চি ঠি প ত্র
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার বলছিমানবতা বলতে আমরা বুঝি কারও বিপদে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে পাশে দাঁড়ানো। যখন কেউ বিপদের সম্মুখীন হয়, তখন তার পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। আমাদের সতীর্থ মামুনের কৃষক বাবা এখন লড়াই করছে ‘মাল্টিপল মাইলোসা বা বোন ম্যারো ক্যানসার’-এর বিরুদ্ধে। গত ২৬ ডিসেম্বর তাঁর স্পাইনাল কর্ড থেকে অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে। তিনি এখন ল্যাবএইড হাসপাতালে ড. মোশাররফ হোসেনের অধীনে চিকিৎসাধীন। কিন্তু তাঁর সুস্থতার জন্য প্রয়োজন ‘বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন’। আর এ জন্য প্রয়োজন ১৫ লাখ টাকার মতো। ইতিমধ্যে প্রায় পাঁচ লাখ টাকা জোগাড় করা হয়েছে। প্রয়োজন আরও ১০ লাখ টাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা আমাদের পরিবারের আরেক সদস্য মামুনের পাশে দাঁড়িয়ে সংগ্রাম করছি এ বিপুল অর্থ সংগ্রহের জন্য। মানবতাই পারে সব বাধাবিপত্তি জয় করতে। তাই তো সে আজ ব্যাকুল হয়ে প্রতীক্ষা করছে সবার সহূদয়তার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার হয়তো তার সব চিকিৎসার ব্যয় বহন করতে পারব না। কিন্তু তাঁর এই বিপদে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছি। তাই সমবেদনায় ব্যথিত হয়ে সনির্বন্ধ অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই যদি ক্ষুদ্র অবদান রাখতে পারি, তাহলে হয়তো একজন বাবাকে বাঁচানো সম্ভব, সম্ভব মানবতাকে বাঁচানো। তাই আসুন, আমরা নিজেদের একটু মানবিক করি। সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রচেষ্টাকে সফল করি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মামুনুর রশীদ, মোবা: ০১৬৭৬৭২৭২৫৭, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১২৬১০১০০০২২৪৮২০, ডাচ্-বাংলা ব্যাংক, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের শিক্ষার্থীরাবন্য প্রাণী রক্ষাগত ৩০ জুন প্রথম আলোর ৩ নম্বর পৃষ্ঠায় মৌলভীবাজারের জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন ‘অবাধে তক্ষক শিকার’ নামে যে প্রতিবেদনটি লিখেছেন, তা পড়ে আমার মনে প্রশ্ন জেগেছে, দেশে বন্য প্রাণী সংরক্ষণ আইন থাকা সত্ত্বেও কী করে চলে প্রায় বিলুপ্ত তক্ষকের মতো একটি বন্য প্রাণীর অবাধ শিকার? সম্প্রতি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় একটি কুচক্রী মহল ‘তক্ষকের রক্তরস দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি হয়’ নামে গুজব রটিয়ে অবাধে তক্ষক শিকার করে চলেছে, তা সত্যিই দুঃখজনক। বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে, তক্ষক সরীসৃপজাতীয় নিশাচর বন্য প্রাণী। গ্রীষ্ম ও শরৎকাল তক্ষকের প্রজননের সময়। তক্ষক বিভিন্ন গাছের ক্ষতিকর পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। এই প্রাণীটি মানুষের কোনো ক্ষতি করে না। তক্ষকের রক্তরস দিয়ে ওষুধ তৈরি করার বিষয়টির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বন্য প্রাণী শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ জেনেও যারা বন্য প্রাণী শিকার করছে, তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এ ব্যাপারে যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয়, তবে প্রকৃতি থেকে হারিয়ে যাবে এই প্রাণীটি।