চি ঠি প ত্র
বাজেটে সুদ সমস্যাগত ২৯ জুন মহান জাতীয় সংসদে পাস হয়েছে জাতীয় বাজেট ২০১১-১২ এবং ১ জুলাই ২০১১ থেকে এটি বাস্তবায়নও শুরু হয়েছে। বাজেটের গুরুত্বপূর্ণ কয়েকটি বিশ্লেষণই হচ্ছে এই লেখার মূল উদ্দেশ্য। প্রথম বিষয়টি হলো সুদ বাবদ ব্যয়। এই খাতে ব্যয়ের বরাদ্দে উল্লেখযোগ্য বিষয় হলো ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি। ১৯৭৪-৭৫ সালে সুদ খাতে ব্যয়ের বরাদ্দ যেখানে ছিল মোট উন্নয়ন ব্যয়বরাদ্দের ৫ শতাংশ, তা এখন অনুন্নয়ন ব্যয় বরাদ্দের ২০ শতাংশের ওপরে। এটি ছিল অন্যতম একটি ব্যয়ের খাত। অর্থনৈতিক তত্ত্ব অনুযায়ী, সুদ খাতে অধিক ব্যয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই বৃদ্ধির হার অব্যাহত থাকলে হয়তো শত বর্ষ পরে বাজেটের অর্ধেকের বেশিই সুদ বাবদ ব্যয় করতে হতে পারে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ঘাটতি অর্থায়ন। বর্তমান বাজেটে ঘাটতি অর্থায়ন যদিও প্রাক্কলন করা হয়েছে জিডিপির ৫ শতাংশ, কিন্তু এটি মোট বাজেট বরাদ্দের প্রায় ২৮ শতাংশ। এই অধিক মাত্রার ঘাটতি অর্থায়ন একদিকে মুদ্রাস্ফীতি বাড়িয়ে আয়বৈষম্য বৃদ্ধি করতে পারে, অপরদিকে বাড়িয়ে দিতে পারে ঋণের বোঝা। এ প্রসঙ্গে সামষ্টিক অর্থনীতির একটি তত্ত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হলো, দেশের মোট ঋণ হচ্ছে দেশের জন্মলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রমপুঞ্জীভূত ঘাটতি অর্থায়নের সমপরিমাণ। আমাদের জাতীয় বাজেট থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রমপুঞ্জীভূত ঘাটতি অর্থায়নের পরিমাণ কত এবং সেটি কোন ধরনের ঋণের মাধ্যমে পূরণ করা হয়েছে, সে বিষয়ের তথ্য দুর্লভ। বিভিন্ন সময়ের অর্থনৈতিক সমীক্ষা এবং বিভিন্ন সূত্র থেকে দেখা যায়, স্বাধীনতার পর থেকে জুন ২০১০ পর্যন্ত দেশে মোট রাজস্ব সংগৃহীত হয়েছে ছয় লাখ ৫১ হাজার ৭৭৯ কোটি টাকা, অনুন্নয়ন খাতে ব্যয় করা হয়েছ পাঁচ লাখ ৮৩ হাজার ৩২৪ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় করা হয়েছে তিন লাখ ২৩ হাজার ৮৯৫ কোটি টাকা। এই তথ্য অনুযায়ী দেশের ক্রমপুঞ্জীভূত ঘাটতির পরিমাণ দাঁড়ায় দুই লাখ ৫৫ হাজার ৪০ কোটি টাকা। অপরদিকে একই সময়ের ঋণের পরিমাণের তথ্য থেকে দেখা যায়, বৈদেশিক উ ৎ স থেকে মোট ঋণের উদ্বৃত্তের পরিমাণ হচ্ছে এক লাখ ৪০ হাজার ৬৮৭ কোটি টাকা, অভ্যন্তরীণ উ ৎ সের ব্যাংক-ব্যবস্থা থেকে গৃহীত ঋণের উদ্বৃত্তের পরিমাণ হচ্ছে ৫৪ হাজার ৩৯২ কোটি টাকা এবং ব্যাংক-বহির্ভূত উ ৎ স সঞ্চয়পত্রের বিপরীতে ঋণের উদ্বৃত্ত ৬৫ হাজার ৩০৬ কোটি টাকা (ফেব্রুয়ারি ২০০৭ সালের স্থিতির সঙ্গে পরবর্তী তিন বছর চার মাসের গৃহীত ঋণের পরিমাণ যোগ করে নির্ণীত)। ঋণের এই বিশ্লেষণ থেকে দেখা যায়, বর্তমান সময় পর্যন্ত মোট ঋণের উদ্বৃত্তের পরিমাণ হচ্ছে দুই লাখ ৬০ হাজার ৩৮৫ কোটি টাকা। এই হিসাব অনুযায়ী দেশে যে পরিমাণ ঘাটতি অর্থায়ন, তার চেয়ে ঋণের উদ্বৃত্তের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা বেশি। সুতরাং একদিকে ক্রমপুঞ্জীভূত ঘাটতি অর্থায়ন এবং মোট ঋণের উদ্বৃত্তের মধ্যে কেন এই ব্যবধান, তা যেমন বিশ্লেষণ করা প্রয়োজন, তেমনি দেশে সাধারণ জনগণের কাছে তথ্যগুলো বাজেটের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রকাশ করা আবশ্যক। সব শেষে অতিরিক্ত ঘাটতি অর্থায়ন দেশের ঋণের পরিমাণ বৃদ্ধি করে, অতিরিক্ত ঋণ বাজেটে সুদ খাতে ব্যয় বৃদ্ধি করে, অতিরিক্ত সুদ খাতে ব্যয় ঘাটতি অর্থায়ন বৃৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে। সুতরাং বাজেটে ঘাটতি অর্থায়নের এই দুষ্টচক্র থেকে দেশকে রক্ষা করতে হলে দেশের নীতিনির্ধারকদের এখনই সজাগ হতে হবে এবং এর জন্য যে বিষয়টি সর্বাগ্রে প্রয়োজন তা হলো, অপ্রয়োজনীয় বার্ষিক উন্নয়ন প্রকল্প পরিহার করে বাজেটের মানসম্পন্ন বাস্তবায়ন নিশ্চিতকরণ। মো. শাহাদা ৎ হোসেনচার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ঢাকা।