চি ঠি প ত্র
ফুটবলে হচ্ছেটা কী?আবার কোচ নিয়ে একই দৃশ্য। এ যেন দেশের ফুটবলের এক অনিবার্য পরিণতি হয়ে দাঁড়িয়েছে। ডিডো-এর পর থেকে ইলিভেয়স্কি, সাকুল্যে পাঁচজন। দেখতে দেখতে বর্তমান ফুটবল কমিটির মেয়াদ তিন বছর পূর্ণ হতে চলল। কিন্তু কতটা এগোলো ফুটবল—তার হিসাব মিলছে না। সবচেয়ে বড় কথা, আজ পর্যন্ত আমরা ফুটবল নিয়ে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেখলাম না, যার ওপর ভিত্তি করে সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখতে পাব। বরঞ্চ আমরা দেখছি বিক্ষিপ্ত, চটকদার বিভিন্ন উদ্যোগ। কখনো কোটি টাকার সুপার কাপ, কখনো বি-লিগ, ওটাই বাংলাদেশ লিগ বা কখনো আর্জেন্টিনাকে নিয়ে আসা ইত্যাদি, এগুলোই হয়তো বা সফলতা হিসেবে দাবি করা হবে। অথচ আমরা আজও পেলাম না কোনো ফুটবল ক্যালেন্ডার।২১ মার্চ মিয়ানমারে এএফসি চ্যালেঞ্জ কাপে ফিলিস্তিনের কাছে ০-২ গোলে পরাজিত হওয়ার পর বাংলাদেশের কোচ রুবচিচ বলেন, ‘মাত্র দুই দিনের অনুশীলনে ছেলেরা ভালো খেলেছে।’ (২২ মার্চ ২০১১, প্রথম আলো) সেই অপর্যাপ্ত প্রস্তুতি, সেই পুরোনো হতাশা। বয়সভিত্তিক খেলা, সারা বছর খেলা, সারা দেশে খেলাকে ছড়িয়ে দেওয়া ইত্যাদি নিয়ে মনে হয় এখন আর কেউ ভাবছেন না। অথচ এ কথা কে না জানে যে, সফলতার কোনো শর্টকাট পথ নেই। সালাউদ্দিন, সালাম, বাদল রায়, আসলামের মতো ফুটবলাররা (আমাদের সময়ের স্বপ্নের নায়কেরা) যদি ফুটবলের জন্য কিছু না করতে পারে, তবে কে আর এগিয়ে আসবে ফুটবলের লাশ নিয়ে টানাটানি করতে? আমরা মেনেই নিয়েছিলাম যে ফুটবলার হিসেবে তাঁরা যতটা ভালো, বোর্ড পরিচালক হিসেবে ততটা ভালো না হলেও ফুটবলের প্রতি ভালোবাসার জন্য, নিজেরা সৎ হওয়ার কারণে ফুটবলকে অন্তত একট অবস্থানে নিতে তারা সর্বোচ্চ সচেষ্ট থাকবেন। কিন্তু সেই তো তথৈবচ অবস্থা। আমরা ভাবতেও পারছি না, এরপর ফুটবলের কী হবে? ফুটবলকে বাঁচান।মো. ইফতেখার রহমান, নওগাঁ।নির্বাচনে সহিংসতাআমাদের দেশে নির্বাচন এবং সহিংসতা একে অপরের সঙ্গে জড়িত। সহিংসতার মাত্রা নির্বাচনের আগে যতটুকু থাকে, নির্বাচনের পরে তার চেয়ে বেশি দেখা যায়। দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রায় শেষ পর্যায়ে। এই নির্বাচনকে ঘিরে প্রতিদিন কোনো না কোনো জায়গায় মারামারি, কাটাকাটি এবং মৃত্যুর ঘটনা ঘটছে, যা প্রতিদিনকার পত্রিকার পাতা ওল্টালেই আমরা দেখতে পাই। তা ছাড়া, পোস্টার ছিঁড়ে ফেলার দৃশ্যও চোখে পড়ার মতো। এক প্রার্থীর পোস্টার আরেক প্রার্থীর সমর্থকেরা ছিঁড়ে ফেলছেন এবং তাতে প্রতিহিংসা বাড়ছে। সহিংসতার মাত্রা এমন পর্যায়ে চলে গেছে যে, বিজয়ী প্রার্থীর ক্ষমতা পরাজিত প্রার্থী কেড়ে নেবেন। নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের মারধর এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত কেন্দ্রগুলোতে। আসলে একজন প্রার্থী জনপ্রিয় বলেই নির্বাচিত হন, অথচ অন্য এক প্রার্থী তা মেনে নিতে পারছেন না। স্থানীয় প্রশাসনের পদক্ষেপ তেমন কাজে আসছে না। অতীতে যতগুলো ইউপি নির্বাচন হয়েছে তাতেও সহিংসতা ছিল। বর্তমানে যে মারামারি এবং হানাহানির ঘটনা, তা কিন্তু ভবিষ্যতের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়া দরকার। পাশাপাশি নির্বাচন কমিশন এবং সরকারকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।