চি ঠি প ত্র
নিরাপত্তার অভাবচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ট্রেননির্ভর (শাটল ট্রেন) একটি বিশ্ববিদ্যালয়। প্রায় অর্ধেকের মতো ছাত্র শহরে থাকেন এবং শাটল ট্রেন দিয়ে ক্যাম্পাস থেকে শহরে, আবার শহর থেকে ক্যাম্পাসে আসা-যাওয়া করেন। যদি কোনো কারণে এক দিন ট্রেন না চলে, তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধের মতো অবস্থা হয়। ছাত্রছাত্রীদের যাতায়াতের এই প্রধান বাহন শাটল ট্রেনে কিছু দিন পরপর হকার ও ছিনতাই এবং আহত হওয়ার মতো ঘটনা ঘটছে। ১১ জুলাই রাতে বটতলী রেলস্টেশনে মুঠোফোন চুরির দায়ে একজন ছাত্র একজন হকারকে সন্দেহের জের ধরে যে ঘটনা ঘটল, তা খুবই মর্মান্তিক। সেই ছাত্র হকারকে মুঠোফোন চুরির কথা বললে অন্য হকাররা তাঁকে মারধর করায় তিনি গুরুতর আহত হন। হকাররা শুধু ওই ছাত্রটিকে মেরেই ক্ষান্ত হয়নি, তারা ট্রেনের বগিতে উঠে ছাত্রদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আহত হয়ে অনেক ছাত্রকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। তা ছাড়া ছিনতাইকারীদের কবলে পড়াও একটি নিয়মিত বিষয়। বটতলী রেলস্টেশনের যে জায়গায় ট্রেন দাঁড় করানো হয়, সেটা আসলে একটা নিরাপত্তাহীন জায়গা। তা ছাড়া রাতের বেলা যে পাশ থেকে ট্রেনটি ছাড়া হয়, তার পাশে দুর্গন্ধময় একটি ড্রেন, যেখান দিয়ে বগিতে ওঠা অসম্ভব ব্যাপার। এভাবে নিরাপত্তাহীন, অন্ধকারাচ্ছন্ন এবং পচা দুর্গন্ধময় একটি স্থান থেকে প্রতিদিন ছাত্রদের ক্যাম্পাসে আসা-যাওয়া করতে হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে তাঁরা কিছুই ভাবছেন না। এ অবস্থায় প্রশাসনের উচিত, রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে ছাত্রছাত্রীদের নিরাপত্তা জোরদার করা এবং শাটল ট্রেনকে পুরোনো রেলস্টেশনের পরিবর্তে নতুন রেলস্টেশনে স্থানান্তর করা।মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।