চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুগ্ণ চিকিৎসক সমাজপ্রথম আলোর মঙ্গলবারের সম্পাদকীয় পাতা আমার বিশেষ পছন্দের একটি পাতা। এর কারণ সৈয়দ আবুল মকসুদের ‘সহজিয়া কড়চা’। ২৮ জুন সেটি পড়তে গিয়ে আশীষ কুমার চক্রবর্তীর আরেকটি লেখা চোখে পড়ল, যা ২৪ জুন আসিফ নজরুল ‘তাঁরা কোথায় যাবেন’-এর প্রতিক্রিয়াস্বরূপ। আসিফ নজরুলের লেখাটি পড়ার পর আমার মনে হয়েছিল, এর কোনো প্রতিক্রিয়া সম্ভবত পাওয়া যাবে না। যাই হোক, আসিফ নজরুলের লেখায় ঝুমুরের মৃত্যুর সূত্রে যে হাহাকারটি রয়েছে, তা হলো একজন চিকিৎসকের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা।২৮ জুন আশীষ কুমার চক্রবর্তী রুগ্ণ চিকিৎসক সমাজের ব্যবচ্ছেদ করেছেন এবং তাঁদের রোগমুক্তির বেশ কিছু দাওয়াই বাতলে দিয়েছেন। কিন্তু প্রকৃত অবস্থা তো ‘সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা’র পর্যায়ে। আশীষ কুমার চক্রবর্তী বলেছেন, ‘হাতে গোনা কজন ছাড়া জুনিয়র চিকিৎসকেরা পেশার প্রতি চরম উদাসীন।’ খাঁটি কথা। এখনকার অধিকাংশ নব্য চিকিৎসক ইন্টার্নশিপ করার পর এফসিপিএস পার্ট-১ নামক এক পরীক্ষায় অবতীর্ণ হন। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁরা ট্রেনিংয়ে ঢোকেন। সম্পূর্ণ অবৈতনিক এই ট্রেনিংয়ের মেয়াদকাল চার বছর। ফলে এমবিবিএস পাস করা একজন চিকিৎসককে তাঁর প্রাত্যহিক ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে ‘খেপ মেরে’ দিনরুজি করতে হয়। শ্যাম রাখি না কুল রাখি অবস্থা! এটা হচ্ছে একবিংশ শতাব্দীতে এই সমাজে বসবাসকারী একজন নিগৃহীত নব্য চিকিৎসকের বাস্তব জীবন। চিকিৎসকেরা তো আত্মসম্মানবোধই হারিয়ে ফেলেছেন, সমাজকে কীভাবে সম্মান করতে হয় সম্ভবত তাঁরা তা ভুলে গেছেন!ভালো ব্যবহার যেমন অপরিহার্য, তেমনি চিকিৎসকের চিকিৎসাজ্ঞানের বিষয়টিও পরিহার্য। সুতরাং এমবিবিএস পাস করে পোস্ট গ্র্যাজুয়েশন করা বা এর স্বপ্ন দেখা তো অন্যায় কিছু নয়। তরুণেরা বেশি স্বপ্ন দেখবেন, সেটাই স্বাভাবিক। তাঁদের কেউ কেউ স্বপ্ন বাস্তবায়ন করবেন!আমাদের সামগ্রিক চিকিৎসাব্যবস্থার যে অবস্থা, এর জন্য শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীই দায়ী নয়। এর দায় সবার। আর এর দুর্ভাগ্যজনক শিকার শত শত সরাইলের লক্ষ-কোটি ঝুমুর! এই ঘুণে ধরা সমাজে কোনো অতিমানবের আগমন ঘটবে না নিশ্চিত, কিন্তু কিছু স্বপ্ন দেখা তরুণ অবশ্যই আসবেন, যাঁরা ঝুমুরদের দুঃখ বুঝবেন বলে আমার বিশ্বাস!মো. মিজানুর রহমানচিকিৎসকসরকারি চাকুরের করস্বাধীনতার পর সরকারি কর্মচারীদের যে কয়বার পে-স্কেল প্রদান করা হয়েছে, তাতে কোনো সময়েই মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয়নি। ফলে বিভিন্ন সময়ে নতুন নতুন পে-স্কেলের মাধ্যমে বেতনের পরিমাণ বাড়ানো হলেও সমসাময়িক মুদ্রার মূল্যমান হ্রাসের কারণে সরকারি কর্মচারীদের বেতন বাস্তবে বাড়েনি, শুধু প্রাপ্ত টাকার পরিমাণ বেড়েছে। ২০০৯ সালে নতুন পে-স্কেল ঘোষণার পর এযাবৎ মূল্যস্ফীতি ২০ শতাংশের বেশি। তাই সরকারি কর্মচারীদের কষ্টে জীবন কাটাতে হচ্ছে।