এনামুল হকথানা রোড, ধরমপাশা, সুনামগঞ্জ।আমরা ‘আদিবাসী’আমরা উপজাতি নই, ক্ষুদ্র নৃগোষ্ঠী নই; তেমনি আমরা বাঙালিও নই, আমরা আদিবাসী। আমরা চাকমা, গারো, সাঁওতাল, মারমা, কোচ, ত্রিপুরা, মান্দাই, মণিপুরি, লুসাই, হদি, বানাই, তঞ্চ্যঙ্গা, হাজং। আমরা আদিবাসী। প্রত্যেকে আমরা আলাদা জাতি। আমাদের প্রত্যেকের নিজস্ব ভাষা আছে, সমৃদ্ধ সংস্কৃতি আছে। আপন বৈশিষ্ট্য, আপন জীবনাচরণ অব্যাহত চর্চা-অনুশীলনের মাধ্যমে আমরা বেঁচে থাকতে চাই। বাঙালি হওয়ার কোনো দরকার নেই। কিন্তু এ দেশের কোনো সরকারই আমাদের ‘আদিবাসী’ হিসেবে স্বীকার করছে না। আদিবাসীদের অধিকার আদায়ে গড়া সংগঠনগুলোর ‘আদিবাসী’ নামকরণের দাবি থেকে এক ইঞ্চিও সরে আসা উচিত নয়। আর যেসব সংগঠন ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ শব্দটার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে, সেগুলো আসলে সরকারেরই আশীর্বাদপুষ্ট/সাহায্যপুষ্ট সংগঠন। আদিবাসীরা স্বীকৃতি আদায়ের জন্য লড়ে যাচ্ছে। লড়ে যেতে হবে আমাদের।বচন নকরেকময়মনসিংহ।গাছ রপ্তানিপরিবেশ রক্ষার জন্য যেকোনো দেশের এক-চতুর্থাংশ ভুমিতে বনায়ন থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশে বনের পরিমাণ মাত্র ১০ শতাংশ। এখানে আরও ১৫ শতাংশ জমিতে বনায়ন প্রয়োজন। ফলদ হোক আর বনজ হোক, দেশি হোক আর বিদেশি—গাছ তো গাছ—পরিবেশ রক্ষার হাতিয়ার। আমি একটি নার্সারির মালিক। দেশের বিভিন্ন অঞ্চলের নাগরিক আমাদের কাছে গাছের চারা কিনতে আসেন। দেশের সব নাগরিক একযোগে লাল অথবা নীল কাপড় পরিধান করে না। তেমনি একেকজন ক্রেতা কেউ বনজ, কেউ ফলদ, কেউ বিদেশি গাছের প্রতি আগ্রহী। যেভাবেই হোক, একটি গাছ লাগানোর মানেই একটি গাছের বৃদ্ধি। তার দ্বারা যদি সামান্যতম কার্বন ডাই-অক্সাইড শোষণ এবং অক্সিজেন পাওয়া যায়, সেখানেই সার্থকতা। আর যদি গাছটি লোহার মতো শক্ত, হালকা, সহজে আগুনে পোড়ে না, অন্যান্য গাছের তুলনায় চার গুণ বর্ধনশীল, পাতায় জৈব সার, ফুলে মধু এবং একবার লাগিয়ে গাছ কাটার পরও কলাগাছের মতো তিন-চারবার চারা পাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই, কিন্তু সেখানেও আপত্তি।ঝড়-বৃষ্টি থেকে মানুষ ও ঘরবাড়ি রক্ষা করে গাছ। ভূমিক্ষয় রোধ করে গাছ। আর্থিকভাবে লাভবান করে গাছ। বিদেশ থেকে আনা ‘স্ট্রবেরি’ এখন কিন্তু বাংলাদেশের সম্পদ।কেবল বাংলাদেশের শ্রম রপ্তানির জন্য বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকার সুতা আমদানি করে পোশাকশিল্প রক্ষা করা হয়। প্রয়োজনে পরিবেশ রক্ষার জন্য, জীবনের জন্য তুলনামূলকভাবে দেশ লাভবান এবং উপকৃত হয় এমন গাছ আমদানি করে পরিচর্যা শেষে আবার বিদেশে রপ্তানি করতে বাধা কোথায়।মো. খুরশীদ আলমনার্সারি মালিক, খুলনা।