চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ঘরবন্দীআমার দুই পা ও কোমর পক্ষাঘাতগ্রস্ত। আমি স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারি না। জীবন ও জীবিকার তাগিদে তবু হাঁটতে হয় আমাকে। আমার স্ত্রী-সন্তানেরা এবং কাছের সব প্রীতিভাজন স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীরা আমাকে কখনো ভাবতে দেননি, আমি একজন পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী; হাঁটতে পারি না।কাজের উদ্দেশ্যে শহর ছেড়ে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে দূরেও যেতে হয় অবসাদগ্রস্ত পা নিয়ে লাঠিতে ভর করে। কখনো অফিসের গাড়িতে, কখনো বাসে।কিন্তু যখন হরতাল ডাকা হয়, তখন আমি কর্মহীন ও বিষণ্ন হয়ে ঘরবন্দী হয়ে পড়ি। আমার কাজের জায়গায় আমি আর যেতে পারি না। কর্মমুখী মানুষ অনেকে ঝুঁকি নিয়ে হরতালের ভেতর রাস্তায় কর্মস্থলের উদ্দেশে নেমে পড়েন। শব্দবিহীন, কোলাহলহীন রাস্তার পাশে ঘরে বসে থাকতে থাকতে বুকের ভেতর প্রচণ্ড বেদনা আর কষ্ট নিয়ে তখন অনুভব করি, আমি তো আসলে একজন ‘প্রতিবন্ধী’। ‘প্রতিবন্ধী’ শব্দটি আমি কখনো বিশ্বাস করি না। মানুষ কখনো প্রতিবন্ধী হতে পারে না। মানুষের শারীরিক ও মানসিক চিন্তাভাবনার এগিয়ে যাওয়ার পথ যাঁরা রুদ্ধ করেন ও প্রতিবন্ধকতা তৈরি করেন, আমি মনে করি বস্তুত তাঁরাই প্রতিবন্ধী।হাঁটতে না পারলেও আমি প্রতিবন্ধী নই। কিন্তু হরতাল আমাকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে। নির্বাচনের সময় ছেলের হাত ধরে ভোটকেন্দ্রের লাইনে গিয়ে দাঁড়াই। পছন্দের প্রার্থীকে ভোট দিই। বিনিময়ে কি এই প্রতিবন্ধিত্ববরণ? আমি রাজনৈতিক দলগুলোর কাছে প্রার্থনা করছি, এই প্রতিবন্ধিত্ব থেকে আমি মুক্তি পেতে চাই।সুলতান মোহাম্মদ গিয়াসউদ্দীনদক্ষিণ খুলশী, চট্টগ্রাম।