এত দিন সরকারি কর্মচারীদের বেতনের ওপর আরোপিত কর পরিশোধের পর সরকার কর্তৃক তা ফেরত দেওয়া হতো। মাননীয় অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের দেশের সম্মানিত ব্যক্তি উল্লেখ করে তাঁদের বেতনের ওপর আরোপিত কর তাঁদের নিজেদেরই পরিশোধের জন্য সদ্যঘোষিত বাজেটে প্রস্তাব করেছেন। তাঁর মতে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা তাঁদের প্রাপ্ত বেতনের ওপর কর নিজেরাই পরিশোধ করেন বিধায় সরকারি কর্মচারীদের সঙ্গে বৈষম্য সৃষ্টি হয়েছে। তাই তাঁর মতে, এই বৈষম্য দূর করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সঙ্গে সরকারি কর্মচারীদের বেতনের বৈষম্য আমাদের সবার জানা।একই সঙ্গে পাস করা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন ব্যক্তি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর তুলনায় কয়েক গুণ বেশি বেতন পান। তাই সরকারি কর্মচারীদের বেতনের ওপর আরোপিত কর অফেরতযোগ্য হিসেবে ঘোষণা করার আগে এই বেতনবৈষম্য দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করছি।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।বানান ভুল করলেও২৫ জুন প্রথম আলোর চিঠিপত্র কলামে প্রকাশিত বুয়েট স্কুলের বাংলার প্রভাষক মো. আবদুল কাদেরের ‘বানান ভুল করলেও’ শিরোনামের চিঠিটি পড়ে অবাক হই। চিঠিটির জন্য তাঁকে ধন্যবাদ। বাংলা বানান ভুলের জন্য নম্বর না কাটার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটা জানি না। নির্দেশটি যিনি বা যাঁরাই দিয়ে থাকুন, তাঁরা যে বাংলা ভাষার উন্নতি চান না, এটা নিঃসন্দেহে বলা যায়। পৃথিবীর অন্য ভাষাভাষী কোনো লোক নিজের ভাষার ভুল বানানের বিষয়টি উপেক্ষা করেছেন বা করবেন বলে মনে হয় না। সালাম-জব্বাররা ভুলে ভরা একটি মাতৃভাষার জন্য জীবন দেননি। ড. মুহম্মদ শহীদুল্লাহরা ষাটের দশক থেকে একটি পরিশীলিত, সমৃদ্ধ ও নির্ভুল বাংলা ভাষা উপহার দিতে গবেষণা করে আসছেন। বাংলা শব্দের একটি যৌক্তিক বানানরীতি প্রণয়ন করেছে এনসিটিবি ও বাংলা একাডেমী। এর লক্ষ্য, রক্তের বিনিময়ে পাওয়া এ ভাষাকে নির্ভুল ও সমৃদ্ধ করা। এর পরও বানান ভুল হচ্ছে। রাজধানীর বিখ্যাত সব মহাসড়কের নামফলকগুলো ভুল বানানে ভরা। সরণি শব্দটাকেই অন্তত আট রকমের ভুল বানানে (স্বরনি, স্বরনী, স্বরণি, স্বরণী, স্মরনি, স্মরনী, স্মরণি, স্মরণী) লেখা হয়েছে। শ্রদ্ধাঞ্জলিকে লেখা হয় শ্রদ্ধাঞ্জলী। অফিস-আদালতে স্মারককে স্বারক, কার্যালয়কে কার্য্যালয়, আনুষঙ্গিককে আনুষাঙ্গিক লিখতে দেখেছি, এমনকি মন্ত্রণালয়ের চিঠিতেও। কিন্তু ভুল হচ্ছে বলে শুদ্ধ না করে ভুলগুলোকে মেনে নিয়ে নম্বর দিতে হবে? শিক্ষক হিসেবে যেখানে আমরা শিক্ষার্থীদের শুদ্ধ বানান শেখাতে চেষ্টা করছি, কর্তৃপক্ষের এহেন নির্দেশ সেখানে বানান ভুল করতে কি তাদের বেপরোয়া করে তুলবে না? শুদ্ধ বানানের জন্য যেখানে আমরা অভিধান-ব্যাকরণের আশ্রয় নিই, সেখানে সেসব হয়ে পড়বে গুরুত্বহীন। ওই নির্দেশে আমরা শিক্ষার্থীদের ভুল বানান শিখতে উৎসাহিত করতে পারি না। আমরা আশা করব, এহেন নির্দেশ (যদি থাকে) অবিলম্বে প্রত্যাহার করা হবে।আবদুর রউফ চৌধুরীশিক্ষক, ফেনী।চাষের জমিতে ভবনবাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি সদরে চাষের জমিতে বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়েছে। এসব ভবন নির্মাণে ইমারত নীতিমালা মানা হচ্ছে না। ভূমিকম্পপ্রবণ চট্টগ্রামের জন্য তাই এ ভবনগুলো মৃত্যুফাঁদ হয়ে দেখা দিতে পারে। স্থানীয় বিভিন্ন পত্রিকায় এ নিয়ে লেখালেখি হলেও টনক নড়েনি প্রশাসনের। আর তাই প্রশাসনের নাকের ডগায় চাষের জমি বিলুপ্ত করে গড়ে উঠছে একের পর এক ঝুঁকিপূর্ণ বহুতল ভবন। দায়িত্বশীল কর্তাব্যক্তিরা একটু নজর দেবেন কি?সঞ্জয় দেবনাথফটিকছড়ি, চট্টগ্রাম।