চি ঠি প ত্র
আমরা শোকে কাতরএটি বোধ হয় আমাদের বড় দুর্ভাগ্য, যেসব মানুষ এ দেশের জন্য কাজ করে যান নিরন্তর, তাঁরাই চলে যান এভাবে! আমরা জানি, তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যু আমাদের জন্য হয়ে গেল এক অপূরণীয় ক্ষতি। কিন্তু আমরা জানি না, ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার নামে এভাবে আমাদের আর কত অমূল্য প্রাণের অবসান মেনে নিতে হবে। একেই বলে চরম দুর্ভাগ্য!শুধু এবারই প্রথম নয়। নিকট অতীতে একই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা দুই মেধাবী সচিবসহ আরও অনেকে। এ ছাড়া প্রতিনিয়ত দেশের নানা স্থানে অনেক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে চলেছে বহু মানুষ। অনেকেই পঙ্গুত্ববরণ করছেন দুর্ভাগ্যজনকভাবে। চট্টগ্রামের মিরসরাইয়ের ঘটনা তো ভুলে যাইনি আমরা। বড় বড় প্রতিটি সড়ক দুর্ঘটনার পর সরকারিভাবে তদন্ত কমিটি গঠিত হয়, হয় তদন্ত। কিন্তু তাই বলে কি থেমে গেছে দুর্ঘটনা? নাকি নেওয়া হচ্ছে দুর্ঘটনা রোধে কার্যকর প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা? কিংবা সড়কগুলো করা হচ্ছে নিরাপদ? না, কোনোটাই হচ্ছে না যথাযথভাবে; বরং দুর্ঘটনার পর কয়েক দিন ঘটে তোলপাড়। তারপর সব তথৈবচ!এবার প্রাণ গেল আদম সুরত, মুক্তির গান, মাটির ময়না, রানওয়ে চলচ্চিত্রখ্যাত বিকল্পধারার নির্মাতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বিবিসি ও ডিসকভারি খ্যাত সৃজনশীল চিত্রগ্রাহক, এটিএন নিউজের প্রধান নির্বাহী (সিইও) ও প্রধান সম্পাদক আশফাক মিশুক মুনীরের। একই সঙ্গে প্রাণ গেল আরও তিনজনের। আহত হয়েছেন তারেক মাসুদের স্ত্রী, যিনি আরেক দক্ষ চলচ্চিত্রনির্মাতা ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল মামুন ও তাঁর স্ত্রী দিলারা বেগম জলি।জাতির মেধাবী সন্তানদের এভাবে মৃত্যুতে দেশের সবাই আজ গভীর শোকে মুহ্যমান, ভেতরে ভেতরে বিমর্ষ প্রচণ্ডভাবে। ভাবতে খুব অবাক লাগে, আমাদের এত প্রাণ যায়, এত ক্ষয়ক্ষতি হয়, তার পরও আমাদের যেন হুঁশ হয় না কারোরই। আজ বারবার মনে হয়, সারা দেশের সড়ক-মহাসড়কের প্রতিটি পরতে পরতে আমাদের মৃত্যুর যে ভয়াল ফাঁদ পাতা আছে, আমরা কি সেই ফাঁদ থেকে মুক্তি পাব না কোনো দিন? এত দুর্ঘটনার পরও কি চালকেরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়েই যাবেন? অদক্ষ চালকের গাড়ি চালানো আর লক্কড়ঝক্কড় মার্কা গাড়ির চলাচল কি বন্ধ হবে না কোনো দিন?মো. মুজিবুর রহমানসহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা।