চি ঠি প ত্র
কেন এত বিলম্ব?আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতাশাগ্রস্ত একজন ছাত্র। ২০০৫ সালের মে থেকে ২০১১ সালের জুলাই—দীর্ঘ ছয় বছর দুই মাস পেরিয়ে গেছে চার বছর মেয়াদি অনার্স কোর্স সম্পন্ন হতে। গত মে ২০১১ ফল প্রকাশিত হলেও এখন পর্যন্ত আমরা সার্টিফিকেট পাচ্ছি না। বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে বলা হয়েছে, আরও দেড় মাস সময় লাগবে। কিন্তু কেন এত বিলম্ব? গত বছরের আগস্টে ফাইনাল পরীক্ষা নেওয়া হয়েছিল। দীর্ঘ ১১ মাস পরও আমরা সার্টিফিকেট পাচ্ছি না। এটা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থীকে নিয়ে রাষ্ট্রের একধরনের হঠকারিতা নয়? চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকার পরও বেশির ভাগ চাকরিতে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স চাওয়া হয়। প্রশ্ন হলো, একজন শিক্ষার্থীর অনার্স-মাস্টার্স করতে যদি আট বছরের বেশি লেগে যায়; তাহলে সরকারি চাকরির বয়স থাকে কি? এমতাবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন অভিশপ্ত বললে কি ভুল বলা হবে? এমনটা কি চলতেই থাকবে? রাষ্ট্রের কি একটুও মাথাব্যথা নেই আমাদের নিয়ে? বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে অপেক্ষাকৃত বেশি মেধাবীরাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। শুধু সঠিক পরিকল্পনা, পদ্ধতিগত ভুল, অপর্যাপ্ত ক্লাস এবং রাষ্ট্রের সুদৃষ্টির অভাবে আমাদের জীবন আজ অভিশপ্ত। এই লাখ লাখ শিক্ষার্থী রাষ্ট্রের বোঝা না হয়ে, শিক্ষিত বেকার না হয়ে সুদক্ষ মানবসম্পদ হতে পারে। দরকার শুধু সঠিক পরিকল্পনা আর রাষ্ট্রের সুদৃষ্টি।পরিশেষে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠদান পদ্ধতি সেমিস্টার-ভিত্তিক করা এবং প্রতিটি বিভাগে কেন্দ্র স্থাপন করার বিষয়টি বিবেচনা করতে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি। মো. মেজবাহুল কবির শ্যামলী, ঢাকা।ধিক্কার জানাইবড় মনঃকষ্টে এ লেখাটি লিখছি। এক অবর্ণনীয় যন্ত্রণা ও ধিক্কার আমাকে কুরে কুরে খাচ্ছে। বিভিন্ন পত্রিকায় ভিকারুননিসা নূন স্কুলে পড়ুয়া এক মেয়ের শ্লীলতাহানি ও পরবর্তী ঘটনাপ্রবাহে বিস্ময়ে লজ্জায় হতবাক আমি। পরিমল জয়ধর, আমি দুঃখিত আমার কলম দিয়ে এই ঘৃণিত নামটি লিখতে হলো, সে নাকি বিসিএস প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়েছে। এমন একটি ঘৃণিত চরিত্রের ব্যক্তি প্রশাসন ক্যাডারে যোগদান করলে ওই ক্যাডার সার্ভিসটিই কলঙ্কিত হবে, এর সম্মান ও পবিত্রতা প্রশ্নবিদ্ধ হবে এবং এই ব্যক্তিটি প্রশাসন ক্যাডারের বর্ম ব্যবহার করে এ ধরনের ঘৃণিত কাজ ভবিষ্যতেও চালিয়ে যাবে।আশা করছি, সরকারের সংশ্লিষ্ট মহল অত্যন্ত গুরুত্বের সঙ্গে অতি দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করবে। ছাত্রছাত্রীদের অসংখ্য অভিভাবকের স্বস্তি ফিরিয়ে দেবে।বিবেক লাহিড়ীএকটি কন্যার বাবা।