চি ঠি প ত্র
ভাসানটেক প্রকল্পনেদারল্যান্ডে হাউজিং নিয়ে পড়াশোনা করতে এসে, মাস্টার্সের থিসিস হিসেবে এমন একটা বিষয় বেছে নিতে চেয়েছিলাম, যার ফলাফল যেন সরাসরি বাংলাদেশের কাজে আসতে পারে, এমনকি খুব নিকট ভবিষ্যতেই। তাই ‘ভাসানটেক পুনর্বাসন প্রকল্প’কেই বেছে নিয়েছি, যা অনেক জটিলতায় এখনো সাফল্যের মুখ দেখেনি। মূলত এই প্রকল্প এলাকা থেকে যেসব বস্তিবাসী উচ্ছেদ হয়েছে, তাদের নিয়েই কাজ করছি। এরই পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে মাঠকর্মের জন্য বাংলাদেশে আসি এবং পুরো মাসটাই তথ্যানুসন্ধানের জন্য প্রকল্প ও প্রকল্পের আশপাশের বস্তিগুলোয় কাটিয়েছি।প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, এ প্রকল্পে দুই রকমের ফ্ল্যাট রাখা হয়েছে, ‘এ’ টাইপ বস্তিবাসীদের জন্য এবং ‘বি’ টাইপ নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য। ‘এ’ টাইপের ফ্ল্যাটগুলো ছিন্নমূল বস্তিবাসীরা পাবে, তবে তাদের মধ্যে যেসব বস্তিবাসী উচ্ছেদ হয়েছিল ২০০৩ সালে সরাসরি প্রকল্পের এলাকা থেকে, তারা অগ্রাধিকার পাওয়ার কথা। কিন্তু বিগত সময়ে নানা সমস্যা আর জটিলতায় এর কিছুই বাস্তবায়িত হয়নি।যেহেতু ২০০৩ সালে যেসব বস্তিবাসী প্রকল্প এলাকা থেকে উচ্ছেদ হয়েছে, তাদের কোনো তালিকা সে সময় সরকারিভাবে করা হয়নি এবং তাদের অন্য কোথাও সরকারিভাবে সরিয়ে নেওয়া হয়নি, তাই তাদের পুনর্বাসনের জন্য চিহ্নিত করা কঠিন। তবে ওই সময়ে ওই সব বস্তিতে বেশ কিছু এনজিও সক্রিয় ছিল, আর বস্তিবাসীরাও তুলনামূলকভাবে সচেতন ছিল। এর পরিপ্রেক্ষিতে তারা নিজস্ব উদ্যোগে বেশ কিছু আলাদা তালিকা তৈরি করে রাখে।প্রথমে মনে হয়েছিল, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া এসব উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের খুঁজে পাওয়া কঠিন হবে। কিন্তু প্রকৃতপক্ষে, প্রকল্প এলাকার আশপাশেই বেশ কিছু বস্তি, ভাসানটেক বস্তি, ধামালকোট বস্তি, ৩ নম্বর বস্তি প্রভৃতি থাকায় ওই সব উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের অনেকেই ‘স্ব-পুনর্বাসিত’ হয়েছে এসব বস্তিতে।নেদারল্যান্ডে ফিরে যাওয়ার আগে ভূমি মন্ত্রণালয়ে গিয়ে ভাসানটেক পুনর্বাসন প্রকল্পের প্রকল্প পরিচালকের সঙ্গে দেখা করে জানতে পারি, নতুন অবরাদ্দকৃত ‘এ’ টাইপের প্রায় ৬০০টি ফ্ল্যাটের জন্য বস্তিবাসীদের কাছ থেকে আবার দরখাস্ত আহ্বান করা হয়েছে এবং প্রথমেই প্রকল্প এলাকা থেকে উচ্ছেদ করা বস্তিবাসীদের বরাদ্দ দেওয়া হবে। এ ব্যাপারে সরকারের বেশ সদিচ্ছা রয়েছে, যেন এবারও আগের ঘটনার পুনরাবৃত্তি না হয়। সত্যি সত্যি এবার উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা অগ্রাধিকার পাবে তো? আন্তর্জাতিক আইনের পরিপন্থী হয়ে পুনর্বাসন ছাড়াই যেসব বস্তিবাসী উচ্ছেদ হয়েছে, তারা এত দিন পর হলেও কিছুটা অনুগ্রহ পাবে তো?আমার এই ভয়ের কারণ হলো, আবারও সচ্ছল আর রাজনৈতিকভাবে সক্রিয় বিভিন্ন বস্তিবাসী গ্রুপ (যারা উচ্ছেদকৃত নয়) নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে নিজেদের তালিকা নিয়ে। বস্তিবাসী হিসেবে অবশ্যই তারা প্রকল্পের আওতাভুক্ত, কিন্তু এর মধ্যে উচ্ছেদ হওয়া ব্যক্তিরা দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। এখানকার বস্তিগুলোর প্রকৃত অবস্থা নিয়ে সরকারি কোনো অনুসন্ধান নেই, এমনকি প্রকৃত উচ্ছেদকারীদের কীভাবে শনাক্ত করা হবে, তা নিয়ে ধারণা পাওয়া যাচ্ছে না। সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই, যেন ‘বস্তিবাসী’ শনাক্ত করার সময় ‘উচ্ছেদকৃত’ শব্দটি যথার্থভাবে মূল্যায়ন পায়।তামান্না কবিরস্থপতি, নেদারল্যান্ড।