চি ঠি প ত্র
রমজানে রিকশা চাইযানজট নিরসনের উদ্দেশ্যে ট্রাফিক পুলিশের সাম্প্রতিক কিছু পদক্ষেপের ফলে ঢাকা শহরে যানজট আরও তীব্র হয়েছে। বিশেষত, রিকশা চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে জনসাধারণকে ঘণ্টার পর ঘণ্টা অসহায়ভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ঢাকা শহরের যে লাখ লাখ মানুষ রিকশার ওপর নির্ভরশীল, তাঁদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না করেই রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।এ ক্ষেত্রে বৃদ্ধ, নারী, শিশু, অসুস্থ ব্যক্তিনির্বিশেষে সবাইকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এমনকি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও পথিমধ্যে নামিয়ে দেওয়ায় তাঁরা সময়মতো ক্লাসে বা পরীক্ষার হলে পৌঁছাতে পারছেন না। এই অবস্থায় আসন্ন রমজান মাসে রোজাদারেরা কী করবেন ভেবে এখন থেকেই দুশ্চিন্তা করছেন। রোজাদারদের কষ্ট লাঘব করার জন্য রমজান মাসে অফিসের সময়সূচি পরিবর্তন করে সংক্ষিপ্ত করা হয়। কিন্তু যানবাহনের অভাবে যদি এখনকার মতো ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, তবে বাড়ি পৌঁছে সময়মতো ইফতার করা তো দূরের কথা, তারাবির নামাজও পড়তে পারবেন কি না, সন্দেহ হয়। এদিকে, এই গরমে রোজাদারদের পক্ষে মাইলের পর মাইল হেঁটে সময়মতো গন্তব্যে পৌঁছানোও সম্ভব নয়।আমাদের প্রধানমন্ত্রী একজন ধর্মপ্রাণ মুসলমান। জনসাধারণের জন্য তাঁর সহানুভূতি ও ভালোবাসা রয়েছে। তাই রমজান মাসে রোজাদারদের কষ্ট লাঘবে রিকশা চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করার জন্য তাঁর প্রতি আবেদন জানাচ্ছি।আবু নাসের বুলুনয়াপল্টন, ঢাকা।খোলা ম্যানহোলসরকারি তিতুমীর কলেজসংলগ্ন গুলশান রোডটির ফুটপাত ধরে হাঁটে এই কলেজের অসংখ্য ছাত্রছাত্রী। শুধু সরকারি তিতুমীর কলেজ নয়, এ রোডটির ফুটপাত ধরে হাঁটে টিঅ্যান্ডটি স্কুল, টিঅ্যান্ডটি কলেজ, ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। এ ছাড়া দিনরাতে অসংখ্য পোশাককর্মী ও বিভিন্ন অফিসের লোকজন এ পথে চলাফেরা করে। অথচ এই ফুটপাতে শুধু মহাখালী আমতলী থেকে তিতুমীর কলেজগেট পর্যন্ত আট-নয়টি ম্যানহোলের ঢাকনা নেই। সেখানে যে কেউ বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। তাই অনুরোধ, ফুটপাতটির ম্যানহোলগুলোর ঢাকনা লাগানোর ব্যবস্থা করা হোক।মো. নুর আলমসরকারি তিতুমীর কলেজ।মাদকের রমরমা ব্যবসা! কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশন বিক্রি হচ্ছে। মাদকাসক্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। এ ছাড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে গাঁজা ও ফেনসিডিলের পাশাপাশি ইনজেকশনও অবাধে বিক্রি হচ্ছে। যত্রতত্র মাদকব্যবসা পরিচালিত হলেও পুলিশের মাদকবিরোধী অভিযান কটিয়াদীবাসীকে হতাশ করেছে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ ব্যাপারে উদাসীন। মাদকের নীল ছোবলে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। বাড়ছে পারিবারিক অশান্তি ও অপরাধপ্রবণতা। এ কারণে অভিভাবক মহল তাদের সন্তানসহ পরিবার-পরিজন নিয়ে চরম উদ্বিগ্নতার সঙ্গে দিন যাপন করছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অমিত বণিককটিয়াদী, কিশোরগঞ্জ।