চি ঠি প ত্র
ভোগ্যপণ্য না বিষশেষ পর্যন্ত বাকি ছিল ডিমে ভেজাল মেশানোর। রঙে রাঙিয়ে ক্রেতাকে বোকা বানানো হচ্ছে। বিক্রেতার প্রতারণার অভিনব কৌশলে ক্রেতা কিনছেন অপেক্ষাকৃত দামি দেশি ডিম। আসলে তা হচ্ছে ফার্ম বা পাকিস্তানি ডিম। জানলে এই ডিম খেতে কন্যার অনীহা জন্মাবে ভেবে স্ত্রীর কথামতো ‘ঢাকায় থাকি’র পৃষ্ঠা লুকিয়ে রেখেছি সেদিন।আমার মতো দৈনিক বাজারে যাওয়া নিম্ন-মধ্যবিত্তের সদস্যরা বেশ অসহায়। ক্রমবর্ধমান বাজারে অতিরিক্ত মূল্য দিয়েও নির্ভেজাল জিনিস পাওয়া আজকাল দুষ্প্রাপ্যই বলা যায়। ছোটবেলায় শুনতাম, দুধে জল মেশানো হয়। চাকচিক্য ও চাহিদাহীন সমাজের পণ্যবাজারে তখন ভেজাল বলতে ছিল ওটুকুই।সমাজের জৌলুস ও চাকচিক্য বেড়েছে। আকাশছোঁয়া চাহিদার ক্রমবর্ধমান বর্তমান শিক্ষিত সমাজে শুধু খাদ্যপণ্য নয়, সবকিছুতেই ভেজাল, জালিয়াতি ও প্রতারণার যত অভিনব কৌশল! ফরমালিনের গন্ধে এখন মাছের বাজারে মাছি দেখা যায় না। সবজি টাটকা রাখার জন্য একধরনের রাসায়নিক ওষুধ ব্যবহূত হচ্ছে। ফলের বাজারে কেমিক্যালের ঝাঁজে কেনা ফল বাড়িতে বেশি সময় সংরক্ষণ করা যায় না। বর্তমানের দুষ্প্রাপ্য পণ্য চিনিতে ইউরিয়া সার মেশানো হয়। ওজন বাড়ানোর জন্য আখের গুড়ে আজকাল আটা ও বালু যোগ করা হচ্ছে। সারমিশ্রিত ভাজা মুড়ি তো আর খবর নয়। সাধারণ চালে কাঁকর, ছোট ছোট পাথর ও ইটের টুকরো মেশানো তো থাকেই। মিনিকেট ও জিরানাজির চালের চাকচিক্য বাড়াতে সাদা রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। প্যাকেটজাত হলুদ ও মরিচে মেশানো হয় আটার গুঁড়া।দামের ক্ষেত্রেও প্রতারণা আর জালিয়াতির খেলা। ব্র্যান্ড আইটেমের ক্ষেত্রেও মূল্য-পার্থক্যের অবস্থা বিদ্যমান। সর্বোচ্চ খুচরা মূল্য ও উৎপাদন এবং মেয়াদের তারিখ মুনাফালোভীর কাছে অর্থহীন।খাদ্যে ভেজাল, পণ্যে ভেজাল, সেবায় ভেজাল, শিক্ষায় ভেজাল, চিকিৎসায় ভেজাল সর্বোপরি রাজনীতিতেও ভেজাল। বাকি রইল কী? বর্তমান সরকারের আমলে জাতীয় ভোক্তা স্বার্থ সংরক্ষণ বিভাগ খোলা হয়েছে, যদিও এর পরিধি এখন ছোট। মূল্য নিয়ন্ত্রণ যখন সম্ভব হচ্ছে না, তখন ক্রেতাদের স্বাস্থ্যরক্ষা এবং প্রতারণার হাত থেকে তো মুক্ত করা যায়। যেখানে দেড় লাখ কোটি টাকার জাতীয় বাজেটে ভোক্তার খাদ্যনিরাপত্তায় বিষয়টিকে কি বেশি গুরুত্ব দেওয়া যায় না? মহামারির মতো ছড়িয়ে পড়া বেশি মুনাফালোভী ব্যবসায়ীর নিত্য-আহারপণ্যের সঙ্গে বিষ প্রয়োগ এবং তাদের জালিয়াতি ও প্রতারণা রোধের দায়িত্ব তো সরকারেরই। তারা অপারগ হলে কি আমরা জেনেশুনেই বিষপান করে যাব?প্রণব মজুমদারঢাকা।