চি ঠি প ত্র
বিপ্লব-জিন্টুর ক্ষমাবেশ কয়েক দিন থেকে সংবাদপত্রগুলোতে তাহেরপুত্র এ এইচ এম বিপ্লবকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে। ১৪ জুলাই মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ নম্বর ধারা অনুযায়ী ‘বিপ্লবকে ক্ষমা ঘোষণা’ করলে মূলত বিষয়টি পয়েন্ট অব ন্যাশন হয়ে আলোচনার টেবিলে চলে আসে। পত্রিকা মারফত জানা যায়, ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের বিএনপির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম অপহূত হন। অপহরণের রাতেই লক্ষ্মীপুর জিলা স্কুলে খুন করা হয় নুরুল ইসলামকে। তাঁর লাশ টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে ভাসিয়ে দেওয়া হয় মেঘনা নদীতে। সেই নুরুল ইসলাম হত্যার প্রধান আসামি বিপ্লবকে ২০০৩ সালের ৯ ডিসেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে চট্টগ্রাম আদালতের জজ এম হাসান ইমাম তাঁর ফাঁসির দণ্ডাদেশ দেন। পলাতক ফাঁসির আসামি বিপ্লব ১০ বছর পর গত ৬ এপ্রিল আত্মসমর্পণ করলে মাত্র তিন মাস না পেরোতেই রাষ্ট্রপতি তাঁর এই ক্ষমার আদেশ ঘোষণা করেন। লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা আবু তাহের ও তাঁর পুত্র বিপ্লব গড়ে তুলেছিলেন এক সন্ত্রাসের রাজত্ব। নুরুল ইসলাম হত্যাকাণ্ডের পর স্বভাবতই চাপা উত্তেজনা বিরাজ করছিল লক্ষ্মীপুরবাসীর মধ্যে। তৎকালীন পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরে গেলে লোকজন আশায় বুক বাঁধে—এবার বুঝি তাহেরের কিছু হবে, মন্ত্রী শাসিয়ে যাবেন। কিন্তু উল্টো গীত রাজ্জাক সাহেবকেই শুনতে হলো। তাহের প্রকাশ্যে সাংবাদিকদের হাত-পা কেটে দেওয়ার ঘোষণা করলেন। জনগণ স্তব্ধ হয়ে সেই ভয়ংকর ঘোষণা শুনেছিলেন। ২৭ জুলাই আবু তাহের আবারও সাংবাদিকদের কটাক্ষ করে বলেছেন, ‘সাংবাদিকেরা মাইনষের জাত না, কয় একটা আর লেয় আরেকটা’।একই ধরনের ঘটনা ঘটেছিল গত বিএনপি-জামায়াত শাসনামলে। ২৩ বছর পালিয়ে থাকা ফাঁসির আসামি মহিউদ্দিন আহমেদ জিন্টুর মৃত্যুদণ্ড ক্ষমা করে দিয়েছিলেন রাষ্ট্রপতি (১৩ জানুয়ারি, ২০০৫) ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ যুক্তি দেখিয়েছিলেন এরশাদ সরকারের ‘ক্যাঙারু কোর্টের’। তাঁর বক্তব্য ছিল সামরিক আদালতে ঠিক বিচার হয় না। অথচ তিনিই সামরিক শাসক জিয়াউর রহমানের সময় সংসদের অন্যতম নেতা এবং জান্তা এরশাদ সরকারের আমলে উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালে ব্যাংককে পালিয়ে যাওয়া জিন্টু বিএনপির নেতা আবদুস সালাম তালুকদারের পরামর্শে সুইডেনে পালিয়ে যান। পরে সুইডেন বিএনপি গঠনের দায়িত্ব দেওয়া হয় এই পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ওপর। ২০০৩ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুইডেন সফরকালে সুইডেন বিএনপির বিশেষ দায়িত্ব পালন করেছিলেন জিন্টু। রাষ্ট্রপতির ক্ষমা মানবিক বোধের সঙ্গে সম্পৃক্ত। তবে সে ক্ষমা যদি সন্ত্রাসের পৃষ্ঠ-পালনে হয়, তাহলে দেশে মানবিকতার চরম বিপর্যয় ডেকে আনবে। রাষ্ট্রপতির ক্ষমাকে রাজনৈতিকীকরণ করলে সাধারণ মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় বলা কঠিন। সন্ত্রাসীরা সবার শান্তির জন্য বিভীষিকা। সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ—সেই সন্ত্রাসীদের যদি রাষ্ট্রীয় বা দলীয় মদদে প্রতিপালন করা হয়, তাহলে আইনের শাসন বলে কিছু থাকবে না। এ ধরনের ক্ষমার আদেশ সন্ত্রাসীদের যেমন বেপরোয়া করে তুলবে, তেমনি রাজনৈতিক-সন্ত্রাসের মাত্রাকে বাড়িয়ে দেবে।লুৎফর রহমানবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।