চি ঠি প ত্র
গণপিটুনিডাকাত সন্দেহ, গড়িমসি না করেই গ্রামবাসীর গণপিটুনি। আর সেই সঙ্গে মারা গেলেন ছয়জন। পরে দেখা গেল, তাঁরা আসলে ডাকাত নন, সবাই ছাত্র। ঢাকা শহরেরই বিভিন্ন নামীদামি কলেজে পড়াশোনা করতেন তাঁরা। ঘটনাস্থল রাজধানীর অদূরে সাভারের আমিনবাজার। নিহত ছাত্ররা যদি ডাকাতও হতেন, তা হলেও কি তাঁদের এভাবে পিটিয়ে মারার অধিকার জনগণের আছে? সন্দেহের অভিযোগে যদি মৃত্যু নেমে আসে, তাহলে বিচার বা সত্য প্রমাণ করার দরকার কী? যুদ্ধাপরাধী, ঋণখেলাপি বা দুর্নীতিগ্রস্তদের প্রচলিত বিচারের মুখোমুখি করা হচ্ছে, তাঁরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন আর সেখানে সামান্য ডাকাত সন্দেহে প্রাণ দিতে হলো ছয় ছাত্রকে! বাংলাদেশে জনগণ কর্তৃক আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। আর রাষ্ট্রে তা ঘটছে প্রধানত দুটি কারণে, প্রথমত, প্রচলিত আইনের প্রতি জনগণের বিশ্বাসহীনতা আর দ্বিতীয়ত, রাষ্ট্রও যখন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেয়। আইনের ওপর বিশ্বাস কমতে থাকায় জনগণ চোর-ডাকাত-ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই পিটুনিতে হত্যা করছে অহরহ। কারণ, পুলিশের হাতে তুলে দেওয়া মানে অপরাধীর নিশ্চিত শাস্তিবিহীন ছাড়া পাওয়া। কারণ, অপরাধী থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওপরের চাপে, ঘুষের বিনিময়ে, আইনব্যবস্থার অকার্যকারিতার গলদে বেরিয়ে যাচ্ছে। আমিনবাজারের ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা নয়। ডাকাত সন্দেহে ধৃতদের এলাকাবাসী পুলিশের হাতে তুলে না দিয়ে পিটুনিতে মারল তার বড় কারণ তো জনগণের আইন-বিচারব্যবস্থার প্রতি বিশ্বাসহীনতা। এই বিচারবহির্ভূত ধারা তো রাষ্ট্রীয় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরই পাবলিক সংস্করণ। রাষ্ট্র সমস্যায় পড়ার পর যখন মানুষ মেরে সে সমস্যার সমাধান করতে চায়, তখন তা যে অশুভ পরিণতি ডেকে আনছে; মানুষের মধ্যেও তার ব্যাপক সংক্রমণ ঘটছে। অপরাধীর মৃত্যু নয়; অপরাধীর সংশোধন এবং অপরাধের মৃত্যুর মাধ্যমে সমাজের কল্যাণ আসে। এই শিক্ষাটির চরম অভাব যেমন সমাজে, তারচেয়ে বেশি আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছে। আমিনবাজারে সমাজের ব্যক্তি কর্তৃক হত্যাকাণ্ড হলেও সংশোধনটা প্রথমে দরকার রাষ্ট্রের, এরপর সমাজের, তার পরই ব্যক্তিতে প্রতিফলিত হবে। নইলে সাধারণ মানুষের খুনোখুনি চলছে, চলবে রাষ্ট্রব্যাপী।লিটন চন্দ্র ভৌমিক, শাহরিয়ার জামান, প্রবাল মজুমদার, শর্মিষ্ঠা দাস সুবর্ণাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী।