চি ঠি প ত্র
ডিপিএসে বিনিয়োগআমরা যারা সাধারণ পেশাজীবী বা চাকরিজীবী, তারা বিভিন্ন ব্যাংকের মাসিক সঞ্চয় প্রকল্পগুলোতে (ডিপিএস) নিয়মিত সঞ্চয় করে থাকি। এতে একদিকে যেমন দীর্ঘমেয়াদি ফোর্সড সেভিংস হয়, অন্যদিকে ব্যক্তিশ্রেণীর আয়করের ক্ষেত্রে বিনিয়োগ প্রদর্শন করে কর রেয়াত পাওয়া যায়। এ ছাড়া এ ধরনের প্রকল্পে প্রতি মাসে কিছু কিছু করে সঞ্চয় করা অতটা কষ্টকর মনে হয় না। কিন্তু এবারের বাজেট-প্রস্তাবে ব্যক্তিশ্রেণীর আয়করের ক্ষেত্রে কর রেয়াতের জন্য ডিপিএসে বিনিয়োগের সর্বোচ্চ সীমা মাত্র ৬০ হাজার টাকা নির্ধারণ করে দেওয়ায় আমরা সাধারণ পেশাজীবী করদাতারা হঠাৎ করে বিপদে পড়েছি। এখন অর্থবছরের শেষে কর রেয়াতের জন্য ডিপিএসের বাইরে নতুন বিনিয়োগ করা সীমিত আয়ের করদাতাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। অধিকন্তু কর রেয়াতের জন্য বিনিয়োগ হিসেবে ডিপিএস প্রদর্শনের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেওয়ায় সামগ্রিকভাবে তা জাতীয় সঞ্চয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে হয়।কর রেয়াতের জন্য ডিপিএস হিসেবে বিনিয়োগের সর্বোচ্চ সীমার বিষয়টি পুনর্বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আবু নাসের, নয়াপল্টন, ঢাকা।শিক্ষকদের ধূমপানবেশির ভাগ শিক্ষার্থীই কোনো না কোনো শিক্ষককে আদর্শ হিসেবে বেছে নিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রয়াস চালায়। কিন্তু আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কিছু শিক্ষকের খামখেয়ালিপনা ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে! আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক যেখানে-সেখানে উন্মুক্ত জায়গায় ধূমপান করে চলছেন। প্রিয় শিক্ষকদের ধূমপান করতে দেখে অনেক শিক্ষার্থী ধূমপানের দিকে ঝুঁকতে উদ্বুদ্ধ হচ্ছে। শিক্ষকদের কারণেই একজন শিক্ষার্থী সুন্দরতম হয়ে গড়ে উঠতে পারে, আবার শিক্ষকের সামান্য ভুলের কারণে শিক্ষার্থী বিপদাপন্নও হতে পারে। যেখানে ধূমপান/মাদক বর্তমান বিশ্বে বিশ্ববাসীকে এক বিপদের হুংকার দিচ্ছে, সেখানে সচেতন সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, অবোধ মানুষগুলোরও বোধ জন্মাতে হবে ধূমপানের বিরুদ্ধে। আর এ কাজে সবচেয়ে বেশি ভূমিকা রাখার সুযোগ রয়েছে আমাদের দেশের শিক্ষকমহলের। কিন্তু তার আগে শিক্ষকদের প্রকাশ্যে ধূমপান তো বটেই, পারলে বাস্তবেই সেই বদ অভ্যাসটা জীবন থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আসাদ আল-আমিনশিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।মাশরুমকিছুদিন আগেও মাশরুম চাষ নিয়ে এ দেশে বেশ প্রচার-প্রচারণা হয়েছিল। কিন্তু বর্তমানে মাশরুম ব্যবহারের উপকারিতা নিয়ে সেভাবে আলোচনা হচ্ছে না। মাশরুমের বহুবিদ গুণ মানুষের জন্য খুবই উপকারী। রক্তের সুস্থতা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হূদেরাগের ঝুঁকি হ্রাস ছাড়াও আরও অনেক উপকারে লাগে। মাশরুম চাষের প্রণালি সম্পর্কে বিস্তারিত বিবরণ, মাশরুম খাওয়ার উপকারিতা এবং বীজের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। মো. মিজানুর রহমানশহীদ নাজমুল সড়ক, সাতক্ষীরা।কালীগঙ্গাপদ্মা নদীর এক নদী কুষ্টিয়ার ভাটিতে জন্ম মধুমতীর বোন কালীগঙ্গা নদী। কুষ্টিয়ার বিখ্যাত লালন সাঁইয়ের আখড়া ঘেঁষে বয়ে যাওয়া এই নদীতে একসময় খুব স্রোত ছিল বলে জানা যায়। কালের গহ্বরে আর মানুষের অত্যাচারে আজ নদী মৃতপ্রায়। নদী হারিয়ে ফেলেছে তার চিরচেনা যৌবন। এখন আর পালতোলা নৌকা নিয়ে কোনো মাঝি যায় না। বর্ষাকালে সামান্য পানি থাকলেও গ্রীষ্মকালে শুষ্ক। বিভিন্নভাবে ভরাট ও পলি জমে নদী এখন খালের থেকেও ছোট হয়ে গেছে।নদীকে কেন্দ্র করে যেসব বাজার বসেছে, তারা সবাই নদী গ্রাস করে নিচ্ছে। দখলবাজ আর অপরিকল্পিতভাবে আবাসন তৈরি করা হচ্ছে। নদীর পানির রং খারাপ হয়ে গেছে বিভিন্ন বাজারের বর্জ্য ফেলার ফলে। কালীগঙ্গা নদীকে বাঁচানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. কোরবান আলীআদাবাড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।যানবাহনে আলোপ্রধান সড়কসহ বিভিন্ন সড়কে রাতের বেলা হরহামেশাই রিকশা-ভ্যান, ইজিবাইকে আলো জ্বালানো হয় না। ফলে অন্যান্য গাড়ি চলাচলে খুবই অসুবিধা হয়। অনেক জায়গায় গাড়িতে আলো না থাকায় দুর্ঘটনা ঘটে। সামান্য সচেতনতা আর প্রশাসনিক উদ্যোগই এ থেকে উত্তরণ সম্ভব। আলো ছাড়া কোনো যানবাহন প্রধান সড়কে চলতে পারবে না। কোনো কোনো গাড়িতে একটি হেডলাইট জ্বলতে দেখা যায়, ফলে দূর থেকে গাড়ির আকার সম্পর্কে বোঝা যায় না। নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য রাতের বেলা গাড়িতে পর্যাপ্ত ও প্রয়োজনীয় আলোর ব্যবস্থা থাকতে হবে। এ দায়িত্ব ব্যক্তি, সরকার ও পরিবহন মালিক সমিতির।রাজিয়া সুলতানা মাগুরা, বিনেরপোঁতা, সাতক্ষীরা।