পাম বিপ্লবগত ২০ জুন নিজামুল ইসলামের চিঠিটি পড়ে আমি পাম চাষ সম্পর্কে মানুষের উৎসাহ অনুধাবন করতে পেরেছি। তিনি যে তেল আহরণ পদ্ধতির কথা উল্লেখ করেছেন, তা আমাদের দেশের প্রেক্ষাপটে যথাযথ। যেহেতু আমরা এখনো বাণিজ্যিকভাবে পাম চাষ শুরু করিনি, তাই ক্ষুদ্র পরিসরে পাম চাষ করলে ওই পদ্ধতিতে সহজ তেল আহরণ করা সম্ভব। এখন প্রশ্ন হলো, পাম চাষ অথবা পাম অয়েলের উপকারিতা বা গুরুত্ব কী? প্রথমত, বাংলাদেশের পরিবেশের বিষয়টি বিবেচনায় নিলে পাম চাষের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ বিপর্যয় রোধ ও অর্থনৈতিক মুক্তি অর্জনে পাম চাষ ভূমিকা রাখতে পারে। আমাদের উপকূলীয় বেষ্টনী প্রস্তুতে পাম চারা অগ্রাধিকার পাওয়া উচিত।দ্বিতীয়ত, সামাজিক দৃষ্টিকোণ থেকে, পাম চাষ আমাদের বেকার সমস্যার সমাধান ও সামাজিক নিরাপত্তা উভয়ই নিশ্চিত করতে পারে। কেনিয়াতে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) হাইব্রিড পাম প্রজেক্ট স্থানীয় জনগণের গড় আয় বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করেছে। দারিদ্র্য নিরসনে সাধারণ মানুষকে যদি একই পথে নিয়ে আসতে চাই, তাহলে পাম চাষ অগ্রজ ভূমিকা পালন করতে পারে।তৃতীয়ত, যদি স্বাস্থ্যগত বিষয় আসে, তাহলে দেখি যে পাম অয়েল কর্তৃক শরীরে উৎপন্ন কোলস্টেরলের মাত্রা অন্যান্য ভোজ্যতেল থেকে অনেক কম, যা সরাসরি হূৎপিণ্ডজনিত রোগকে প্রভাবিত করে না। তুলনামূলকভাবে অন্য যেকোনো তেল উৎপাদনকারী বস্তু থেকে প্রস্তুত করা পাম অয়েলে কোলস্টেরলের মাত্রা অনেক কম থাকে। সর্বশেষ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, মালয়েশিয়াসহ আফ্রিকার পামনির্ভর অর্থনৈতিক দেশগুলোর অর্থনীতির সুদিন দেখলে এর প্রয়োজনীয়তা সহজেই অনুধাবন করা যায়। মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থান বিশ্ব অর্থনীতিতে ২৯তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় তৃতীয় স্থানে রয়েছে। মালয়েশিয়ার অর্থনীতিতে পাম অয়েল রপ্তানির ভূমিকা বলার অপেক্ষা রাখে না। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে দেখি, প্রায় একই জলবায়ু ব্যবহার করে আমরা পামকে স্বনির্ভরতার চাবিকাঠিতে রূপান্তর করতে পারি। আমরা কসমেটিকস দ্রব্যাদি উৎপাদনেও পাম ব্যবহার করতে পারি। আজ আমরা যেমন বিশ্ববাজারে সুন্দরবনের কার্বন বিক্রির কথা চিন্তা করছি, তেমনি পামনির্ভর কোনো কৃত্রিম বন প্রতিষ্ঠা করা গেলে তা আরও যুগোপযোগী ফল বহন করবে।তাই গাছ লাগানোর এ মৌসুমে প্রথম আলোর প্রত্যেক পাঠকের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকে অন্তত একটি করে পাম গাছ লাগান এবং দেশকে কৃষিনির্ভর শিল্প তথা পাম বিপ্লবকে একধাপ এগিয়ে নিন। মনে রাখতে হবে, আমাদের চিরসবুজের বাংলাদেশকে আরও সবুজময় করে তোলার দায়িত্ব আমাদেরই। দায়িত্ব এড়িয়ে মানুষ বেশি দূর যেতে পারে না। তাই এ দেশের স্বনির্ভরতা ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।কাজী ওয়াসেক বিন খোরশেদছাত্র ও কৃষি উদ্যোক্তা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।