পাঠাগারব্যক্তির বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই। আশি-নব্বইয়ের দশকে সাহিত্যচর্চায় যুবসমাজকে অংশ নিতে দেখা যেত। বিভিন্ন উৎসব-পার্বণে, দিবস উপলক্ষে পাড়া-মহল্লায় লিটিল ম্যাগাজিন বের হতো। যার অধিকাংশ লেখক ছিলেন স্থানীয়রা। মেধা-মনন বিকাশে যার অবদান অনেক বেশি ছিল। উল্লেখ করার মতো বলা যায়, সারা দেশে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এভাবে বিভিন্ন পৌরসভা, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়ে যদি একটি করে পাঠাগার নির্মাণ করা যায়, তবে নতুন পাঠক সৃষ্টি হবে। স্থানীয় ক্লাব, সংগঠন, এনজিও এ ক্ষেত্রে অগ্রসর ভূমিকা রাখতে পারে। আমরা আশা করি, ভালো মানের বই পড়ার মাধ্যমে আমরা নতুন জীবন গড়তে পারব। আসুন, বই পড়ি, প্রিয়জনকে বই উপহার দিই।তামান্না আন্জুমান ছোট আচড়া, শার্শা, যশোর।মুঠোফোনমুঠোফোন ছাড়া আমাদের একমুহূর্ত চলার জো নেই। পথে-ঘাটে, হাটে-বাজারে, বাসে-ট্রেনে, অফিসে-বাড়িতে, মাঠে-প্রান্তরে যেখানে যে অবস্থায় থাকি না কেন, মুঠোফোন থাকা চাই-ই চাই। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত ও নিত্যনতুন সেবা মুঠোফোনের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে তুঙ্গে পৌঁছে দিয়েছে। আধুনিক এ যন্ত্রের স্থূল ও যথেচ্ছ ব্যবহার যে হারে বাড়ছে, তাতে শঙ্কিত হতে হয়। মুঠোফোনের অপরিমিত ও অপব্যবহার আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। ক্ষেত্রবিশেষে তা প্রাণঘাতী হয়ে উঠছে। পরীক্ষার হলে নকল, চাঁদাবাজি, অপহরণ, চুরি, ডাকাতি, ছিনতাই, যৌন হয়রানি প্রভৃতি অপকর্মে মুঠোফোনের সহায়তা নিচ্ছে দুর্নীতিবাজ-দুষ্কৃতকারী সন্ত্রাসীরা।চলন্ত গাড়িতে চালকের মুঠোফোন ব্যবহার প্রায়ই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্ম দিচ্ছে। আমাদের দেশের অধিকাংশ রাস্তাঘাট জরাজীর্ণ, খানাখন্দে ভরা। চালকদের বেশির ভাগই অশিক্ষিত। অদক্ষ চালকদের ড্রাইভিং-সংক্রান্ত জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে। তার ওপর গাড়ি পরিচালনার সময় অবিবেচকের মতো মুঠোফোনে কথা বলায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। সম্প্রতি মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ৪৪ জনের করুণ মৃত্যুর পেছনে চালকের আসনে অদক্ষ সহকারীর মুঠোফোনে কথা বলাকে প্রধান কারণ বলে শনাক্ত করা হয়েছে। হূদয়বিদারক এ দুর্ঘটনায় আমাদের টনক নড়বে কি? দেশে অপ্রাপ্তবয়স্কদের মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ এবং চলন্ত পরিবহনে চালকের মুঠোফোনে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বাস্তবে আইনগুলোর প্রয়োগ তেমন দেখা যায় না। অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা এড়াতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মুঠোফোন কোম্পানিকে আরও কঠোর ও দায়িত্বশীল হতে হবে। গাড়ির চালকের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি যাত্রী, পথচারী ও জনসাধারণকে সজাগ থাকতে হবে; হতে হবে সোচ্চার। যেন আমাদের নির্লিপ্ততা-উদাসীনতায় ও মুঠোফোন যথেচ্ছ ব্যবহারে আর কোনো দুষ্কর্ম ও দুর্ঘটনা সংঘটিত না হয়।সোহেল নওরোজশিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।