ভর্তি-বাণিজ্য মাধ্যমিক পাসের পর সবার ইচ্ছা থাকে ভালো একটি সরকারি কলেজে ভর্তি হওয়া। কিন্তু জীবনের প্রথম ধাপেই যদি বাধার সম্মুখীন হতে হয় তাহলে কার না মন কান্দে? শিক্ষা মন্ত্রণালয় এবার উচ্চমাধ্যমিকে ভর্তি ফি পাঁচ হাজার টাকার বেশি করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করেছে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে উপেক্ষা করে কিছু অসাধু লোকের জন্য ভালো ফলাফল করা সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী তাদের কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারছে না। আবার অনেক কলেজে ভর্তি ফিও আবার নেওয়া হচ্ছে দ্বিগুণ বা তিন গুণেরও বেশি। টাকা দিয়েই যদি ছাত্রছাত্রী ভর্তি করানো হয় তাহলে ভালো ফলাফলের মূল্যায়ন কোথায় পাব? এর ফলে অনেক ভালো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে প্রবাহিত হচ্ছে। এই কলুষিত অধ্যায় থেকে জাতিকে মুক্তি দিতে শিক্ষা মন্ত্রণালয়কে উপযুক্ত ব্যবস্থা গ্রহণসহ সেই অসাধু লোকদের প্রশাসনের হাতে সোপর্দ করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তবেই শিক্ষাব্যবস্থা হবে কলুষমুক্ত, জাতি হবে শিক্ষিত, অন্যথায় নয়।মো. মাইন উদ্দিন, দিনাজপুর।হারবালের বিজ্ঞাপন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে হারবাল প্রতিষ্ঠানের অশ্লীল পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। এসব পোস্টারে এমন সব কথাবার্তা লেখা ও ছবি থাকে, যা বিব্রতকর। কিশোরগঞ্জ শহরসহ জেলাতে ৪০টিরও বেশি হারবাল প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। বিভিন্ন নামের এসব হারবাল প্রতিষ্ঠান শহরের অফিস-আদালত, ঘরবাড়ি, এমনকি স্কুল-কলেজের দেয়াল এবং গেটে রঙিন পোস্টার ও ফেস্টুন সাঁটিয়ে দিচ্ছে। এসব পোস্টার ও ফেস্টুনে অসংখ্য রোগের উপশমের কথা বলা হচ্ছে। বিশেষ করে, যৌনরোগ বিষয়ে এমন সব বাক্য লেখা থাকছে, যা বিব্রতকর। একই বিষয়ে এমনকি কেব্ল অপারেটর ও আঞ্চলিক পত্রিকাগুলোতেও বিজ্ঞাপন দেওয়া হচ্ছে নিয়মিত। এ ধরনের বিজ্ঞাপনে আকৃষ্ট হচ্ছে উঠতি বয়সের কিশোর ও যুবকেরা। যৌনরোগ বিষয়ের অধিকাংশ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা এবং অজ্ঞতা আছে। এই বিষয়ে সহজে কাউকে বলতে চায় না। আর এই সুযোগটা কাজে লাগিয়ে হারবাল প্রতিষ্ঠানগুলো বিভ্রান্তিকর তথ্যে ভরা বিজ্ঞাপন দিচ্ছে। এসব বিজ্ঞাপন প্রচার বন্ধ হওয়া প্রয়োজন।অমিত বণিককটিয়াদী, কিশোরগঞ্জ।