চি ঠি প ত্র
হরতালতেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতাল হয়ে গেল ৩ জুলাই। সেদিনই আবার বিএনপি-জামায়াত হরতাল ডাকল টানা ৪৮ ঘণ্টার। হরতালের উদ্দেশ্য যদি সরকারের ভুল কাজগুলোকে পুঁজি করে জনমত নিজেদের পক্ষে নেওয়া হয়, তাহলে তো সেই হরতাল ছুটির দিনেও দেওয়া যেতে পারে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, আমাদের বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে হরতাল দিচ্ছে সাপ্তাহিক ছুটির আগের এবং পরের দিনগুলোতে। অর্থাৎ তাতে দেশটা কয়েক দিন স্থবির থাকবে; স্থবির থাকবে দেশের অর্থনীতি, আটকে থাকবে ছাত্রছাত্রীদের লেখাপড়া ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশের মতো অনগ্রসর একটি দেশকে যদি হরতালের ফাঁদে ফেলে কয়েক দিন আটকে রাখা হয়, তাহলে আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোটা অলীক স্বপ্ন হয়ে দাঁড়াবে!হরতাল দেশের সিংহভাগ মানুষ পছন্দ করে না, তার পরও হরতাল-হরতাল খেলা বাধ্য হয়ে উপভোগ করতে হয়। সরকারি দল ও বিরোধী দল একচেটিয়াভাবে নিজেদের স্বার্থে পুরো জাতিকে জিম্মি কিংবা তুচ্ছ জ্ঞান করে যাচ্ছেতাই করে যাচ্ছে! রাজনৈতিক দলগুলোর মনোভাব অনুদার। ফলে পুরো ভারটা বইতে হচ্ছে সাধারণ মানুষকে। রাজনৈতিক দলগুলো জনমতকে উপেক্ষা করে কোনো কাজ করলে তা জনগণকেই মোকাবিলা করা উচিত। কেউ যৌক্তিকভাবে দেশ ও জাতির মঙ্গলের কথা মাথায় নিয়ে কোনো কর্মসূচি দিলে তাতে যেমন দেশের মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া উচিত, তেমনি কেউ দলীয় কিংবা ব্যক্তিস্বার্থে হরতালের মতো কোনো ক্ষতিকর কর্মসূচি দিলে তা-ও স্বতঃস্ফূর্তভাবে রুখে দেওয়া উচিত।আসাদ আল-আমিনশিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।[email protected]ফলক হারিয়ে গেলমহীয়সী নারীর অবদান চিরস্মরণীয় করার জন্য এলিফ্যান্ট রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ জননী জাহানারা ইমাম সরণি’ নামকরণের জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফের ঘোষণা ও সহযোগিতার ফলে ১৯৯৯ সালে এলিফ্যান্ট রোডের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত হয়। সেই পরিপ্রেক্ষিতে বাটার মোড় থেকে গাউছিয়া মার্কেট অর্থাৎ মিরপুর রোড সংযোগের দুই পাশে দুটি এবং বাটার মোড় সড়কদ্বীপে এবং ভোজ্যতেল গলির কাছে ‘শহীদ জননী জাহানারা ইমাম সরণি’ লেখা নামফলক ছিল। ওই সময় কিছু বিপণিবিতান এলিফ্যান্ট রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ জননী জাহানারা ইমাম সরণি’ লিখেছিলেন, কিন্তু দুঃখের বিষয় এখন আর সেই লেখা এবং নামফলকের চিহ্নমাত্র চোখে পড়ে না। শহীদজননী জাহানারা ইমাম রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমৃত্যু সংগ্রাম করেছেন।রাজাকার, আলবদর, আলসামসের বিচারের জন্য প্রতীকী গণ-আদালত করে রায় ঘোষণা করেছিলেন। শহীদজননীর অবদানের কথা বিবেচনা করে ‘শহীদ জননী জাহানারা ইমাম সরণি’ নামটি চালু করতে আশু ব্যবস্থা গ্রহণের জোর দাবি রাখছি।মানিক হাওলাদারগেন্ডা, সাভার, ঢাকা। শিশুশ্রম ও নছিমনআমাদের দেশের হাজার হাজার শিশু তাদের মৌলিক অধিকার লেখাপড়া বাদ দিয়ে বিভিন্ন কাজে নিয়োজিত। খারাপ লাগে যখন দেখি, শিশুশ্রম ব্যবহূত হচ্ছে অবৈধ নছিমন চালানোর কাজে। শিশু হিসেবে বিবেচিত ব্যক্তিরা অদক্ষভাবে এসব গাড়ি চালানোর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। অথচ আমাদের দেশের প্রচলিত আইনে এই গাড়ি চালানোর কোনো নিয়ম নেই। সম্প্রতি প্রথম আলোয় অবৈধ নছিমন উচ্ছেদের খবর ছাপা হয়। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, শিশুশ্রম আইন কার্যকর করা এবং অবৈধ নছিমনগুলো উচ্ছেদ করার জন্য।মো. কোরবান আলীকুমারখালী, কুষ্টিয়া।সংশোধনীগত ৩ জুলাই প্রকাশিত মিজানুর রহমান খানের ‘পঞ্চদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জযোগ্য’ শীর্ষক নিবন্ধে মুহাম্মদ হাবিবুর রহমান ও আনিসুজ্জামানের ‘আইনকোষ’ থেকে দণ্ডবিধির ১২৪ক ধারার আওতায় শাস্তি সাত বছর ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে রাষ্ট্রদ্রোহের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। —বি.স.