চি ঠি প ত্র
বীর জয়নাল২ জুলাই প্রথম আলোয় ‘রিকশা চালিয়ে হাসপাতাল’ শিরোনামের প্রতিবেদনটি আমাকে খুব নাড়া দিয়েছে। একই পত্রিকায় ৪ জুলাই সেই হাসপাতালের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন সম্পর্কে পাঠকদের প্রতিক্রিয়া-সংক্রান্ত প্রতিবেদনটিও পড়েছি। প্রতিদিনকার হাজারো সংবাদের মধ্যে এ ছিল এক আশা-জাগানো সংবাদ।আর্থিক অনটনের মধ্যে থেকেও যখন একজন রিকশাওয়ালা তিলে তিলে টাকা জমিয়ে তাঁর গ্রামে হাসপাতাল করার স্বপ্ন দেখেন, তখন এটা আর সাধারণ ঘটনা থাকে না। শুধু স্বপ্ন দেখা নয়, এর বাস্তবায়নও তিনি করেছেন। এই সামান্য রিকশাওয়ালার অসাধারণ কীর্তি মানবিকতার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবেই প্রতিভাত হবে। তিনি এখনো রিকশা চালিয়ে হাসপাতালের জন্য ওষুধ কেনেন। এলাকার মানুষ বিনা মূল্যে চিকিৎ সা ও ওষুধ পাচ্ছেন। এত বড় একটা ঘটনা একজন দরিদ্র ও অশিক্ষিত মানুষ ঘটিয়েছেন, এটাই গৌরবের বিষয়। অনেক বিত্তবানই তো হাসপাতাল দিচ্ছেন। কত বিশাল একেকটি হাসপাতাল। হয়তো অনেক গরিবের সেসব হাসপাতালের চৌকাঠ মাড়ানোর সচ্ছলতা নেই। তাই জয়নাল আবেদিনের এই মহান কীর্তি দেশের অনেক মানবিক বোধসম্পন্ন মানুষকে এভাবে জনসেবায় এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে। হে বীর জয়নাল আবেদিন! নমি তোমায় শতবার। মো. আবদুর রহিম, কুমিল্লা।