চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমাদের এ ঋণধন্যবাদ, সুন্দর একটি ধারাবাহিক লেখার জন্য, মুক্তিযুদ্ধের এই বীর সন্তানদের বীরত্বপূর্ণ কাহিনি তুলে ধরার জন্য। এসব বীরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগ, দেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের ময়দানে অসামান্য সাহসিকতা প্রদর্শন মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা খুবই প্রয়োজন। আপনার এই ধারাবাহিক লেখা আজকের তরুণদের যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে, তেমনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভে সাহায্য করছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে।মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র লড়াইয়ে অংশগ্রহণকারী বীরদের সঙ্গে সাধারণ মানুষ বিশাল অবদান রেখেছে। সারা দেশে লাখ লাখ সাধারণ মানুষ বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার শিকার হয়েছে। সারা দেশে কতটি গণহত্যার ঘটনা ঘটেছে এবং গণকবরের সংখ্যা কত? আমরা কি জানি? এ প্রসঙ্গে স্বনামধন্য গবেষক ড. সুকুমার বিশ্বাসের একাত্তরের বধ্যভূমি ও গণকবর (অনুপম প্রকাশনী) বইটি একটি ধারণা দেয় মাত্র। সারা দেশে সব বধ্যভূমির তথ্য এই বইয়ে নেই। সেটা মনে হয় তাঁর পক্ষে সারা দেশ ঘুরে এত তথ্য সংগ্রহ করা সম্ভব ছিল না। তবু এই বই পড়লে গণহত্যার একটি চিত্র পাওয়া যায়। আমার নিজ জেলা কুড়িগ্রামে যতগুলো গণহত্যার ঘটনা ঘটেছে, তা এই বইয়ে লিপিবদ্ধ হয়নি। হয়তো সম্ভব ছিল না। আমার নিজ উপজেলা সদরে একটিমাত্র বধ্যভূমি ও গণকবর সংরক্ষিত। গ্রামের বধ্যভূমি ও গণকবরগুলো উপেক্ষিত। কয়েকটি বধ্যকূপ আছে। এগুলো পরিত্যক্ত অবস্থায় একাত্তর সাল থেকে অদ্যাবধি পড়ে আছে। সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। নতুন প্রজন্মের মানুষ এসব গণহত্যার কাহিনি জানে না অথবা খুব কম জানে। প্রথম আলো ব্যাপক আকারে সারা দেশের সংবাদদাতা/প্রতিনিধি অথবা তথ্য সংগ্রহকারী নিয়োগ করে এসব গণহত্যার কাহিনি, শহীদদের তালিকা সংগ্রহ করে ধারাবাহিকভাবে প্রকাশ করতে পারে, যা পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি মনে করি। মহান মুক্তিযুদ্ধের তথ্য-উপাত্ত সংগ্রহ করার ক্ষেত্রে এটি একটি বড় কাজ হবে, যা গবেষকেরা কাজে লাগাতে পারবেন। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনার জন্য যেমন একটি বড় তথ্যভান্ডার হবে, তেমনি নতুন প্রজন্ম এসব গণহত্যার কাহিনি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।মনোয়ার হোসেন সিদ্দিকীসভাপতি, শেকড় (মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যোগ) নাগেশ্বরী, কুড়িগ্রাম।ফিরে আসব তো?আমি নিতান্তই ছা-পোষা একজন, গত তিন বছর সকাল-বিকেল চাকরি করি। ঢাকায় থাকি। প্রতি মাসে বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল দিই। কখনোই বকেয়া করিনি। ক্রয়সক্ষম যেকোনো দ্রব্যই সরকারি কর দিয়েই কিনে আসছি। প্রতিদিন দীর্ঘ লাইনে অপেক্ষা করে বাসে চড়ে অফিসে যাই, ফিরে আসি এবং দীর্ঘ সময়ের যানজট তো আছেই! এসব নিয়ে কখনোই কোনো উচ্চবাচ্য করিনি; মেনে নিয়েছি।জেনেছি, বুঝেছি যে আমাদের দেশটা দরিদ্র, অনেক জনসংখ্যা; ফলে লোডশেডিং থেকে শুরু করে যানজট—সবই এক অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবনে। আমি দীর্ঘ দশ মাস দেশে যাই না। দেশে আমার অসুস্থ বাবা-মা। তাঁদের সঙ্গে একটি বেলা কাটানোর তীব্র ইচ্ছায় আচ্ছন্ন আমি। রোজার মাস শুরু হওয়ার আগে থেকেই আমার দিন গোনা শুরু হয়েছিল ঈদের ছুটিতে বাড়ি যাব বলে। কিন্তু আসন্ন ছুটিতে সব আবেগ একদিকে রেখে ভাবতে হচ্ছে, সত্যিই বাড়ি যাওয়া উচিত কি না!