চি ঠি প ত্র
মর্মান্তিক!আজকাল ঘর থেকে যখন মানুষ রাস্তায় নামে, তখন নিশ্চিত করে বলা অসম্ভব, মানুষটি নিরাপদে ঘরে ফিরবে কি না। সড়ক দুর্ঘটনায় অনেক তাজা প্রাণ আমরা হারাচ্ছি। ১১ জুলাই আমরা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার চিত্র দেখলাম। মিরসরাইবাসী এত স্কুলছাত্রের মৃত্যুর শোক সহ্য করবে কীভাবে? এমন হাজারো পরিবার আছে, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে এমনই কোনো এক সড়ক দুর্ঘটনায়।মিরসরাইয়ে স্কুলছাত্রবাহী ট্রাকটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। চালকের আসনে বসে ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী বা হেলপার এবং তিনি মুঠোফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। আমাদের দেশে সড়ক দুর্ঘটনার বেশির ভাগ ক্ষেত্রেই ট্রাক নামক যন্ত্রদানবটি দায়ী থাকে। যখন থানায় মামলা হয়, তখন তারা বীরদর্পে জামিন নিয়ে যায়। তাদের ভাষায়, এটি তাদের অধিকার। মানুষকে হত্যা করলে যখন তাদের সাজা হয় না, তখন আর তাদের ভয় কিসের?যানবাহন চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা একটি ফ্যাশনে রূপ নিয়েছে। চালকেরা এক হাতে গাড়ির স্টিয়ারিং চালান। বিশ্বের প্রায় প্রতিটি দেশে যানবাহন চালানোর ওপর বিভিন্ন ধরনের আইন রয়েছে। সেসব দেশে গাড়ি চালনারত অবস্থায় কোনো চালক মুঠোফোনে কথা বললে তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে। সেই বিধান শুধু কাগজে-কলমে নয়, বাস্তবেও মানা হয়। এদিকে আমাদের দেশের চালকেরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছেন!আমাদের দেশের সড়ক দুর্ঘটনার মূল তিনটি কারণ: চালকের খামখেয়ালি, যান্ত্রিক ত্রুটি ও পথের ত্রুটি। চালকদের ওপর কঠোর আইন আরোপ করা জরুরি। কারণ, তাঁদের ওপর নির্ভর করে হাজারো মানুষের প্রাণ। তাঁদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, জাগিয়ে তুলতে হবে মূল্যবোধও।প্রীতি রাহাময়মনসিংহ।নতুন চিকিৎসকপ্রথম আলোর চিঠিপত্র কলামে গত ৩০ জুন চিকিৎসক মো. মিজানুর রহমান তাঁর ‘রুগ্ণ চিকিৎসক সমাজ’ লেখায় নতুন চিকিৎসকদের বাস্তব জীবনের কথা সুন্দরভাবে প্রকাশ করেছেন।দেশের নামকরা মেডিকেল কলেজ থেকে পাস করা এসব চিকিৎসক উচ্চশিক্ষা লাভের আশায় চার বছর মেয়াদি এফসিপিএস কোর্স করেন। সরকারি মেডিকেলে এ ট্রেনিং চলাকালীন প্রশিক্ষণার্থী-চিকিৎসকদের কোনো বেতন দেওয়া হয় না। তাই তাঁদের ট্রেনিংয়ের ফাঁকে দিনরুজির কথা চিন্তা করতে হয়, পড়াশোনা করতে হয়। সারা দিন ট্রেনিংয়ের পর পড়াশোনা, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ক্লিনিকে সারা রাত জেগে থাকা যে কত কষ্টের, তা একমাত্র ভুক্তভোগীই জানেন।তাই সরকারিভাবে যদি এই প্রশিক্ষণার্থী-চিকিৎসকদের আর্থিক সহায়তা করা হয়, তাহলে তাঁরা ট্রেনিং এবং রোগীদের প্রতি আরও যত্নবান হবেন, যা আমাদের দেশে সুচিকিৎসা এবং একজন মানসম্পন্ন চিকিৎসক তৈরির জন্য অত্যাবশ্যক।পরিশেষে চিকিৎসকেরা যে অতিমানব কেউ নন, তাঁদেরও যে সংসারধর্ম পালন করতে হয়, এই বাস্তবতাও আমাদের বুঝতে হবে।দাউদ হাসান জাহেদীস্টামফোর্ড বিশ্ববিদ্যালয়।ফলে রাসায়নিকফল পাকাতে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে ও হবে, ব্যাপারটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। ফল রক্ষণাবেক্ষণে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিন হলো। আতঙ্কের ব্যাপার হলো, রাসায়নিক ব্যবহারের মাত্রা দিন দিন বেড়ে চলছে। ফলচাষি আর বিক্রেতাদের অতি লাভের বাসনায় পুষ্টিকর ফল দিনে দিনে হয়ে পড়ছে বিষাক্ত। প্রথম দিকে ফল পাকাতে ব্যবহূত ইথোফেনের ব্যবহারের মাত্রা ছিল কম। অতি লাভের লোভে ক্রমেই মৌসুমের প্রথম দিকে ফল তাড়াতাড়ি পাকানো এবং বাজারজাত করার জন্য কৃষকেরাও আগ্রহী হয়ে উঠছেন। আর তাঁদের উৎসাহ দিয়ে যাচ্ছেন একশ্রেণীর অসাধু মুনাফালোভী ফল ব্যবসায়ী। ইথোফেন ব্যবহারে ফল তাড়াতাড়ি পাকে, এতে আসে নজরকাড়া রং এবং দীর্ঘদিন থাকে পচনমুক্ত। তাই ব্যবসায়ীরাও ইথোফেন ব্যবহারে খুশি। কারণ, তাতে ব্যবসায়িক ঝুঁকি থাকে না।অথচ রাসায়নিক মিশ্রিত ফল সাধারণ মানুষসহ শিশুদের ফেলছে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকির মধ্যে। বিষাক্ত ফল খাওয়ায় মানুষের শরীরে দেখা দিচ্ছে নানাবিধ অসুখ। সম্প্রতি প্রথম আলোর বিশেষ প্রতিবেদনে জানা গেল মৌসুমি ফলসহ কলা, পেঁপে, আঙুর প্রভৃতি ফলে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারের খবর। ঢাকায় এখন রাসায়নিকমুক্ত ফল পাওয়া অলীক ঘটনা। তাই চাষি আর বিক্রেতাদের প্রতি অনুরোধ, বেশি লাভের আশায় রাসায়নিক মিশিয়ে মানুষকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলবেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অনুরোধ করছি, অসাধু ফলচাষি আর বিক্রেতাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক।আতিউর রহমান, শিক্ষার্থীউদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।