধ হয়ে গেছে রাজশাহীর চারটি সিনেমা হল। সারা দেশেই এখন এমন চিত্র। রাজশাহীতে অবস্থিত ব্রিটিশ আমলের সিনেমা হলগুলো ভেঙে এখন সেখানে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন ও বিপণিবিতান। সাহিত্য-সংস্কৃতি একটি জাতির পরিচয় তুলে ধরে। কিন্তু আমাদের একটি সমৃদ্ধ চলচ্চিত্রের ইতিহাস থাকলেও আমরা তা ধরে রাখতে পারিনি। চলচ্চিত্রশিল্প বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। এই শিল্পে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পর্যাপ্ত নয়। আর কালক্ষেপণ না করে এই শিল্পের সুদিন ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।ভালো ছবি নির্মাণে সহযোগিতা, আধুনিক ও কারিগরি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, হলগুলোর পরিবেশ উন্নত করাসহ সার্বিক পরিস্থিতির উন্নতির মাধ্যমে এই শিল্পের উত্তরণে সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত। জাহেদুর রহমান বাগমারা, রাজশাহী।পরিবহন-সংকটজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার হলেও তাঁদের জন্য কোনো হল নেই। তাই সবাইকে হয় হোস্টেলে অথবা মেসে থাকতে হয়। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল নয়টায়। শিক্ষার্থীদের আসার জন্য মাত্র ১০টি গাড়ি আছে, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। সব সময়ই বাসে উঠে বাদুড়ঝোলা ঝুলতে হয়। আবার অনেকে উঠতেই পারেন না। অনেকেই এ জন্য সময়মতো ক্লাস করতে পারেন না। ১০টা বাস একই সময়ে একই সঙ্গে (সকাল নয়টায়) বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। আবার একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে ছাড়ে। অর্থাৎ একটি মাত্র ট্রিপ। তাই কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি, যেহেতু প্রশাসন হল সমস্যার সমাধান করতে পারছে না, তাই আপাতত পরিবহনের ট্রিপের সংখ্যা বাড়িয়ে শিক্ষার্থীদের কষ্ট কিছুটা লাঘব করুক। শোভন সাহাশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।অবৈধ শ্যালো ইঞ্জিনগত ২২ জুন প্রথম আলোয় প্রকাশিত ‘শ্যালো ইঞ্জিন কেড়ে নিল রুবিনা-নামের সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনটি পড়ে মর্মাহত হয়েছি। মাত্র কয়েক বছর পর যে রুবিনার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করা, আজ সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে জীবনের সব হিসাব চুকিয়ে কালের অতলে তলিয়ে গেল। আমরা তার পরিবারের সবাইকে সমবেদনা জানাচ্ছি। রুবিনার এই অকাল মৃত্যুর জন্য দায়ী শ্যালো ইঞ্জিনচালিত অটোবাইক এর আগেও অনেকের জীবন কেড়ে নিয়েছে। অনেক দুর্ঘটনার জন্ম দিয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, অবৈধ হওয়া সত্ত্বেও কীভাবে সারা দেশের বিভিন্ন জায়গায় এখনো এর অস্তিত্ব রয়েছে? কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, এই শ্যালো ইঞ্জিনচালিত অটোবাইক চলাচলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক। যাতে রুবিনার মতো আর কাউকে এমন দুর্ঘটনায় অকাল মৃত্যুর শিকার না হতে হয়।মো. আলী আহমেদসরকারি বাঙলা কলেজ, ঢাকা।হাসপাতালে ইউজার ফি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সরকারি হাসপাতালগুলোতে শতভাগ পরীক্ষা-নিরীক্ষার ফি চালু করা হয়। যা বর্তমান সরকার ইউজার ফিয়ের নামে বিস্ময়করভাবে অব্যাহত রেখেছে। অবাক করা ব্যাপার হলো, ইউজার ফি হতে সংগৃহীত সমুদয় অর্থ সরকারের কাছে জমা হয় না। এ অর্থের অর্ধেকই মাস শেষে সংশ্লিষ্ট প্যাথলজি, ব্লাড ট্রান্সফিউশন ও রেডিওলজি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি হয়ে থাকে। সচেতন চিকিৎসক সমাজ ও নাগরিক সংগঠন ইউজার ফি গ্রহণ বন্ধের দাবি জানিয়ে আসছে। কিন্তু এত কিছুর পরও কারও টনক নড়েছে বলে মনে হয় না। হাসপাতালের অন্যান্য বিভাগের জন্য এ নিয়ম নেই। সবাই যদি নিজ বেতনে সেবা দিতে পারেন, তাহলে প্যাথলজি, ব্লাড ট্রান্সফিউশন ও রেডিওলজি বিভাগ পারবে না—তা হতে পারে না। একই প্রতিষ্ঠানে দুই রকম আইন চলা উচিত নয়। গরিবের দেওয়া এ টাকা ভাগাভাগির নৈতিকতার মানদণ্ড নিয়ে লোকে প্রশ্ন তুলতেই পারে। পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সেবার মান বাড়াতে ইউজার ফিকে উৎসাহ ভাতা হিসেবে বৈধ করার জন্য সংশ্লিষ্ট সুবিধাভোগী পক্ষ খোঁড়া যুক্তি দিতে পারেন। কিন্তু অর্ধেক অর্থ ভাগাভাগি (তাও গরিবের টাকা) কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না। কাজের মান বাড়ানো এবং উৎসাহ দিতে বিশেষ ভাতা দেওয়া যেতে পারে। সত্যিকার অর্থে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সরকারি হাসপাতালে সাধারণ রোগীদের ক্ষেত্রে চিকিৎসা ফি পূর্বের মতো মওকুফ করা বাঞ্ছনীয়। স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আশা করি। এ কে আজাদঘাসীপাড়া, দিনাজপুর।