আমাকে যমুনা পার হতে হবে, বনপাড়ার দীর্ঘ রাস্তাটি পার হতে হবে। কিন্তু রাস্তাগুলো নিরাপদ নয়। একটি বাস সার্ভিসের দৈনিক আটটি গাড়ি যেত আমাদের এলাকায়, এখন মাত্র দুটি চলে এবং সেই চলাও যেকোনো মুহূর্তে থেমে যেতে পারে। মা মোবাইল ফোনে কাঁদছেন। তিনি চাইছেন, আমি যেন যাই এবং একসঙ্গে ঈদ করি। জীবনের চেয়ে পারিবারিক ঈদ নিশ্চয় গৌণ!বিপদে পড়লে মানুষ তার অভিভাবকের কাছেই সাহায্য চায়। আমাদের অভিভাবক আমাদের সরকারের প্রধানমন্ত্রী। আমি তাঁর কাছে আবেদন জানাই, দুর্ঘটনাহীনভাবে আমাদের বাড়ি যাওয়ার এবং কর্মস্থলে আবার ফিরে আসার নিশ্চয়তা দিন এবং এর জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিন। যে দেশের প্রতি রয়েছে আমাদের অসীম উদার ভালোবাসা, যার সুখে সুখী, দুঃখে হয়েছি দুঃখী, সেই দেশটির প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। আমাদের মায়েরা কাঁদছেন, বাবারা পাথর মুখে টেলিভিশনের সামনে, পত্রিকার সামনে যোগাযোগব্যবস্থার খবর নিচ্ছেন। আমরা নিরাপদে যেতে চাই ঘরে, নিরাপদে ফিরে আসতে চাই কর্মস্থলে।আহমেদ খান, ঢাকা।থ্রিজি নীতিমালাসাড়ে সাত কোটি মোবাইল ব্যবহারকারীর দেশে দেরিতে হলেও নতুন থ্রিজি নীতিমালা চূড়ান্ত করায় সরকারকে অভিনন্দন। তবে সরকারের মালিকানাধীন টেলিটকের মাধ্যমে এ সেবা জনগণ অবধি পৌঁছে দিতে হলে এর মান ও মূল্য নির্ধারণে অবশ্যই সাধারণ মানুষের কথা বিবেচনায় আনতে হবে। কারণ, এর আগে টেলিটক তার সেবা কিংবা চার্জ কোনোটাতেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। গ্রাহকসংখ্যার ভিত্তিতে কোম্পানিগুলোর ইউটিলাইজেশন ফ্যাক্টর ফি (ইউটিএফ) বাতিল করা সমর্থন করি। কারণ প্রকৃত গ্রাহকসংখ্যার হিসাব কোম্পানিগুলো আদৌ কি জানাবে? তবে স্পেকট্রাম ট্যারিফ ইউনিট নির্ধারণ করা উচিত ছিল কোন কোম্পানি কত দিন ধরে ব্যবসা করছে, তার ওপর ভিত্তি করে। থ্রিজি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোম্পানির কারিগরি উপযুক্ততা পরীক্ষা করা প্রয়োজন ছিল। এ ছাড়া এর ট্যারিফ নির্ধারণে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতাও মাথায় রাখতে হবে। ইন্টারনেট ব্যবহারকারীর ৮৬ শতাংশই যখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে, তখন থ্রিজি ইস্যুতে সরকার ও কোম্পানিগুলোর আরও বেশি সংবেদনশীল হওয়াই সমীচীন। রাজীব দে সরকারশেষ বর্ষ, ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর।রোগীবান্ধব চিকিৎসাপ্রতিবছর দেশ থেকে বহু কষ্টে অর্জিত বৈদেশিক মুদ্রার উল্লেখযোগ্য অংশ বিদেশে চলে যায় বিদেশে চিকিৎসাসেবা গ্রহণের জন্য। অথচ পার্শ্ববর্তী দেশ এই খাত ও চিকিৎসা-পর্যটন থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে চলেছে। এই সেবা গ্রহণের জন্য বিদেশে যাওয়ার কারণ যতটা না চিকিৎসার মান, তার চেয়ে বেশি হলো আমাদের দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থাহীনতা বা ব্যবস্থাপনাগত ত্রুটি।কোনো একটি চিকিৎসাপ্রতিষ্ঠানে একজন রোগী ও তার আত্মীয়স্বজন চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই ওই প্রতিষ্ঠানের ব্যবহারে সন্তুষ্ট হতে পারে না। অথচ ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর বা ভারতের প্রতিষ্ঠানগুলোতে রোগীবান্ধব ব্যবস্থাপনার কারণে একজন রোগীর মনে হতে থাকে যে এখানে আমি যে অর্থ ব্যয় করছি, তার থেকে বেশিই পাচ্ছি। এই আস্থার কারণে তার মনে হতে থাকে যে এখানকার চিকিৎসাও খুব উন্নত। আমাদের দেশে যাঁরা চিকিৎসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাঁরা এসব বিষয়ের সঙ্গে যত দ্রুত পরিচিত হবেন এবং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করবেন, আমাদের সবারই তত মঙ্গল। আশা করি, চিকিৎসাসেবার সঙ্গে জড়িত সবাই চিকিৎসালয়ে রোগীবান্ধব ব্যবস্থাপনা গড়ে তুলতে সচেষ্ট হবেন।মো. ইফতেখার রহমাননওগাঁ।